সানচেজের পেছনে ছুটছে পাঁচ দল
কাকে ‘হ্যাঁ’ বলবেন আর কাকে ‘না’! উদিনেসের চিলিয়ান ফুটবলার অ্যালেক্সিস সানচেজ পড়েছেন মধুর সমস্যায়। সঙ্গে তাঁর ক্লাবও বুঝে উঠতে পারছে না সানচেজকে নিয়ে তারা কী করবে। ম্যানচেস্টার সিটির টাকা হয়তো লোভ দেখাচ্ছে, কিন্তু সানচেজের ইচ্ছারও তো মূল্য আছে!চিলির এই ‘নতুন মেসি’কে দলে নিতে প্রতিযোগিতায় নেমেছে ইউরোপের পাঁচ-পাঁচটি ক্লাব। সবচেয়ে বড় প্রস্তাব যে সিটি থেকে, সেটা না বললেও বোঝা যায়। দলবদলের বাজারে দুই বছর ধরে টাকার বস্তা নিয়েই নামছে তারা। একটু পরে হলেও এই প্রতিযোগিতায় নেমেছে সিটির প্রতিবেশী ম্যানচেস্টার ইউনাইটেডও। অনেকের মতে, ২২ বছর বয়সী সানচেজ প্রতিভায় মেসিকেও ছাপিয়ে যেতে পারেন। এমন একজনকে মেসির পাশে পেতে চায় বার্সেলোনাও। লড়াইয়ে আছে ইতালির দুই পরাশক্তি ইন্টার মিলান ও জুভেন্টাসও।তবে এ পর্যন্ত যা খবর, তাতে এগিয়ে আছে বার্সেলোনাই। উদিনেসের ট্রান্সফার পরামর্শক স্টেফানো আন্তোনেল্লিও বলেছেন সে রকমই, ‘যে কয়টি ক্লাব প্রস্তাব নিয়ে এসেছে, সবগুলোরই সুযোগ আছে তাকে (সানচেজ) সই করানোর। তবে সবচেয়ে ভালো অবস্থায় মনে হয় বার্সেলোনাই আছে।’ বার্সেলোনার সহসভাপতি জোসেপ মারিয়া বার্তোমিউ সানচেজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী। ওয়েবসাইট।