সাধু সাবধান!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাম তাঁর পিটার ফন ডার মারউই। তাঁকে বলা যেতে পারে ‘ডোপ-পণ্ডিত’। ডোপিংয়ের নাড়িনক্ষত্র ভদ্রলোক হজম করে বসে আছেন। এবার বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ৭৩৬ জন ফুটবলারের কেউই যেন কোনো দু নম্বরি রাস্তায় হাঁটতে না পারেন, সেটাই তীক্ষ নজরে রাখা মারউইর দায়িত্ব। দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনের ইউনিভার্সিটি অব দ্য ফ্রি স্টেটের ডোপিং কন্ট্রোল ল্যাবরেটরির প্রধান তিনি। খেলোয়াড়দের ডোপ টেস্টের ভার পড়ে এঁদের ওপরই। এই ল্যাবটিই ফিফার অফিসিয়াল ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি।টেস্টের জন্য এরই মধ্যে প্রায় ১৬ লাখ ডলার খরচ করে বিভিন্ন যন্ত্রপাতিও কেনা শেষ। সেই যন্ত্রপাতিগুলো দিয়ে জোর গবেষণা শুরু করেছেন মারউই ও তাঁর দল। আর ফিফা জোগান দিচ্ছে গবেষণার কাঁচামাল! মানে, বিশ্বকাপে অংশ নেওয়া ৩২টি দেশের ফুটবলারদের মূত্রনমুনা। প্রতিদিনই কুরিয়ারের মাধ্যমে বাক্স আসছে মারউইয়ের নামে। না, চিঠি নয়; তিনি পাচ্ছেন মূত্রনমুনা বয়ে আনা শিশি-বোতল! মারউইও ফলাফল জানিয়ে দিচ্ছেন দ্রুত, মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই।প্রতিটি দলের বিশ্বকাপ প্রশিক্ষণ নেওয়ার সময় থেকেই এই টেস্ট শুরু হয়েছে। এবং খেলা শুরু হলে প্রতিটি ম্যাচ শেষেই পরীক্ষার টেবিলে বসতে হবে খেলোয়াড়দের। হয়তো খুব একটা ভালো লাগে না খেলোয়াড়দের। লাগার কথাও নয়। কিন্তু এই হ্যাপা সহ্য করে যেতে হবে ১১ জুলাই ফাইনাল পর্যন্ত। অবশ্য এর আগে দল বিদায় নিলে তো মুক্তিই।গবেষণাগারের যন্ত্রপাতিগুলোর মধ্যে আছে ছয়টি গ্যাস ক্রোমাটোগ্রাফ ম্যাস স্পেকটোমিটার। যেগুলো ৩০০ ডিগ্রি সেলসিয়াস তাপে নমুনা থেকে বিভিন্ন উপাদান আলাদা করে ফেলে। এ ছাড়া তিনটি লিকুইড ক্রোমাটোগ্রাফ ম্যাস স্পেকটোমিটার আছে সেখানে, যা দিয়ে তাপ-সংবেদনশীল উপাদানগুলোকে কক্ষ-তাপমাত্রায় পরীক্ষা করা হয়, যাতে সেগুলো কোনোভাবেই নষ্ট না হয়। উপাদানগুলোকে পরে হালকা তাপে উত্তপ্ত করে ঘূর্ণনযন্ত্রে পাঠানো হয়। এরপর উচ্চক্ষমতাসম্পন্ন যন্ত্রপাতির মাধ্যমে প্রতিটি উপাদানকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চিহ্নিত করা হয়। সব শেষে কম্পিউটারে গ্রাফের মাধ্যমে নমুনা থেকে প্রাপ্ত উপাদানগুলোর পরিমাণের অঙ্কটা প্রকাশ করা হয়। গ্রাফে প্রায় শ খানেক উপাদানের মধ্যে যদি একটাও বেশি মনে হয়, তবে আর রক্ষা নেই! বিশ্বকাপের শেষ বাঁশি বেজে যাবে নমুনার মালিকের।বিশ্বকাপকে কলঙ্কমুক্ত রাখতে ফিফার হয়ে এমন কাজ করতে পেরে মারউই বেশ সন্তুষ্ট, ‘আমরা শুধু আমাদের কাজটাই করে যাচ্ছি, এরপর কে বাদ পড়বেন, কে বাদ পড়বেন না, তা ফিফাই বলতে পারে। তবে এটা বলতে পারি, বিজ্ঞান রাজনীতি থেকে সহজ। আমরা সেই কাজটাই করছি।’ সবকিছু দেখে যা মনে হচ্ছে, তাতে করে ডোপ-পণ্ডিতের শ্যেনদৃষ্টি এড়ানোটা বেশ শক্তই হবে ডোপ-পাপীদের কাছে। সুতরাং, সাধু সাবধান! এএফপি।