সানডের পর মরিসন-ঝলক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেখ জামাল ৩ : ২ বিজেএমসিমোহামেডান ৩ : ০ ব্রাদার্সএকজন নাইজেরিয়ান। অন্যজন ঘানাইয়ান। সানডে চিজোবা বাংলাদেশের ফুটবলে চেনা মুখ। ওসি মরিসন এবারই প্রথম এলেন। তবে দুজনই কাল একই অনুভূতি নিয়ে মাঠ ছাড়লেন। দলকে জেতানোর গর্বটা চোখমুখে ফুটে বেরোচ্ছিল আলাদা করে। সানডের ২ গোলে শেখ জামাল ধানমন্ডি ৩-২ গোলে হারিয়েছে বিজেএমসিকে। ব্রাদার্সের বিপক্ষে মোহামেডানের ৩-০ জয়ে তিনটি গোলই মরিসনের। এঁরা দুজনই পুরোনো কথাটা আবার মনে করিয়ে দিলেন। এবারের বাংলাদেশ লিগটার গায়েও ‘বিদেশিদের লিগ’ ছাপ থাকবে।প্রথম দিন আবাহনীর হয়ে তৌহিদুল যতই দুটি গোল করে দলকে জেতান, কাল দ্বিতীয় দিনে আলোটা যথারীতি কাড়লেন বিদেশিরাই (পড়ুন আফ্রিকানরা)। শুধু তা-ই নয়, দুই ম্যাচে ৮ গোলের সব কটিই বিদেশিদের। অবশ্য এটাও ঠিক, সব দলই গোলের জন্য বিদেশিদের ওপর ভরসা রেখেই দল গড়েছে। গোল করার মতো স্থানীয় স্ট্রাইকারের বড়ই অভাব এখন। বিদেশিদের দাপট অবশ্য নতুনও নয়, এটা বেশ কয়েক বছর ধরেই ঘরোয়া ফুটবলের অন্যতম বড় বিজ্ঞাপন। একদিনের ৭-৮ গোলের সবই বিদেশিরা করেছেন, এমন দিন আকছারই আসে।তবে এই সত্যের বাইরে এবার একটা ভালো দিক লক্ষণীয়, আগের মতো রক্ষণাত্মক ফুটবল খেলছে না দলগুলো। তাই গোল হচ্ছে। গোল হওয়া মানে মাঠে দর্শক আসার আমন্ত্রণও। কালকের দুটি ম্যাচই ছিল ‘উন্মুক্ত ম্যাচ’, গোলের জন্য ঝাঁপিয়েছে সবাই। সুযোগ কাজে লাগানোর মুনশিয়ানাই গড়ে দিয়েছে ভাগ্য। তবে দলগুলোর রক্ষণভাগ ঠিকভাবে আফ্রিকানদের সামলাতে পারছে না, এটা দুশ্চিন্তার বিষয়।ব্রাদার্সের বিপক্ষে দ্বিতীয়ার্ধের মোহামেডানকে বেশ ধারালো লাগল। প্রথমার্ধটা গোলশূন্য, এরপর কোচ সাইফুল বারী ৪-২-৩-১ ছক ছেড়ে দ্বিতীয়ার্ধে সাজান ৩-৫-২-এ। উইংটাকে বেশি কাজে লাগানোরই কৌশলটা নিয়েছিলেন। মতিউর মুন্নার বদলি হিসেবে মারুফ ও মিন্টু শেখের জায়গায় শরিফুল নামার পর আক্রমণের গতি বাড়ে মোহামেডানের। গোল আদায় করতে কার্যকর হয়ে ওঠেন মরিসন। ৫৭ মিনিটে সোহেল রানার থ্রু ধরে দারুণ শটে মরিসনের প্রথম গোল। ৭০ মিনিটে তাঁর দ্বিতীয় গোলটির উৎস ছিল শরিফুলের বুদ্ধিদীপ্ত পাস। মরিসনের ডান পায়ে শটে লক্ষ্যভেদ। যোগ করা সময়ে রবিনকে বক্সে ফেলে দেন ব্রাদার্স গোলরক্ষক পিরু, মরিসনের হ্যাটট্রিক পূর্ণ করার জন্য তৃতীয় গোলের উপলক্ষ হয়ে আসে পেনাল্টি। পেনাল্টি কাজে লাগাতে ভুল করেনি এর আগে ঘানাইয়ান লিগে খেলা ২৫ বছরের তরুণ। সানডের দুটি গোলই অসাধারণ। ১৭ মিনিটে রানার কর্নার থেকে আসা বল দুরূহ কোণ থেকে জালে জড়ান সানডে। ২৭ মিনিটে সানডেরই সাজিয়ে দেওয়া বল আলতো টোকায় ২-০ করেন আরেক নাইজেরিয়ান স্ট্রাইকার মাইক ওতোজারেরি। বিরতির মিনিট দুয়েক পরই হলো দিনের সেরা গোলটি। ফ্রি-কিক থেকে সরাসরি বল জালে পাঠান সানডে। বিজেএমসি গোলরক্ষক আমিনুল ডান দিকে ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পাননি।৩ গোল খেয়ে বিজেএমসি ফিরে এসেছিল দারুণভাবে। ৫২ মিনিটে পেনাল্টি থেকে ৩-১ করেন নাইজেরিয়ান ইসমাঈল বাঙ্গুরা। মিনিট পাঁচেক পরই এলিটা কিংসলে ৩-২ করলে ম্যাচ জমে ওঠে। কিন্তু তৃতীয় গোলটার সন্ধান আর পায়নি বিজেএমসি। এবার লিগের ম্যাচ শেষে দুই দলের কোচ-অধিনায়ক কিংবা সেরা পারফর্মারকে সংবাদ সম্মেলনে হাজির করা হচ্ছে। ষষ্ঠ বাংলাদেশ লিগের প্রথম হ্যাটট্রিকম্যান মরিসন এসে বললেন, ‘প্রথম গোলটা পেয়ে যাওয়ার পর আত্মবিশ্বাস বেড়ে যায়।’ সানডে তাঁর কথাবার্তায় আরও গোল করার প্রচ্ছন্ন হুমকি দিয়ে রাখলেন প্রতিপক্ষকে। বিদেশিদের ভিড়ে দেশি খেলোয়াড়েরা জ্বলতে পারবেন তো?