সানচেজের 'গোলাজো'তে হতবাক নেইমার

এল ক্লাসিকো অভিষেকেই আলো ছড়িয়েছেন। গোল করে, করিয়ে ম্যাচের নায়ক নেইমারই। ব্রাজিলের এই বিস্ময়-প্রতিভা ভিজছেন প্রশংসার বৃষ্টিতে। তবে যোগ্য দল অন্তঃপ্রাণ খেলোয়াড়ের মতো নেইমার নিজে কৃতিত্বটুকু ভাগ করে নিচ্ছেন সতীর্থদের সঙ্গে। বিশেষ করে তাঁর বাড়ানো থ্রু পাস থেকে চিপ করে অ্যালেক্সি সানচেজ যে গোলটি করেছেন, সেটিকে নেইমার বলছেন ‘গোলাজো’। সাধারণত বিস্ময়কর গোল বোঝাতে ফুটবলাররা এই বিশেষণটি ব্যবহার করেন।
কাল ম্যাচ শেষে নেইমার বলেছেন, ‘আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এটা ছিল একটা গোলাজো।’
২১ বছর বয়সী নেইমার নিজের প্রথম বড় ম্যাচটা দারুণভাবেই উপভোগ করেছেন বলে জানালেন। এ-ও বললেন, যোগ্যতর দল হিসেবেই ম্যাচটি জিতেছে বার্সা, ‘যে ম্যাচটি খেলা সব খেলোয়াড়ের স্বপ্ন, তেমন এক ম্যাচে গোল করতে পারা আবেগময় একটি ব্যাপার। আমি স্পেশাল এই গোলটি করতে পেরে ভীষণই খুশি। তবে আমরা তিনটি পয়েন্ট পেয়েছি—এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
এই প্রথম ক্রিস্টিয়ানো রোনালদোরও মুখোমুখি হলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? নেইমারের উত্তর, ‘আমি অনেক এল ক্লাসিকো দেখেছি। তাই নিজে এর একটির অংশ হতে পারা দারুণ কিছু। ভীষণ কঠিন এক প্রতিপক্ষের বিপক্ষে খেলা মোটেও সহজ কিছু ছিল না। ক্রিস্টিয়ানো তো গ্রেট একজন খেলোয়াড়। তবে আমাদের দলেও অনেক ভালো খেলোয়াড় আছে। আমি দলের জয়, দল এবং আমার গোল নিয়ে অনেক খুশি।’
চিপ করে গোল, মেসির পা থেকে প্রায় সময়ই দেখা গেলেও বাকিদের জন্য এ ধরনের গোল করা স্বপ্নের মতোই একটা ব্যাপার। এমন একটা গোলের পর সানচেজ নিজেও তাই ভীষণ উচ্ছ্বসিত, ‘আমি গোল এবং ম্যাচ নিয়ে খুব খুশি। লক্ষ করেছিলাম ডিয়েগো লোপেজ অনেক সামনে এগিয়ে এসেছিল। আমি তাই চেষ্টা করেছি বল ওর মাথার ওপর দিয়ে জালে পাঠাতে। এটা খুবই সুন্দর একটা ম্যাচ, সবাই এমন ম্যাচে খেলতে চায়। রিয়াল মাদ্রিদকে হারানোও চাট্টিখানি কথা নয়।’