ক্লাব ফুটবলে সতীর্থ। কিন্তু ব্রাজিলে এসে প্রতিপক্ষ হয়ে যাচ্ছেন অনেকেই। তবে অ্যালেক্সিস সানচেজের দিকেই যতটা, ততটা ক্রূর দৃষ্টি হয়তো আর কাউকেই হানছে না। ২৫ বছর বয়সী এই চিলিয়ান আজ মাঠে নেমে যেদিকেই তাকাবেন, সতীর্থদেরই পাবেন শত্রুরূপে—জাভি, ইনিয়েস্তা, বুসকেটস, ফ্যাব্রিগাস, পেদ্রো, পিকে, জর্ডি আলবা। ভিসেন্তে দেল বস্কের স্পেন মানেই উনো পরিমাণ বার্সেলোনা! আজ রিও ডি জেনিরোতে স্পেন-চিলির ম্যাচটাকে তাই অ্যালেক্সিস সানচেজ বনাম তাঁর বার্সা সতীর্থদের দ্বৈরথও বলা যায়।
স্পেন দলে বার্সেলোনার খেলোয়াড়দের জয়জয়কার শুধু নয়, খেলার ধরনটাও বার্সার মতোই। বার্সেলোনার টিকি-টাকাই স্পেনের মূলমন্ত্র। অন্যদিকে সানচেজই চিলির সবচেয়ে বড় ভরসা, আশা-আকাঙ্ক্ষার প্রতীক। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে সেই প্রত্যাশা পূরণও করেছেন। দলের ৩-১ গোলের জয়ে প্রথম গোলটি করেছেন। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার। আজও তাঁর দিকেই তাকিয়ে থাকবে দল। কিন্তু সানচেজ ভালো করেই জানেন, তাঁর ক্লাব সতীর্থরা আজ প্রয়োজনে ফাউল করতেও দ্বিধা করবে না। জাভি-ইনিয়েস্তারাও জানেন, চিলিকে থামাতে হলে সানচেজকে রুখতে হবে আগে। কারণ, ম্যাচটা তাঁদের জন্য বাঁচা-মরার। দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন জিইয়ে রাখতে হলে চিলির বিপক্ষে জিততেই হবে।
এ ক্ষেত্রে তাঁদের অনুপ্রেরণা গত বিশ্বকাপই। ২০১০ বিশ্বকাপে গ্রুপপর্বের শেষ ম্যাচে এই চিলিকে ২-১ গোলে হারিয়েই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছিল স্পেন। গোল দুটি করেছিলেন ডেভিড ভিয়া ও ইনিয়েস্তা। সানচেজও প্রিটোরিয়ার সেই ম্যাচে খেলেছিলেন বটে। তবে বার্সেলোনায় যোগ দিয়ে ইনিয়েস্তাদের সতীর্থ হয়েছেন তারও এক বছর পরে। আজ জিতলে সেই হারের প্রতিশোধই শুধু নেওয়া হবে না, দ্বিতীয় রাউন্ডের টিকিটও প্রায় নিশ্চিত হবে। সানচেজ একা তো আর তাঁর সব সতীর্থকে রুখতে পারবেন না! তবে জাভি-ইনিয়েস্তাদের আটকানোর উপায় নিশ্চয়ই জাতীয় দল সতীর্থদের বাতলে দিতে পারবেন! সূত্র: ওয়েবসাইট।

চোখ রাখুন
মুখোমুখি স্পেন–চিলি
আন্দ্রেস ইনিয়েস্তা
খেলা তৈরির কারিগর। প্রয়োজনে গোল করেন। ২০১০ বিশ্বকাপ জেতানো গোলের মালিক আন্দ্রেস ইনিয়েস্তা গোল করেছিলেন চিলির বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচেও। আজও চিলির বিপক্ষে ম্যাচে হতে পারেন ত্রাতা।
আর্তুরো ভিদাল
চিলির মধ্যমাঠের সেনাপতি। জুভেন্টাসের হয়ে মৌসুমটা কেটেছে দুর্দান্ত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচটি আর্তুরো ভিদালের খুব ভালো হয়তো কাটেনি। ২৭ বছর বয়সী মিডফিল্ডার আজই তা সুদে-আসলে পুষিয়ে দিতে পারেন।