সানচেজের পুনর্জন্মের রহস্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুনর্জন্ম বোধহয় একেই বলে!এথেন্সে ৪৭.৬৩ সেকেন্ডে ৪০০ মিটার হার্ডলসের সোনা জিতেছিলেন। আট বছর পর লন্ডনে আবার জিতলেন সোনা। কী আশ্চর্য, টাইমিং ওই ৪৭.৬৩ সেকেন্ডই!পুনর্জন্ম সব অর্থেই। এথেন্সে ৪০০ মিটার হার্ডলস শুরুর আগেই সোনার পদকটা যেন ঝুলছিল ফেলিক্স সানচেজের গলায়। তখন তিনি অপ্রতিদ্বন্দ্বী। সোনাটা সানচেজকে দিয়ে বাকি প্রতিযোগীরা নামতেন রুপার লড়াইয়ে। সবাই জানতেন, জিতবেন জ্বলজ্বলে নিওন রিস্টব্যান্ড পরা ওই লোকটাই। ওই রিস্টব্যান্ডেরও একটা গল্প আছে। ওটা ছিল ২০০০ সিডনি অলিম্পিকের স্যুভেনির। ওই অলিম্পিকে ব্যর্থতার কথা নিজেকে মনে করিয়ে দিয়ে জেদ জাগাতেই সেটি পরে থাকতেন সানচেজ। ওই রিস্টব্যান্ড পরেই ২০০১ থেকে ২০০৪ পর্যন্ত টানা ৪৩টি দৌড়ে অপরাজিত। সানচেজের এথেন্স-জয়ে তাই কোনো বিস্ময় ছিল না।গত পরশু লন্ডনের জয়টাকে বিস্ময় বলেও ঠিক বোঝানো যাচ্ছে না। সপ্তাহ তিনেক পর ৩৫তম জন্মদিন, তরুণ তুর্কিদের ভিড়ে ফেলিক্স সানচেজ তো থুত্থুড়ে বুড়ো! এত বয়সে সোনা দূরে থাক, ৪০০ মিটার হার্ডলসে অলিম্পিকে কোনো পদকই জেতেনি কেউ। হাতে সেই রিস্টব্যান্ডটাও নেই। অনেক দিনই নেই। সেটি এতই বিখ্যাত হয়ে যায় যে, চ্যারিটির জন্য নিলামে তুলতে এথেন্স অলিম্পিকের পর ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশনকে দিয়ে দেন সানচেজ। এরপর ওই রিস্টব্যান্ড ছাড়া প্রথম দৌড়েই যে ইনজুরিতে পড়েন, সেটি নিশ্চয়ই কাকতালীয় ঘটনা।বেইজিং অলিম্পিকে প্রথম রাউন্ডেই বিদায় নেওয়ার পর হারিয়েই গিয়েছিলেন। ক্রমাগত ব্যর্থতায় অনেকে বলতে শুরু করেছিল, শুধু নাম সম্বল করেই দৌড়াচ্ছে লোকটা। গত পরশু ৪০০ মিটার হার্ডলসে আবার সোনা জয়ের পর ফেলিক্স সানচেজের তাই আবেগাপ্লুত হওয়ারই কথা। দৌড় শেষ করেই হাঁটু গেড়ে বসে পড়লেন ট্র্যাকে। কার যেন একটা ছবি বের করে বারবার চুমু খেলেন। চোখে তখনো জল ছিল, পদক নিতে বিজয়মঞ্চে দাঁড়ানোর পর তা রূপ নিল অঝোর বর্ষণে।শুধু হার্ডলস নয়, অলিম্পিকে স্প্রিন্ট ইভেন্টে (৪০০ মিটার ও এর কম) সবচেয়ে বেশি বয়সে সোনা জয়ের রেকর্ড গড়েছেন। বিস্মৃতির অন্ধকারে হারিয়ে যেতে যেতে আবারও ফিরেছেন সাফল্যের আলোয়। ফেলিক্স সানচেজ তো কাঁদতেই পারেন। সংবাদ সম্মেলনেও কাঁদলেন। তবে আসল কারণটা জানিয়ে। যে ছবিটাতে বারবার চুমু খেয়েছেন, সেটি তাঁর দাদির। এই সোনাটা প্রয়াত দাদিকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ!