সান্তোসে নতুন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্রই সান্তোস ছেড়ে বার্সেলোনায় যোগ দিয়েছেন নেইমার। কিন্তু আরেক নেইমারকে এরই মধ্যে পেয়ে গেছে সান্তোস!আসল নাম গ্যাব্রিয়েল বারবোসা আলমেইডা। গোল করার দক্ষতায় তাঁর নাম হয়ে গেছে ‘গ্যাবিগোল’। সান্তোসের যুব একাডেমিতে প্রতিভার ছাপ রেখে চলেছেন অনেক দিন ধরেই। তবে সেসবই ছিল কুঁড়ি থেকে ফুল হয়ে ফোটার বার্তা। এবার ব্রাজিলজুড়ে হইচই ফেলে দিয়েছেন সান্তোসের হয়ে মাত্র ১৬ বছর বয়সেই পেশাদার ফুটবলে নিজের প্রথম গোল করে। গত বুধবার তাঁর গোলেই ব্রাজিল কাপে গ্রেমিওকে হারিয়েছে সান্তোস (১-০)। পরদিন প্রতিটি ব্রাজিলিয়ান পত্রিকারই শিরোনাম ‘গ্যাবিগোল’। খেলার ধরন আর গোল করার দক্ষতা দেখে তাঁকে বলা হচ্ছে ‘নতুন নেইমার’।সান্তোস হলো প্রতিভাবান সব ফুটবলারের আঁতুড়ঘর। পেলে, রবিনহো ও সর্বশেষ নেইমারের আবিষ্কার এই ক্লাবেই। এবার আগমনী গান গাইছেন গ্যাব্রিয়েল।গ্যাব্রিয়েলের বুধবারের ঘটনাটা ঠিক রূপকথার মতো। তাঁর মুখেই না হয় শোনা যাক, ‘বাড়িতে বসে পুরোটা বিকেল ভিডিও গেমস খেলে স্টেডিয়ামে গিয়েছিলাম শুধু খেলা দেখতে। দল ও খেলোয়াড়দের সমর্থন জানাতে গেলাম ড্রেসিংরুমে, কিন্তু তারা আমাকে বলল তৈরি হতে। কারণ ভিক্টর খেলতে পারবে না। এমনকি আমার কাছে আমার বুট ছিল না, কোনো কিছুই ছিল না।’ম্যাচের শুরুতে ছিলেন বেঞ্চে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামার কিছুক্ষণ পরই এল সেই মহেন্দ্রক্ষণটি। ৮২ মিনিটে করলেন গোল। গোলটি করে গ্যাব্রিয়েল একদিক দিয়ে ছাড়িয়ে গেছেন নেইমারকেও।নেইমার সান্তোসের হয়ে তাঁর প্রথম পেশাদার গোলটি করেছিলেন ১৭ বছর বয়সে। গ্যাব্রিয়েল প্রথম গোল করলেন তাঁর চেয়েও দুই মাস কম বয়সে। নেইমারের প্রথম গোলটি ছিল পেশাদার ফুটবলে তাঁর তৃতীয় ম্যাচে, ১৪৯ মিনিট খেলার পর। গ্যাব্রিয়েলের গোলটি ষষ্ঠ ম্যাচে, তবে মাঠে মাত্র ২৪ মিনিট খেলে। বাঁ পায়ের নিচু শটে পরাস্ত করেছেন গ্রেমিওর অভিজ্ঞ গোলরক্ষক দিদাকে, যিনি তাঁর চেয়ে ২৩ বছরের বড়!দলে ডাক পেয়েই ছিলেন বিস্ময়াবিষ্ট। তার ওপর পেলেন গোল, উদ্যাপনটাও তাই করেছেন মনের রাখার মতো করে। গোল করেই দৌড়ে যান দর্শকদের কাছে। পরে উচ্ছ্বসিত কণ্ঠে বলেছেন, ‘ভিডিও গেমসে আমি প্রচুর গোল করি। কিন্তু বাস্তবে গোল করাটা অনেক অনেক বেশি আনন্দের। এই মুহূর্তটা আমি সারা জীবন স্মৃতিতে জমিয়ে রাখব। আমি অবিশ্বাস্যরকম খুশি, বাকরুদ্ধ।’ সান্তোসের কোচ ক্লদিনেই বলেছেন, এই গোল দিয়ে গ্যাব্রিয়েল আরও ম্যাচ খেলার দাবিটা জোরালো করেছেন। মানুষ তো চিনছে এখন, গ্যাব্রিয়েলের প্রতিভাটা প্রথম চিনেছিলেন বেতিনহো নামের এক ব্রাজিলিয়ান, সেই ১০ বছর বয়সে। বেতিনহো তখনই ভবিষ্যদ্বাণী করেছিলেন, ‘এই ছেলে ভবিষ্যতে অনেক ওপরে যাবে।’এই ৩০ আগস্ট ১৭-তে পা দেবেন গ্যাব্রিয়েল। ব্রাজিলের অনূর্ধ্ব-১৫ দলে খেলেছেন। ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৭ দলেও। নেইমারের মতো নতুন নেইমারকে নিয়েও নিশ্চয় ইউরোপে চলবে টানাটানি? চাইলেও কাজটা সহজ হবে না। সান্তোস এরই মধ্যে গ্যাব্রিয়েলের নামের ওপর ঝুলিয়ে দিয়েছে ৫ কোটি ইউরোর বাই-আউট ক্লজ! ওয়েবসাইট।