সান্তোসেই থেকে গেলেন নেইমার
রিয়াল মাদ্রিদ নয়, বার্সেলোনাও নয়। সব গুঞ্জন আর ইউরোপিয়ান বড় ক্লাবগুলোর দৌড়ঝাঁপে জল ঢেলে নেইমার থেকে গেলেন সান্তোসেই। ২০১৪ বিশ্বকাপ ফুটবলের আসর বসবে ব্রাজিলে। নিজেদের মাটির বিশ্বকাপকে মাথায় রেখে গত পরশু সান্তোসের সঙ্গে নতুন করে গাঁটছড়া বাঁধলেন ১৯ বছর বয়সী ফুটবল-প্রতিভা। নতুন চুক্তি অনুযায়ী ২০১৪ বিশ্বকাপ পর্যন্ত সান্তোসের হয়ে গেলেন নেইমার।২০১০ সালের গ্রীষ্মেই নেইমারকে পেতে বড় অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হয়েছিল চেলসি। কিন্তু কিংবদন্তি পেলে, ব্রাজিল কোচ মানো মেনেজেসসহ অন্যদের উপদেশ-পরামর্শে লোভনীয় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়ে সান্তোসেই থেকে যান নেইমার। বছর না ঘুরতেই নেইমারকে দলে পেতে আগ্রহী হয়ে উঠেছিল দুই স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা।বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা রোনালদোর মতো অনেকে ভবিষ্যৎ প্রশ্নে নেইমারকে ইউরোপে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু নতুন চুক্তিতে সই করেই নেইমার বলেছেন, ‘আমি খুবই খুশি। এটা আমার জীবনের আরেকটা সিদ্ধান্ত, একটি পারিবারিক সিদ্ধান্ত। আগামীকাল কী ঘটবে কেউই বলতে পারবে না। তবে এটা আমার জীবনের বিস্ময়কর এক মুহূর্ত। সিদ্ধান্তটি নেওয়া কঠিন কিছু ছিল না। কারণ আমি এখানে সুখেই আছি। আমি অসাধারণ সব সমর্থকের জন্য খেলি...এবং আমার ব্রাজিলে থাকার আনন্দটা হলো, এর চেয়ে ভালো দেশ আর হয় না।’সান্তোসে নেইমার খেলেন ১১ নম্বর জার্সি পরে। তবে নতুন চুক্তির পর নেইমারের হাতে যে জার্সিটি ধরিয়ে দেন সান্তোসের সভাপতি লুইস আলভেরো ডি অলিভিয়েরা, তার নম্বর ২০১৪। সান্তোসে নেইমারের নতুন চুক্তির সঙ্গে ব্রাজিলের ২০১৪ বিশ্বকাপের সম্পর্কটা এবার বুঝলেন?রিয়াল, বার্সেলোনা কিংবা ইউরোপের অন্য ক্লাবগুলো বড় অঙ্কের টাকা দিতে চেয়েছিল। সেসব লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করলেও নতুন চুক্তি অনুযায়ী সান্তোসে মোটা বেতনই পাবেন নেইমার। সান্তোস অবশ্য বিস্তারিত কিছুই জানায়নি। তবে ব্রাজিলিয়ান গণমাধ্যমে খবর, বেতন এবং বিজ্ঞাপনী স্বত্ব মিলিয়ে নেইমারের মাসিক আয় হবে ১৭ লাখ ৩০ হাজার ডলার (৩০ লাখ ব্রাজিলিয়ান রিয়াল), বছরে ২ কোটি ৪ লাখ ডলার।ফোর্বস ম্যাগাজিনের হিসাবে বিশ্বের সর্বোচ্চ রোজগেরে ফুটবলার ডেভিড বেকহাম। এলএ গ্যালাক্সির ইংলিশ মিডফিল্ডারের বার্ষিক আয় ৪ কোটি ডলার। রিয়ালের পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর বার্ষিক আয় দ্বিতীয় সর্বোচ্চ ৩ কোটি ৮০ লাখ ডলার। ব্রাজিলভিত্তিক খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ৪০ লাখ আয় রোনালদিনহোর, যা বিশ্বে পঞ্চম। রয়টার্স।