দাদি লিলিয়ানের কাছেই বড় হয়েছেন সানচেজ। বেইজিংয়ে ৪০০ মিটার হার্ডলসের প্রথম রাউন্ডের দিন সকালে সেই দাদির মৃত্যুসংবাদ পান। সারা দিন কেঁদেছেন। ট্র্যাকে নামবেন কি নামবেন না সংশয়ে দুলে শেষ পর্যন্ত নেমেছেন, পারেননি। ‘সেই দিনই প্রতিজ্ঞা করেছিলাম, দাদির জন্য একটা পদক জিতব। চার বছর লাগল সেই প্রতিজ্ঞা পূরণ করতে। পদক নেওয়ার সময় বৃষ্টি পড়ছিল, আমার মনে হচ্ছিল দাদি আনন্দে কাঁদছেন।’ বলতে বলতে গলা ধরে এল সানচেজের। চোখের জল মুছে বললেন, ‘দাদির একটা ছবি গেমসে নিয়ে এসেছি। বেইজিংয়ে দাদির মৃত্যু আমার হূদয় ভেঙে দিয়েছিল। আজ তাই দাদির ছবিটা আমার হূদয়ের কাছে রেখে দৌড়েছি।’যে জুতা পরে দৌড়েছেন, তাতেও দাদি আছেন। তাতে লেখা ‘আবুয়েলা’ (স্প্যানিশে দাদি)। দাদিকে দেওয়া প্রতিশ্রুতি রাখতেই গত চার বছরে অনেক লড়াই করেছেন, ‘চার বছর কেউ আমার খোঁজ রাখেনি। একটার পর একটা চোটে ভুগেছি, অনেকবারই ভেবেছি ফিরে আসতে পারব কি না। আজ আমি এখানে, বয়সের সঙ্গে লড়াই করে জয়ী।’ইতিহাস বিপক্ষে ছিল, নিজের ফর্মও, তার পরও স্বপ্ন দেখার সাহসটা পেলেন কীভাবে? ‘আমি অনেক দিন এই ইভেন্টে আধিপত্য করেছি। এমন হলে আত্মবিশ্বাস থাকে। হ্যাঁ, সংশয় তো ছিলই। তবে আবার ক্ষীণ একটা আশার আলোও দেখেছি একটা কারণে, এখন যারা আছে, কেউ তো আমার মতো আধিপত্য করতে পারছে না। একজন আজ জেতে তো পরদিন আরেকজন। বোল্টের মতো কেউ নেই। বোল্ট যদি আমার ইভেন্টে থাকত, তাহলে আমি অবসর নিয়ে ফেলতাম।’ এই একবারই একটু হাসলেন সানচেজ।এথেন্সে সোনা জিতে ডমিনিকান রিপাবলিকের সঙ্গে বিশ্বকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। বাবা-মা দুজনেরই জন্ম ক্যারিবীয় ওই দ্বীপে। তবে ফেলিক্স সানচেজের জন্ম ও বেড়ে ওঠা যুক্তরাষ্ট্রে। চাইলে যুক্তরাষ্ট্রের পক্ষেও আসতে পারতেন অলিম্পিকে। শিকড়ের টান নিয়ে গেছে ডমিনিকান রিপাবলিকে। ফেলিক্স সানচেজের ভালোই হয়েছে তাতে। যুক্তরাষ্ট্রের পক্ষে সোনা জিতলে অন্য আরও দশজন অ্যাথলেটের একজনই হয়ে থাকতেন। ডমিনিকান রিপাবলিকে যেমন জাতীয় বীর, তা তো আর হতে পারতেন না। এথেন্সে সোনা জিতে ফেরার পর সংবর্ধনার জোয়ারে ভেসেছেন। তাঁর কীর্তি অক্ষয় করে রাখতে ডমিনিকান রিপাবলিকের মূল স্টেডিয়ামটার নাম বদলে রাখা হয় সানচেজের নামে। সেবার অলিম্পিক সোনাটা ছিল প্রত্যাশিতই। এবারেরটা বোঝাতে অপ্রত্যাশিত-অভাবিত এই জাতীয় শব্দ লাগছে। দেখা যাক, ডমিনিকান রিপাবলিকে এবার ফেলিক্স সানচেজের নামে কী হয়!