সানডের হ্যাটট্রিকে প্রতিশোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরুটা করেছিলেন মিঠুন চৌধুরী। এরপর জোসেপ মগা, রোলান্ড ইকেচুকু, ইসমাইল বাঙ্গুরা ও থুয়াম ফ্রাঙ্ক। বাংলাদেশ লিগে হ্যাটট্রিকের তালিকাটা লম্বা হচ্ছে শুধুই বিদেশিদের নিয়ে। সেই তালিকায় যোগ হলো আরেকটি বিদেশি নাম—সানডে সিজোবা। মগার দুটি হ্যাটট্রিকসহ বাংলাদেশ লিগ দেখল মোট সাতটি হ্যাটট্রিক। কাল সানডের হ্যাটট্রিকে ঢাকা মোহামেডান ৩-১ গোলে হারাল রহমতগঞ্জকে। প্রথম পর্বে এই রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হারের বদলাও নিল সাদা-কালোরা।ম্যাচের আগে পয়েন্ট টেবিলে গা-ঘেঁষাঘেঁষি করে ছিল দুই দল। এই জয়ে মোহামেডানকে ষষ্ঠ স্থান থেকে তুলে দিল পঞ্চম স্থানে। ১৫ ম্যাচে ২১ পয়েন্ট মোহামেডানের। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানেই রইল রহমতগঞ্জ।সানডের শট ক্রসবারে প্রতিহত না হলে সাত মিনিটেই গোল পেয়ে যেত দারুণ আক্রমণাত্মক মেজাজে শুরু করা মোহামেডান। তবে ১০ মিনিটে সানডের সামনে বাধা হতে পারেনি ক্রসবার, এবার বক্সের ভেতর থেকে কোনাকুনি শটে জালে জড়িয়ে দেন বল (১-০)। ৩১ মিনিটে গোল শোধ করেন রহমতগঞ্জের উগান্ডান স্ট্রাইকার ইদ্রিস কাসারি (১-১)। মিনিট পাঁচেক পরই সানডের পেনাল্টি গোলে আবারও এগিয়ে যায় মোহামেডান (২-১)। বক্সের মধ্যে আনোয়ারকে রহমতগঞ্জের ডুম্বা ফেলে দিলে পেনাল্টি দেন রেফারি। ৬৪ মিনিটে রহমতগঞ্জের ডিফেন্ডার শিমুলের আত্মঘাতী ব্যাক পাসে বল নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন সানডে (৩-১)। সানডে আর আনোয়ার মিলে আরও গোটা চারেক সহজ সুযোগ নষ্ট না করলে গোলের মালাই গলায় পরতে হতো রহমতগঞ্জকে।স্বাধীনতা কাপে মাত্র এক ম্যাচ খেলা সানডে লিগের দ্বিতীয় পর্ব থেকেই নিজেকে চেনাতে শুরু করেছেন। গত চার ম্যাচের প্রতিটিতেই গোল পেয়েছেন। মোহামেডানের মৌসুমের প্রথম হ্যাটট্রিক নায়ক সানডের মোট গোল দাঁড়াল ৬টি। তাঁর কাছে মোহামেডানের প্রত্যাশা এখন অনেক। ম্যাচ শেষে কোচ শফিকুল ইসলাম বললেন, ‘ও গোল পাবে, এটা আমি জানি। তবে ওর আরও গোল পাওয়া উচিত।’ প্রত্যাশার ভার কতটা বইতে পারবেন সানডে?