সানির অনেক পাওয়ার ম্যাচ
অন্য কেউ বললে বিশ্বাস করতেই কষ্ট হতো। টেস্ট অভিষেক নিয়ে কোনো স্বপ্ন-লক্ষ্য নেই—এটা হয় নাকি! কিন্তু ইলিয়াস সানি যখন বললেন, মনে হলো সত্যি। টেস্ট দলে থাকাটাই যাঁর স্বপ্নের সীমানা ছাড়িয়ে গেছে, অভিষেক ম্যাচে তাঁর হারানোরই বা কী আছে!জাতীয় দলে খেলার আশা ছেড়ে দিয়েছিলেন বছর দুয়েক আগেই। দলে জায়গা পেয়েই বিস্ময়ের চূড়া দেখে ফেলা সানি তাই অভিষেক ম্যাচে বড় কিছুর স্বপ্ন দেখেননি, ক্রিকেট বিধাতার কাছে চাননি কিছু। কিন্তু ক্রিকেটকে ভালোবেসে এত দিন ধরে দেশের ঘরোয়া ক্রিকেটে গভীর একাগ্রতায় খেলে গেছেন যিনি, তাঁর নিষ্ঠার প্রতিদান ক্রিকেট বিধাতা না দিয়ে পারেন! ক্লাব আর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই এক জীবন কাটিয়ে দেওয়াটা যিনি মানসিকভাবে মেনে নিয়েছিলেন, সেই সানি আজ তাই ইতিহাসের অংশ।৪ উইকেট নিয়ে কালকের দিন শুরু করেছিলেন, ৫ উইকেট ছুঁয়ে ফেলেন সাতসকালেই। একটু পর পেয়ে যান ৬ নম্বরও। ৭-৮-৯...দেশের রেকর্ড তো বটেই, বিশ্বরেকর্ড গড়ে ফেলাটাও এক সময় অসম্ভব মনে হচ্ছিল না। সেটা হয়নি, কিন্তু যা হয়েছে, তা-ই বা কম কী! অভিষেক ইনিংস আর অভিষেক ম্যাচে দ্বিতীয় সেরা বোলিং—এই হলো দেশের হয়ে কীর্তি। এক গণ্ডা ক্যাচ না পড়লে বা আম্পায়াররা বিমুখ না করলে দুটোতেই শীর্ষে থাকতেন। তবে শুধু দেশের রেকর্ডে নয়, সব মিলিয়েও রেকর্ডের আরেকটি পাতায় সেরার খুব কাছাকাছি সানি। অভিষেকে বাঁহাতি স্পিনারদের মধ্যে তাঁর চেয়ে ভালো বোলিং আছে আর মাত্র দুজনের!১৯৫০ সালের ইংল্যান্ডের কাছে ওল্ড ট্রাফোর্ড টেস্ট ২০২ রানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে ওই ম্যাচেই একসঙ্গে অভিষেক হয়েছিল এক বাঁহাতি আর এক ডানহাতি অফ স্পিনারের, যাঁরা জুটি বেঁধে পরে ওয়েস্ট ইন্ডিজকে এনে দিয়েছেন দারুণ কিছু জয়। আলফ ভ্যালেন্টাইন ও সনি রামাধীন। অভিষেকে হারা ম্যাচেও দুজন নিয়েছিলেন ১৫ উইকেট। এর মধ্যে বাঁহাতি ভ্যালেন্টাইনই ১১টি, প্রথম ইনিংসে ৮টি। ৬১ বছরও পরও ভ্যালেন্টাইনকে ছাপিয়ে যেতে পারেননি কেউ।ভ্যালেন্টাইনের কীর্তিটাকে বলা যায় ১৭ বছর আগের এক প্রতিশোধ। ১৯৩৩ সালে ওই ওল্ড ট্রাফোর্ডেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৬ রানে ৭ উইকেটে পেয়েছিলেন ইংলিশ বাঁহাতি স্পিনার জেমস ল্যাংরিজ। ক্রিকেট ইতিহাসে ল্যাংরিজ জায়গা পেয়েছেন শুধু ওই অভিষেক কীর্তির কারণেই। পরের ৭ ম্যাচে উইকেট পেয়েছিলেন মাত্র ১২টি! সানি ছাড়া আর একজন বাঁহাতি স্পিনারেরই অভিষেকে ৬ উইকেট আছে। সেই একজন, দিলীপ দোশীর অভিষেক হয়েছিল আবার ৩২ বছর বয়সে! সানি তো এটা আশাই করেননি। পরশু ৪ উইকেট পাওয়ার পর অবশ্য একবার তাঁর মনে হয়েছিল ৫ উইকেট পেলে মন্দ হয় না। সেটা পেয়েছেন, সঙ্গে ম্যাচ-সেরাও। ‘প্রথম ম্যাচেই ম্যান অব দ্য ম্যাচ হওয়াটা অনেক বড় ব্যাপার। অনেক ভালো লাগছে। এ রকম কিছু হবে—এটা ভাবিনি। তবে ইচ্ছা ছিল ভালো বল করব’—সানির উচ্ছ্বাসটা তবু পরিমিত। পরশু নিজেই বলেছিলেন, কাল অধিনায়ক মুশফিকুর রহিমও বললেন, এর চেয়েও ভালো বোলিং করতে পারেন। সেই ভালোটা দেখার অপেক্ষায় থাকবে সবাই। কী ভাবছেন, এখনই চাপে ফেলা হচ্ছে? ধ্যাত, যাঁর কিছুই হারানোর নেই, তাঁর জন্য চাপ আবার কী, যা পাবেন সবই তো বোনাস!