সানিও যাচ্ছেন না এসএলপিএলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রীলঙ্কান প্রিমিয়ার লিগে (এসএলপিএল) খেলতে আজ শ্রীলঙ্কা যাচ্ছেন মুশফিকুর রহিম ও নাসির হোসেন। তামিম ইকবালও যাবেন দু-এক দিনের মধ্যে। তবে সাকিব আল হাসানের পর এসএলপিএলে যাচ্ছেন না বাংলাদেশের আরেক ক্রিকেটার ইলিয়াস সানিও।সাকিব আর সানির না যাওয়ার কারণটা দুই রকম। সাকিব যাচ্ছেন না ফিজিওর বিশ্রামের পরামর্শে। আর সানির যাওয়া হচ্ছে না ফ্র্যাঞ্চাইজির সেরা ১৮ জনের তালিকায় না থাকায়। বিসিবি সূত্র জানাচ্ছে, ২৪ জনের খেলোয়াড় তালিকা থেকে টুর্নামেন্টের জন্য প্রথম ১৮ জনের তালিকা করেছে নাগেনাহীরা নাগাস, তা থেকে বাদ পড়ে গেছেন সানি। তবে বাংলাদেশের অন্য দুই ক্রিকেটার মুশফিক ও নাসির আছেন। এখনো টিকিট হাতে পাননি বলে ওয়াইয়াম্বার তামিম আজই সঙ্গী হচ্ছেন না মুশফিক-নাসিরের। তবে তামিম জানিয়েছেন, ‘আমার টিকিট এখনো আসেনি। টিকিট হাতে পেলে যে কোনো সময়েই আমি চলে যাব।’ওদিকে এসএলপিএলে যাওয়া ক্রিকেটারদের ২৫ আগস্টের মধ্যে দেশে ফিরে জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে বলেছে বিসিবি। তবে শ্রীলঙ্কা ক্রিকেট থেকে অনুরোধ এসেছে বিষয়টি পুনর্বিবেচনা করার। বাংলাদেশের খেলোয়াড়েরা যেন ৩১ আগস্ট পর্যন্ত খেলে টুর্নামেন্টটা, এটাই চায় শ্রীলঙ্কা। বিসিবির সঙ্গে আলোচনা না করেই এসএলপিএলের সঙ্গে চুক্তি করেছিলেন ক্রিকেটারেরা। সে চুক্তি অনুযায়ী তাদের টুর্নামেন্টটা শেষ করে আসার কথা।