সাধারণ সম্পাদক পদেও নিয়াজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোনয়নপত্র জমা দিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের বারান্দায় একসঙ্গে বের হয়ে এলেন পাঁচ গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, রিফাত বিন সাত্তার, আবদুল্লাহ আল রাকিব ও এনামুল হোসেন (রাজীব)। তবে ক্ষণে ক্ষণে রং বদলানো নির্বাচনী সমীকরণে পছন্দের পরিষদের মনোনয়নপত্র জমা দিয়েও দাবাড়ুদের মধ্যে দেখা গেল এক ধরনের অস্থিরতা। সাধারণ সম্পাদক পদ নিয়ে যে অনিশ্চয়তা কাটেনি এখনো। কাল মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫৪ জন প্রার্থী। এর মধ্যে নিয়াজ মোরশেদ সমর্থিত পরিষদে ২৪ জন, ফোরামের খেলোয়াড়-সংগঠক ঐক্য পরিষদের প্রার্থীও ২৪ জন। বাকি ছয়জন স্বতন্ত্র।দাবাড়ুদের সমর্থিত পরিষদের সহসভাপতি পদে প্রার্থী হয়েছেন নিয়াজ মোরশেদ, মির্জা এনামুল হোসেন ও প্রকৌশলী সোয়েব উদ্দিন। যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ও আরিফুর রহমান। কোষাধ্যক্ষ রণদেব দাস। আর ফোরাম সমর্থিত পরিষদে সহসভাপতি কে এম শহীদুল্লাহ, মোকাদ্দেস হোসাইন, শাহাবুদ্দিন শামীম ও জাহাঙ্গীর ইসলাম। সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক।দাবাড়ুদের সমর্থিত পরিষদে খন্দকার কায়েস হাসান সাধারণ সম্পাদক হিসেবে মনোনয়ন পেয়েছেন। কিন্তু কায়েস হাসান নিজের প্রার্থিতা নিয়ে দোটানায় ভুগছেন। তাঁর কথার মধ্যে ‘দুই কূল রক্ষা করার’ একটা আভাস পাওয়া যাচ্ছে, ‘আমরা পাঁচ গ্র্যান্ডমাস্টার মিলে একটা প্যানেল দিয়েছি। কিন্তু ফোরাম আলাদা প্যানেল দেবে কি না, সেটা নিয়ে এখনো আমাদের সঙ্গে আলোচনা চলছে। আমি এখনো সিদ্ধান্ত নিতে পারছি না, কী করব। নামী খেলোয়াড় ছাড়া প্যানেল দেওয়ায় ফোরামের ওপর একটা চাপ আসছে বলে শুনছি। তাই বিতর্কিত ব্যক্তিদের বাদ দিয়ে ফোরাম প্যানেল দিলে ওদের সঙ্গে চলেও যেতে পারি।’শেষ মুহূর্তে কায়েস হাসান ফোরামে গিয়ে ভিড়লে নিয়াজ মোরশেদই হতে পারেন সত্যিকারের দাবাপ্রেমীদের পছন্দের সাধারণ সম্পাদক প্রার্থী। এ জন্যই কাল সাধারণ সম্পাদক পদেও মনোনয়নপত্র জমা দিয়ে রেখেছেন এই উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার। নিয়াজ বললেন, ‘আমরা এই প্যানেল নিয়ে খুবই আশাবাদী। ফোরাম যেভাবে বাইরের লোকজন এনে ফেডারেশন ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, সেটার বিরুদ্ধেই আমরা প্যানেল সাজিয়েছি।’ আরেক গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তারে কথা, ‘আমরা কোনো পক্ষ নিয়ে কথা বলিনি। আমরা দাবার স্বার্থে কথা বলেছি। আগের কমিটিতে ছিল তারা অদক্ষ। সবাই এখন একই কথাই বলছে। নির্বাচনের আগেও এটাই বলেছি এবং এখন যেটা বলছি সেটাও দাবার স্বার্থেই বলছি। আমাদের একটাই পক্ষ—দাবা।’