সানচেজকে টপকে পাঁচে রোনালদো

ম্যাচের শুরুতেই সান্তিয়াগো বার্নাব্যুতে একটা হতাশার সংবাদ। ‘হানড্রেড মিলিয়নম্যান’ গ্যারেথ বেল খেলছেন না।
রিয়ালের হয়ে এরই মধ্যে দুটি ম্যাচ খেলেছেন। দুটিই প্রতিপক্ষের মাঠে। এ ম্যাচ দিয়েই রিয়ালের মাঠে বেলের অভিষেক হওয়ার কথা ছিল। কোচ কার্লো আনচেলত্তির প্রথম একাদশে বেল ছিলেনও। কিন্তু ম্যাচের আগে গা গরম করতে গিয়ে ঊরুতে চোট পান ওয়েলশ তারকা! আগামীকাল এলচের বিপক্ষেও বেলের খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
ম্যাচ শেষে অবশ্য এই হতাশা ভুলে খুশি মনেই ঘরে ফিরতে পেরেছে রিয়াল সমর্থকেরা। ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে রিয়াল গেটাফেকে হারিয়েছে ৪-১ গোলে। রোনালদো গড়েছেন আরেকটা কীর্তিও। রিয়ালের মেক্সিকান কিংবদন্তি হুগো সানচেজকে টপকে পর্তুগিজ তারকা উঠে গেছেন ক্লাবের সর্বোচ্চ গোলদাতার তালিকার পঞ্চম স্থানে। সানচেজ রিয়ালের হয়ে করেছিলেন ২৮২ ম্যাচে ২০৭ গোল। ২০৫ ম্যাচেই রোনালদোর গোল ২০৮টি!
স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা ও রিয়ালের ওয়েবসাইট অবশ্য বলছে, ২০৮ নয়, রোনালদোর গোল আসলে ২০৯টি। তা যা-ই হোক, যেভাবে গোল করছেন, এই মৌসুমেই হয়তো রোনালদো ছাড়িয়ে যাবেন ফেরেঙ্ক পুসকাসকেও। হাঙ্গেরিয়ান কিংবদন্তি রিয়ালের হয়ে ২৬২ ম্যাচে করেছিলেন ২৪২ গোল। পুসকাসকে ডিঙানোটা হয়তো সময়ের ব্যাপার। তবে আরও ওপরে যেতে রোনালদোকে অপেক্ষা করতে হবে অনেক দিন! ২৯০ গোল নিয়ে সাবেক স্প্যানিশ স্ট্রাইকার কার্লোস সান্তিয়ানা তিনে। ৩০৮ গোল নিয়ে দুইয়ে আর্জেন্টাইন কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। ৩২৩ গোল নিয়ে সবার ওপরে রাউল গঞ্জালেস।
রোনালদো সবাইকে টপকে যেতে পারবেন কি না সেটা বলবে সময়। তবে রোনালদোকে সুখী রাখার সুফল রিয়াল হাতেনাতেই পাচ্ছে। চুক্তি নবায়নের পর ‘সুখী’ রোনালদো দুই ম্যাচে করলেন পাঁচ গোল! নতুন চুক্তির পর প্রথম ম্যাচেই গ্যালাতাসারাইয়ের বিপক্ষে (চ্যাম্পিয়নস লিগে) হ্যাটট্রিক। পরশু করলেন দুই গোল। প্রথমে এগিয়ে গিয়েছিল সফরকারী গেটাফেই। স্প্যানিশ মিডফিল্ডার লাফিতার শট পেপের গায়ে লেগে ঢুকে যায় রিয়ালের জালে! এই পেপেই রিয়ালকে সমতায় ফেরান ১৯ মিনিটে। ডি মারিয়ার ফ্রি-কিক থেকে রোনালদোর শট গেটাফের গোলরক্ষক মিগুয়েল মোয়া ঠেকিয়ে দিলেও ফিরতি বল আলতো টোকায় ঠেলে দেন জালে।
এরপর রোনালদো দুটি গোল করেছেন ৩৩ মিনিটে ও ম্যাচের যোগ করা সময়ে। প্রথমটি পেনাল্টি থেকে। রোনালদোরই ফ্রি-কিক গেটাফের এক ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টি দেন রেফারি। দ্বিতীয়টি অসাধারণ ব্যাকহিলে। অন্য গোলটি বেলের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়া ইসকোর। রিয়ালের হয়ে ছয় ম্যাচেই ২১ বছর বয়সী ফরোয়ার্ড পেয়ে গেলেন পাঁচ গোল। ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে হেসে রদ্রিগেজকে অবৈধ বাধা দিয়ে সরাসরি লাল কার্ড পান গেটাফের ডিফেন্ডার মিচেল। করিম বেনজেমার ভাগ্য ভালো থাকলে রিয়ালের জয়টা আরও বড় হতে পারত। এই ফরাসি একাই গন্ডা খানেক সুযোগ নষ্ট করেছেন। ম্যাচ শেষে কোচ আনচেলত্তি ইসকোর প্রশংসায় ছিলেন পঞ্চমুখ।
টানা চার হারের পর জয় পেয়েছে ভ্যালেন্সিয়া। ব্রাজিলিয়ান মিডফিল্ডার হোনাসের জোড়া গোলে সেভিয়াকে হারিয়েছে ৩-১ গোলে। এএফপি।
রিয়াল মাদ্রিদের শীর্ষ পাঁচ
রাউল ৩২৩
ডি স্টেফানো ৩০৮
সান্তিয়ানা ২৯০
পুসকাস ২৪২
ক্রিস্টিয়ানো রোনালদো ২০৯