সান সিরোতে প্রথম উৎসব
অবশেষে সান সিরোতে জয়োৎসব হলো। হলো সান সিরোর দুই দিকেই। লিগের চতুর্থ ম্যাচে এসে পরশু প্রথম জয়ের মুখ দেখল এসি মিলান এবং ইন্টার মিলান।আগের তিন ম্যাচের দুটিতে ড্র, একটিতে হেরেছিল এসি মিলান। প্রতিবেশী ইন্টারের অবস্থা ছিল আরও শোচনীয়। এক ড্রয়ের পাশে হার দুই ম্যাচেই, ব্যর্থতার দায়ে কোচের চাকরি হারিয়েছেন গাসপেরিনি। তাঁর বিদায়ের পর পরশু কোচ হিসেবে অভিষেকেই ইন্টারকে জয় এনে দিলেন ক্লদিও রানিয়েরি। শেষ দুই মিনিটে দুই গোল করে ইন্টার বোলোনিয়ার মাঠ থেকে ফিরেছে ৩-১ গোলের জয় নিয়ে। এসি মিলান উৎসব করেছে নিজেদের মাঠেই। সান সিরোতে ৩৫ বছর বয়সী ডাচ তারকা ক্লারেন্স সিডর্ফের গোলে তারা ১-০ গোলে জিতেছে সেসেনার বিপক্ষে।ইন্টারের গোলটি করেছেন পানিৎজি, আর্জেন্টাইন তারকা ডিয়েগো মিলিতো ও ব্রাজিলিয়ান লুসিও। বোলোনিয়ার গোলটি আলেসান্দ্রো দায়ামেন্তির। অন্য ম্যাচে নাপোলি গোলশূন্য ড্র করেছে ফিওরেন্তিনার সঙ্গে।এদিকে ফ্রেঞ্চ লিগে আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে জাদু দেখিয়েই চলেছেন। এ মৌসুমেই পালের্মো থেকে লিগের রেকর্ড ট্রান্সফার ফিতে নিয়ে আসা পাস্তোরের দুই গোলে পিএসভি পরশু মন্টেপেলিয়েরের বিপক্ষে জিতেছে ৩-০ গোলে। এই জয়ে পয়েন্ট টেবিলেও যৌথভাবে শীর্ষে উঠেছে পিএসভি। জার্মান বুন্দেস লিগায় বেয়ার লেভারকুসেনের বিপক্ষে ৩-০ গোলে জিতে শীর্ষস্থানে ফিরেছে বায়ার্ন মিউনিখ। এএফপি।