সাধারণ সম্পাদকের পকেটে ফিনার টাকা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুলাইতে বার্সেলোনায় বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বিশ্ব সাঁতার সংস্থা ফিনা থেকে ছয় হাজার ৫০০ ইউরো (প্রায় ছয় লাখ ৭০ হাজার টাকা) পেয়েছে সাঁতার ফেডারেশন। কিন্তু দেশে ফেরার প্রায় এক মাস পেরিয়ে গেলেও এই অর্থ ফেডারেশনের তহবিলে জমা দেননি সাধারণ সম্পাদক রফিজ উদ্দিন ও যুগ্ম সম্পাদক মোল্লা বদরুল সাইফ।
বার্সেলোনায় যাওয়ার খরচ বাবদ দুই কর্মকর্তা ও তিন সাঁতারু—মাহফিজুর রহমান (সাগর), মাহফুজা আক্তার ও অনিক ইসলামকে দেওয়া হয়েছিল সাড়ে নয় লাখ টাকা। দেশ ছাড়ার আগে সভাপতির অনুমোদন সাপেক্ষে এই টাকা তহবিল থেকে তোলা হয়। নিয়ম অনুযায়ী, টুর্নামেন্ট শেষে ঢাকায় ফিরেই খরচ বাবদ নেওয়া এই টাকার বদলে ফিনা থেকে পাওয়া অর্থ জমা দিতে হবে ফেডারেশনে। কিন্তু সাধারণ সম্পাদক সেটা জমা না দেওয়ায় সাঁতার অঙ্গনে চলছে তোলপাড়। তবে রফিজ উদ্দিন বলেছেন, ‘আমার ম্যানেজার এম বি সাইফ এখন গোপালগঞ্জে নির্বাচন নিয়ে একটু ব্যস্ত। সে ঢাকায় এলে ম্যানেজারের রিপোর্টের সঙ্গে আমরা ফিনার দেওয়া টাকাও জমা দিয়ে দেব।’
প্রশ্ন উঠেছে বার্সেলোনায় যাওয়া সাঁতারুদের বাছাই প্রক্রিয়া নিয়েও। প্রায় আট মাস পেরিয়ে গেলেও বাছাই কমিটি দূরে থাক, কোনো সাব কমিটিই গঠন করা হয়নি ফেডারেশনে। কোনো বাছাই প্রক্রিয়া ছাড়া তো বটেই, নির্বাহী কমিটির অনুমোদন ছাড়াই বার্সেলোনায় নিয়ে যাওয়া হয়েছে সাঁতারুদের। বিষয়টি স্বীকার করে রফিজ উদ্দিন বললেন, ‘সাঁতারুদের বাছাই করার জন্য কোনো নির্বাচক কমিটি গঠন করা হয়নি, এটা সত্যি। তবে সভাপতির পরামর্শ নিয়ে এবং আগের রেকর্ড দেখেই সাঁতারুদের বার্সেলোনায় পাঠানো হয়েছে।’
গত জানুয়ারিতে বর্তমান কমিটি দায়িত্ব নেওয়ার পর থেকেই স্থবির সাঁতারের কার্যক্রম। কোনো প্রতিযোগিতারই আয়োজন করা হয়নি। আগস্টে জুনিয়র সাঁতার হওয়ার কথা থাকলেও সেটি শুরুর উদ্যোগ নেই। রফিজ উদ্দিন অবশ্য বললেন, ‘সেপ্টেম্বরের শেষ সপ্তাহে জুনিয়র আয়োজন করতে পারি।’