প্রায় আধাশতাব্দী আগের ছবিটাই যেন ফিরে এল। একটা বড় পার্থক্য অবশ্য আছে। ৪৯ বছর আগে ছবিটা ছিল সাদা-কালো, মানুষগুলো ছিল রঙিন। আর এখন ছবিটা রঙিন হয়েছে, মানুষগুলো হয়ে গেছে ‘সাদা-কালো’। প্রায় সবার মাথায়ই কাঁচাপাকা চুল। কারও কারও চুল পুরোপুরি বকসাদা। মুখের চামড়ায় বয়সের ভাঁজ। এই পার্থক্যটা বাদ দিলে বাকি সবকিছুই একই রকম। ১৯৬৩ সালে যেভাবে কোপা লিবার্তোদোরেসের শিরোপা নিয়ে উৎসবে মেতেছিলেন পেলে, কৌতিনহো, লিমারা; পরশু সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে একইভাবে একই ট্রফি নিয়ে উৎসব হলো। সত্তরের ঘরে পা দেওয়া সবাই যেন ফিরে গেলেন সেই উচ্ছল তারুণ্যে।১৯৫৬ সালে সান্তোসের জার্সি গায়েই পেশাদার ফুটবলে অভিষেক পেলে নামের ১৬ বছর বয়সী এক বিস্ময়বালকের। এর পর টানা ২১ বছর এই ক্লাবের হয়ে খেলেছেন। নিউইয়র্ক কসমসের দুই বছরের ‘শখের ফুটবল’ বাদ দিলে ক্যারিয়ারের পুরোটাই পেলে নিবেদন করেছেন সান্তোসকে। তাঁর সেই প্রিয় ক্লাব সান্তোস ১০০ বছর পূর্ণ করল পরশু। শতবর্ষ পূর্তিতে বেশ কিছুদিন ধরেই ব্রাজিলে অনুষ্ঠান করছে সান্তোস। পরশু ছিল মূল অনুষ্ঠানটি। এদিন ক্লাবের স্টেডিয়ামে ১৯৬২ আর ১৯৬৩ সালে দক্ষিণ আমেরিকার ক্লাব শ্রেষ্ঠত্ব কোপা লিবার্তোদোরেস জয়ী দলটিকেও জানানো হয়েছে সম্মাননা। পেলেদের পর গত বছরই আবার লিবার্তোদোরেস জিতেছে সান্তোস। সেই ট্রফিটাই হেলিকপ্টারে করে উড়িয়ে নিয়ে মাঠে এসেছেন পেলে। সেখানে অপেক্ষা করছিলেন তাঁর পুরোনো সতীর্থরা। ‘এ মুহূর্তটা ঈশ্বরের দেওয়া একটা উপহার। এই আনন্দ, এই তৃপ্তি শুধু আমার একার নয়। আমার সঙ্গে আরও অনেকে লড়াই করেছে এর জন্য। এই উৎসব তাই সবার’—সাবেক সতীর্থদের সঙ্গে আবারও এক ফ্রেমে বন্দী হওয়ার পর এটাই ছিল পেলের প্রতিক্রিয়া। পঞ্চাশের দশকের মাঝামাঝি থেকে সত্তরের মাঝামাঝি—পেলে যে দুই দশক খেলেছেন, সেই সময় সান্তোস শুধু ব্রাজিল নয়, বিশ্বের অন্যতম সেরা ক্লাব হয়ে উঠেছিল। একসময় ব্রাজিলের অন্যতম গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট ছিল সাও পাওলোর কাম্পেওনাতো পলিস্তা। পেলের জামানায় ১৫ বছরের ব্যবধানে ১১ বার এই ট্রফি জিতেছে সান্তোস! দুবার মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জিতে খেলতে গেছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। এখন যেটি ক্লাব বিশ্বকাপ নামে পরিচিত। দুবারই ইউসেবিওর বেনফিকা আর ইতালিয়ার এসি মিলানকে হারিয়ে শিরোপা জিতেছে তারা। সান্তোসের জনপ্রিয়তা এমন জায়গায় পৌঁছেছিল, পেলেসহ দলটি যেবার কঙ্গো আর নাইজেরিয়া সফর করতে গেল, ওই সময় সাময়িকভাবে থেমে গিয়েছিল আফ্রিকান দেশ দুটির গৃহযুদ্ধ! সান্তোসের এই বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে ওঠার কথা পেলে তাঁর আত্মজীবনীতে এভাবে লিখেছেন, ‘সান্তোস তখন শুধু একটা জায়গাতেই যায়নি—চাঁদে!’ এএফপি।