সানিয়া হবেন মালিকের ‘দ্বিতীয় স্ত্রী’!
বলিউডি ছবির গল্পের ছোঁয়া খুঁজে যাচ্ছিল সবাই। সানিয়া মির্জা আর শোয়েবের বিয়ের খবরে এবার সিনেমার ‘ক্লাইম্যাক্স’ নিয়ে হাজির আয়েশা সিদ্দিকের বাবা এম এ সিদ্দিক। ফোনে শোয়েবের সঙ্গে আয়েশার বিয়ে হয়েছে অনেক আগেই—এমন দাবি তাঁরা বহুদিন ধরে করে আসছেন। ভারতীয় দৈনিক ডিএনএকে সিদ্দিক বলেছেন, ‘ও (মালিক) এখনো আমার মেয়েকে তালাক দেয়নি। ফলে আয়েশা এখনো ওর স্ত্রীর মর্যাদাই পাবে। যার ফলে মালিক যদি সানিয়াকে বিয়ে করে, সে ক্ষেত্রে সানিয়া হবে ওর দ্বিতীয় স্ত্রী।’২০০২ সালে মালিকের সঙ্গে আয়েশার বিয়ে হয়েছিল বলে দাবি করেছেন সিদ্দিক। সে সময় ভিসাসংক্রান্ত জটিলতার কারণে বিয়েটা সরাসরি হতে পারেনি। এমনও শোনা যাচ্ছে, আয়েশা পরে মুটিয়ে যাওয়াতেই নাকি তাঁর ওপর থেকে মন উঠে যায় পাকিস্তানি অলরাউন্ডারের। বিয়েটাও অস্বীকার করেন মালিক। সিদ্দিকের পরিবারের কাছেও আয়েশা-মালিকের পাশাপাশি কোনো ছবি নেই। তবে সিদ্দিক জানিয়েছেন, বিয়ের প্রমাণ হিসেবে তিনি কাবিননামা দেখাতে পারবেন, ‘নিকানামায় মালিকের সই আছে। তার মানে ও বিয়েটা মেনে নিয়েছিল।’ এমনকি পাকিস্তান ক্রিকেট দলের গত ভারত সফরের সময় বেশ কয়েকজন সতীর্থ ক্রিকেটার নিয়ে মালিক তাঁদের বাড়িতেও এসেছিলেন বলে জানিয়েছেন সিদ্দিক।আয়েশা আর সানিয়া হায়দরাবাদেরই মেয়ে। মালিক পাত্র হিসেবে সুবিধার নয়—এই তথ্য তাঁর পড়শি ইমরান মির্জাকে (সানিয়ার বাবা) জানানো জরুরি মনে করছেন সিদ্দিক, ‘ইমরানের উচিত মালিকের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার আগে আরও ভালোমতো চিন্তাভাবনা করা। তাঁর মনে রাখা উচিত, মালিক এরই মধ্যে হায়দরাবাদেরই একটা মেয়ের সঙ্গে প্রতারণা করেছে। সানিয়াও তো আমার মেয়েরই মতো। আমি ওর ভালো চাই। কিন্তু আমার ভয় হচ্ছে, সানিয়াও শেষ পর্যন্ত প্রতারণার শিকার হবে।’মালিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া কথাও জানিয়েছেন সিদ্দিক। ইসলামি এবং ভারতে প্রচলিত আইন অনুযায়ী কী ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আইনজীবীদের সঙ্গে তিনি সলাপরামর্শ করছেন। ২০০২ সালে বিয়ে হলেও ২০০৮ সালের আগ পর্যন্ত সেটি মালিক অস্বীকার করেননি জানিয়ে আয়েশার বাবা বলেছেন, ‘আমার মনে পড়ছে হায়দরাবাদে একটা ম্যাচ খেলতে এসেছিল পাকিস্তান। তখন অরুণ লাল (ভাষ্যকার) মালিককে তাঁর বিয়ে নিয়ে অভিনন্দনও জানিয়েছিল। জবাবে মালিক ধন্যবাদ জানায়। শুধু তা-ই নয়, সে তো এই শহরটাকে তার শ্বশুরবাড়িও বলেছিল তখন। ওই ম্যাচে জেতা পুরস্কারটা ও তার স্ত্রীকে উত্সর্গও করেছিল।’ এদিকে হেডলাইনস টুডে নামের একটি চ্যানেল জানিয়েছে, সিদ্দিক যে দিনের কথা বলছেন, সেদিনের ভিডিও ফুটেজ তাদের কাছে আছে।মালিকের কারণে তাঁর পরিবার কী ধরনের ভোগান্তির ভেতর দিয়ে যাচ্ছে তারও বিবরণ দিয়েছেন সিদ্দিক। এমনও জানিয়েছেন, আয়েশা দুবার আত্মহত্যার চেষ্টাও করেছিল। মেয়ের এই কষ্ট দেখে হূদরোগে আক্রান্ত হয়ে ৬২ বছর বয়সী সিদ্দিকের বাইপাস সার্জারি করাতে হয়েছে। ‘আয়েশা উচ্চশিক্ষিত। সম্প্রতি এমবিএ শেষ করেছে। সৌদি আরবের একটি আন্তর্জাতিক স্কুলে শিক্ষকতাও করায়’—এমন মেয়ের এই পরিণতি বাবা কোনোমতেই মেনে নিতে পারছেন না।ইসলামি আইন অনুযায়ী তালাক না পাওয়া পর্যন্ত আয়েশার পক্ষে দ্বিতীয় বিয়ে করা সম্ভব নয়। আর তাই মালিকের কাছে কোনো চাওয়া নেই সিদ্দিকের, শুধু চান, যেন তাঁর মেয়েকে আনুষ্ঠানিকভাবে তালাক দেওয়া হয়। আরও একটি চাওয়া আছে তাঁর। সানিয়ার বাবা-মা যেন ভালোভাবে খোঁজ নেওয়ার পরই বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করেন মালিকের সঙ্গে। ওয়েবসাইট।