সান্তোসে নেইমার-জাদু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেইমার-জাদুতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই কোপা লিবার্তোদোরেসের শেষ ষোলোতে উঠল বর্তমান চ্যাম্পিয়ন সান্তোস। শেষ মুহূর্তের দুই গোলে পরশু গ্রুপ পর্বের শেষ ম্যাচে সান্তোস বলিভিয়ান ক্লাব দ্য স্ট্রঙ্গেস্টকে হারিয়েছে ২-০ গোলে। দুটি গোলই ম্যাচের শেষ চার মিনিটে, দুটি গোলেই অবদান আগের আসরের সেরা খেলোয়াড় ২০ বছর বয়সী নেইমারের। একটি গোল নিজে করেছেন, আরেকটি করিয়েছেন।জয়ে সান্তোসের নেওয়া হলো প্রতিশোধও। দুই মাস আগে প্রথম লেগে স্ট্রঙ্গেস্টের মাঠ থেকে সান্তোসকে ফিরতে হয়েছিল ১-০ গোলে হেরে। দুই সপ্তাহ পর সান্তোসকে আবারও ডিঙাতে হবে লাপাজের ৩৬০০ মিটার উচ্চতা। কারণ শেষ ষোলোতে আরেক বলিভিয়ান প্রতিপক্ষেরই মুখোমুখি হতে হচ্ছে তাদের। দাঁড়াতে হচ্ছে বলিভারের সামনে।প্রথম লেগের জয়ে অনুপ্রাণিত হয়ে পরশু দ্বিতীয় লেগেও জিততে পারলে গ্রুপ ‘এ’ থেকে সান্তোসের সঙ্গে শেষ ষোলোতে উঠে যেত স্ট্রঙ্গেস্ট। কিন্তু তারা উল্টো হেরে যাওয়ায় কপাল খুলেছে দুবারের চ্যাম্পিয়ন ইন্টারন্যাসিওনালের। পেরুর ক্লাব হুয়ান আরিচের কাছে ১-০ গোলে হেরেও শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে ব্রাজিলিয়ান ক্লাবটি। প্রি-কোয়ার্টার ফাইনালে ইন্টারন্যাসিওনালের প্রতিপক্ষ আরেক ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।নকআউট পর্বে জায়গা করে নেওয়া ছয় সাবেক চ্যাম্পিয়নের মধ্যে আছে বোকা জুনিয়র্সও। সেখানে ছয়বারের শিরোপাজয়ী বোকার প্রতিপক্ষ চিলির ক্লাব ইউনিয়ন এস্পানোলা। আরেক আর্জেন্টাইন ক্লাব লানুস মুখোমুখি হবে ১৯৯৮ চ্যাম্পিয়ন ভাস্কো দা গামার। কোপা লিবার্তোদোরেসে প্রথম শিরোপার দিকে তাকিয়ে থাকা ব্রাজিলের অন্যতম সেরা ক্লাব করিন্থিয়ানসের প্রতিপক্ষ বিস্ময় জাগিয়ে ওঠা ইকুয়েডরিয়ান ইমেলেক। রয়টার্স।