সান সিরোয় বিদায়ের সুর
সান সিরোয় বিদায়ের সুর। ফিলিপ্পো ইনজাঘি, জেনারো গাত্তুসো, আলেসান্দ্রো নেস্তা—এই তিনজন হয়তো আজই খেলে ফেলবেন তাঁদের বিদায়ী ম্যাচ। নোভারার বিপক্ষে এসি মিলানের এই ম্যাচটি কি একটি গর্বিত অধ্যায়েরও শেষ নয়?২০০৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল এসি মিলান। ইনজাঘি, গাত্তুসো ও নেস্তার বিদায়ের পর সেই গৌরবের অংশীদারদের মধ্যে কেবল থেকে যাবেন ক্লারেন্স সিডর্ফ ও মাসিমো অ্যামব্রোসিনি। ভাঙা হাটে তাদের কি বারবার মনে পড়ে যাবে না সেই সাফল্যের স্মৃতিগুলো?২০০৩ থেকে ২০০৭—এই চারটি বছর এই খেলোয়াড়েরা এসি মিলানকে উপহার দিয়েছিলেন একের পর এক সাফল্য। ২০০৩ সালে চ্যাম্পিয়নস লিগ জয়, ২০০৪ সালে সিরি আ’তে সাফল্য। ২০০৫-এ আবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে স্থান করে নেওয়া। ২০০৭-এ চ্যাম্পিয়নস লিগ জয়—এই সময়ে কী করেনি এই দলটি? সেই দলে আজ বিদায়ের করুণ রাগিনী! সময়ের ফেরের কাছে অসহায় সবাই। ৩৮ বছরের ইনজাঘি বলছেন, ‘আর কত?’ গাত্তুসোর বয়স ৩৪ হলেও বাজে ফর্ম তাঁর ভবিষ্যেক ফেলে দিয়েছে অনিশ্চয়তার মুখে। ৩৬ বছর বয়সী আলেসান্দ্রো নেস্তা চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্র। সিডর্ফ ও অ্যামব্রোসিনি হয়তো আরও দু-এক মৌসুম খেলে যাবেন, কিন্তু তাতেও মিশে থাকবে বিদায়বেলার অপেক্ষার দীর্ঘশ্বাস!ইনজাঘিকে আলাদা করেই মনে রাখবে মিলানের সমর্থকেরা। ২০০৭ সালে এসি মিলানের সর্বশেষ চ্যাম্পিয়নস লিগ গৌরবে তাঁর ছিল অধিক অবদান। দুর্দান্ত এক গোলে তিনি দলকে জিতিয়েছিলেন শিরোপা। লিভারপুলের বিপক্ষে সেই জয় মিলানকে এনে দিয়েছিল ২০০৫ সালের ফাইনালের পরাজয়ের মধুর প্রতিশোধ। সেই ইনজাঘিও বিদায় বেলায় যেন কিছুটা আবেগী। হয়তো সোনালি অতীতকে মনে করেই। তিনি জানিয়েছেন, ‘বাস্তবতার মুখে সমাপ্তি ঘটল দারুণ এক স্বপ্নের।’ তাঁর মতে, ‘২০০৭ সালের চ্যাম্পিয়নস লিগ গৌরবের স্মৃতি চিরদিন উজ্জ্বল হয়ে থাকবে সবার মানসপটে।’‘এটা এসি মিলানের ইতিহাসে অন্যতম সেরা দল ছিল। দলটি ছিল স্বপ্নের মতোই। কিন্তু বাস্তবতা হলো, এই পৃথিবীর সবকিছুই একদিন শেষ হয়ে যায়।’ বলে যান ইনজাঘি।সেই গৌরবদীপ্ত দলটির ভাঙা হাটের শুরুটা হয়েছিল অনেক আগেই। বিদায় নিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি, গ্রেট পাওলো মালদিনি, ব্রাজিলীয় সুপারস্টার কাফু। এই তো গত মৌসুমে দল ছাড়লেন আন্দ্রেয়া পিরলো। নতুনেরা কি পূরণ করতে পারছেন তাঁদের শূন্যস্থান?নশ্বর পৃথিবীর গানটা সান সিরো তে যে বড্ড জোরে বাজা শুরু হয়েছে! ওয়েবসাইট।