বিশ্ব হকি লিগের তৃতীয় রাউন্ডের টিকিট পাওয়াটা যে বাংলাদেশের জন্য কষ্টসাধ্য ব্যাপার, সেটা আগে থেকেই অনুমান করা যাচ্ছিল। তারপরও পুরো প্রতিযোগিতায় জিমি-চয়নরা যেরকম আশা জাগানিয়া পারফরমেন্স দেখিয়েছেন, তাতে খানিকটা সন্তুষ্টি প্রকাশ তো করাই যায়। আজ দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে ৫-১ গোলে হেরে বিদায় নিতে হলেও ভালো খেলতে পারার সান্তনা নিয়েই দেশে ফিরতে পারবেন বাংলাদেশের খেলোয়াড়েরা।গত ম্যাচে ফিজির বিপক্ষে চার গোল করা মামুনুর রহমান চয়নই করেছেন আজকে বাংলাদেশের পক্ষে একমাত্র গোলটি। প্রথমার্ধের শেষে ব্যবধানটা ২-১ থাকলেও দ্বিতীয়ার্ধে বাংলাদেশের জালে আরও তিনবার বল জড়িয়ে ব্যবধানটা ৫-১ এ নিয়ে যান ভারতীয় খেলোয়াড়েরা। বাংলাদেশের বিপক্ষে আজকের এই জয় দিয়ে অপরাজিত থেকেই পরবর্তী রাউন্ড নিশ্চিত করেছে ভারত। পাঁচ ম্যাচে চারটি জয় দিয়ে পরবর্তী রাউন্ডে ভারতের সঙ্গী হয়েছে আয়ারল্যান্ড। আজ নিজেদের শেষ ম্যাচে চীনকে তারা হারিয়েছে ৪-০ গোলে।বিশ্ব হকি লিগের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নিতে হলেও বাংলাদেশ যে এখানে একটা সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি করতে পেরেছে সেটা নিঃসন্দেহে বলা যায়। প্রথম রাউন্ডে সবগুলো ম্যাচ জিতেই দ্বিতীয় রাউন্ডে এসেছিল বাংলাদেশ। এখানে তাদেরকে মোকাবিলা করতে হয়েছে চীন, আয়ারল্যান্ড ও ভারতের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। শুধু ফিজি ছাড়া গ্রুপের বাকি চারটি দলই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অনেক উপরে আছে। তারপরও চীন, ওমানকে পেছনে ফেলে তৃতীয় স্থান নিয়ে শেষ করতে পারাটা নিশ্চয়ই উজ্জীবিত করবে বাংলাদেশকে। সেই সঙ্গে দেশের হকি অঙ্গনে যোগ হবে চীন-ওমানকে হারানোর আত্মবিশ্বাস।