সান্তির গোলে রিয়ালের অশান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘড়ির কাঁটা টিক টিক করে বাজছে। যেকোনো সময় বাজবে রেফারির লম্বা বাঁশি। সেই সময় রিয়াল মাদ্রিদের বক্সের খানিকটা বাইরে ফ্রি-কিক পেয়ে গেল মালাগা। শট নিতে এলেন সান্তি কাজোরলা। যেন কাঁটা কম্পাসে রেখা মেপে রিয়াল খেলোয়াড়দের গড়া দেয়াল আর এই মুহূর্তে বিশ্বের সেরা গোলপ্রহরী ইকার ক্যাসিয়াসকে ফাঁকি দিয়ে পোস্টের ওপরের ডান কোণ দিয়ে বল ঢুকে গেল জালে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে সান্তির গোল অশান্তি এনে দিল রিয়াল শিবিরে। ওই গোলেই যে দুটি পয়েন্ট হারাল লিগে আগের ২২ ম্যাচের ২১টাই জেতা রিয়াল। সেটিও নিজেদের মাঠে!‘কখনোই ডুববে না’ এই গ্যারান্টি দিয়ে সাগরে ভাসা টাইটানিকও ধাক্কা খেয়েছিল হিমশৈলে। এই মৌসুমেও প্রায় নিশ্চিত লিগ জয়ের দিকে ছুটে চলা রিয়াল কি তেমনি এক ধাক্কা খেল? বার্সেলোনা সমর্থকেরা সেই সমীকরণই মেলাতে চাইছেন হয়তো। যদিও টাইটানিকের সঙ্গে এর তুলনা করাটা বাড়াবাড়ি। তবে এটা বলাই যায়, রিয়াল ২ পয়েন্ট হারানোয় বার্সার আশার ডুবোচরটা জেগে উঠল খানিকটা। ব্যবধান এখন ৮ পয়েন্টের। সেটা পাঁচে নামিয়ে আনার সুযোগ আজই পাচ্ছে পেপ গার্দিওলার দল। গ্রানাডার বিপক্ষে নিজেদের মাঠে খেলবে বার্সা। অবশ্য আগামীকালই ভিয়ারিয়ালের সঙ্গে খেলা রিয়ালের। লিগে আর ১১টি ম্যাচ বাকি।এমন একটা ফলের জন্য মোটেও প্রস্তুত ছিল না রিয়াল। এই মৌসুমে নিজেদের মাঠে একটা ম্যাচেই পয়েন্ট হারিয়েছিল তারা, সেটিও বার্সেলোনার বিপক্ষে। পরশু শুরুটাও করেছিল তারা দাপটের সঙ্গে। যদিও মালাগার গোলমুখ খুলতে পারছিল না কিছুতেই। অবশেষে ৩৫ মিনিটে স্বস্তির গোলটা করেন করিম বেনজেমা। গোলরক্ষকের কৃতিত্বে বেশ কবার বেঁচে যাওয়া মালাগা শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ে শোধ তুলল। সান্তিয়াগো বার্নাব্যু থেকে ‘বিতাড়িত’ কোচ হোসে ম্যানুয়েল পেলেগ্রিনিও যেন প্রতিশোধ তুলে নিলেন মালাগার কোচ হয়ে! এই পরাজয়ে অসন্তুষ্ট মাদ্রিদ সংবাদমাধ্যম ম্যাচ শেষে হোসে মরিনহোকে দাঁড় করিয়েছে প্রশ্নের মুখে। কিন্তু এতে যেন আরও চটে যান রিয়াল কোচ, ‘যা হয়েছে সেটা অস্বাভাবিক কিছু নয়। আমরা যে টানা এতগুলো ম্যাচ জিতলাম, এ নিয়েও তো আপনারা প্রশ্ন করতে পারতেন—আমাদের কী হয়েছে। দল মাঠে নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে। দ্বিতীয়ার্ধে আমরা অনেক ভালো খেলেছি। পুরোটা সময় ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। অনেকগুলো সুযোগও তৈরি করেছি। তা ছাড়া রেফারি দুটি পেনাল্টিও দেননি, দুটি অফসাইড দিয়েছে সেটা ঠিক হয়নি। তবে একটা ম্যাচে এগুলো হতেই পারে।’ এএফপি।