সান্তোসেই থাকতে চান রবিনহো
ছয় মাসের ধারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। রবিনহো এখন একান্তই ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির খেলোয়াড়। ঘরের ছেলেকে ঘরে ফিরিয়ে আনতে ম্যানসিটিও উদগ্রীব। কিন্তু রবিনহো সান্তোসেই থেকে যেতে চান।আকারে-ইঙ্গিতে আগেও বার কয়েক এমন আকাঙ্ক্ষা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। পরশু রাতে সান্তোসকে কোপা ব্রাজিল জেতানোর পর আর আভাস-ইঙ্গিত নয়, প্রকাশ্যেই জানিয়ে দিলেন এটা। পরশু রাতে ভিতোরিয়ার কাছে ১-২ গোলে হারলেও প্রথম লেগে ২-০ গোলের জয়ের সুবাদে ৩-২ ব্যবধানে কোপা ব্রাজিল জিতল সান্তোস। এই প্রথমবারের মতো জাতীয় পর্যায়ের কোনো নকআউট টুর্নামেন্টের শিরোপা জিতল সান্তোস। আর এতে অর্জিত হলো আগামী বছরের লিবার্তাদোরেস কাপে খেলার যোগ্যতাও।এ ম্যাচ দিয়েই শেষ হয়ে গেছে ছয় মাসের ধারপর্ব। ম্যাচ শেষে রবিনহো বলেছেন, ‘আমি চালিয়ে (সান্তোসে) যেতে আশাবাদী। আমার হূদয়টা এখানেই। আমি এখানেই থাকতে চাই। আমি আমার দলের সঙ্গে কথা বলব। সান্তোস আমাকে আনন্দ এবং ভালো অনেক কিছুই দিয়েছে।’ রবিনহোর হূদয়টা সান্তোসেই থাকার কথা। ২০০২ সালে সিনিয়র ক্যারিয়ারটা যে শুরু করেছিলেন এখানেই। রয়টার্স।