সান্তোসেই থাকবেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৯ বছর বয়সেই নিজের ফুটবল-প্রতিভা বেশ ভালোমতোই প্রমাণ করেছেন নেইমার। ব্রাজিলিয়ান এই বিস্ময়-বালকের দুর্দান্ত পারফরমেন্সে ৪০ বছর পর ব্রাজিলিয়ান লিগ জিতেছে সান্তোস। এখন তাঁকে দলে ভেড়ানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। এদের মধ্যে আছে ইউরোপের অন্যতম ধনী ক্লাব রিয়াল মাদ্রিদও। তবে এখনই ব্রাজিল ছেড়ে ইউরোপে যাওয়ার কথা চিন্তা করছেন না নেইমার। আরও অন্তত একটা মৌসুম সান্তোসের জার্সি গায়েই খেলতে চান এই ব্রাজিলিয়ান তারকা।সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নেইমার বলেছেন, ‘আমি এখন সান্তোসেই থাকতে চাই। এই মুহূর্তে আমি জাতীয় দলের হয়ে ভালো পারফরমেন্স দেখানোর দিকেই বেশি মনোযোগ দিচ্ছি। অন্যদিকে কী হচ্ছে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমি এখনো আমার বাবা বা এজেন্টের সঙ্গে কথা বলিনি। তারাই এ সমস্ত ব্যাপার দেখাশোনা করে। তবে আমি সান্তোসের হয়ে ক্লাব ফুটবল খেলতে চাই।’নেইমারকে নিয়ে রিয়াল মাদ্রিদের আগ্রহের ব্যাপারটা গোপন করেননি সান্তোসের সভাপতি লুইস ওলিভেরিয়া। তবে তিনি যে নেইমারকে সান্তোসেই রাখতে চান, এটাও স্পষ্টই জানিয়ে দিয়েছেন তিনি। বলেছেন, ‘নেইমারকে সান্তোসেই রাখার জন্য আমরা সবকিছুই করতে পারি। এখন পর্যন্ত ইউরোপের পাঁচটি ক্লাব নেইমারের ব্যাপারে আমার সঙ্গে যোগাযোগ করেছে। রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও তাঁদের মধ্যে একজন। তবে আমরা তাঁকে এত সহজে ছাড়তে চাই না।’ ইএসপিএন।