সান সিরোতে নায়ক ডেনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কপালটাই খারাপ জারমান ডেনিসের। ভুল দেশে ভুল সময়ে জন্মালে যা হয় আরকি! আর্জেন্টিনা দলে সুযোগ পাওয়াটা এখন খুব কঠিন ব্যাপার, আর স্ট্রাইকার হলে তো কথাই নেই। একসময় অবশ্য পেয়েছিলেন, কিন্তু মেসি-হিগুয়েইনদের ভিড়ে সেই আশা এখন দুরাশা। বয়সও পক্ষে নেই, হয়ে গেছে ৩১। তার পরও যা করেছেন, তাতে সাড়াই পড়ে গেছে। তাঁর হ্যাটট্রিকেই দুর্দান্ত এক ম্যাচে ইন্টার মিলানকে তাদের মাঠেই (সান সিরো) বধ করেছে (৪-৩) আটালান্টা, তাও আবার দুবার পিছিয়ে পড়ে। তবে এমন একটা হ্যাটট্রিকের পরও কিছুটা নিরাসক্ত ডেনিস, ‘কোচ অনুশীলনে যা বলেছেন, আমি শুধু সেটাই করেছি।’ আবার কখনো আকাশি-নীল জার্সি পরার ভাবনাটাও যেন ঝেড়ে ফেলেছেন, ‘এটা কঠিন, কারণ আর্জেন্টিনায় সুযোগ পেতে হলে আমাকে এখনকার চেয়ে দ্বিগুণ গোল করতে হবে। কিন্তু বার কয়েক আর্জেন্টিনার জার্সি পরতে পেরে ও গ্রেটদের সান্নিধ্যে আসতে পেরে আমি খুশি।’তবে ইন্টারের মতো ভাগ্য বরণ করতে হয়নি চেলসিকে। রাফায়েল বেনিতেজও অনেকটাই নির্ভার বোধ করছেন। দিগ্ভ্রান্ত চেলসি শেষমেশ ঠিক পথটা খুঁজে পেয়েছে বলেই মনে হচ্ছে। সান্ডারল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে উঠে এসেছে পয়েন্ট তালিকার তিনে। চ্যাম্পিয়নস লিগে খেলার স্বপ্ন এখন অনেকটাই উজ্জ্বল।দুই সপ্তাহ আগেও বেনিতেজের কপালে ভাঁজ ছিল অনেক। এফএ কাপের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়েই যেন শুরু। এরপর রুবিন কাজানকে ইউরোপা লিগে হারানোর পরে গত পরশু এই জয়। ফর্মে ফিরেছেন ফার্নান্দো তোরেসও। এ ম্যাচে গোল পাননি, কিন্তু বিরতির পর নেমে দেখিয়েছেন ঝলক। এক গোলে পিছিয়ে পড়ে চেলসি ২ গোল করেছে দ্বিতীয়ার্ধেই। বেনিতেজ এখন স্বস্তি বোধ করছেন, ‘ইউনাইটেডের খেলার দুই দিন আগে সবাই বলছিল আমরা সংকটে আছি। দুই ঘণ্টা আগে বলছিল সবকিছু শেষ হয়ে যাবে। এখন আমরা আবার প্রথম তিনে চলে এসেছি।’”নয়জন নিয়েও গেটাফের সঙ্গে গোলশূন্য ড্র করাটাকে প্রাপ্তি হিসেবে মানতে পারেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ ডিয়েগো সিমিওনে। ড্র করার পর পয়েন্ট তালিকার তিনে চলে গেছে অ্যাটলেটিকো, নগরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের চেয়ে পিছিয়ে তারা ৩ পয়েন্টে। এএফপি, ওয়েবসাইট।