সান্তোসেই সুখে আছেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সান্তোসেরই এক খেলোয়াড় ছিলেন, যাঁকে ইউরোপীয় ক্লাব ফুটবলের হাতছানি মোহাচ্ছন্ন করতে পারেনি। নিউইয়র্ক কসমসের শখের ওই কটা দিন বাদ দিলে ক্যারিয়ারের পুরোটা সান্তোসে কাটিয়েই পেলে ‘পেলে’ হয়ে উঠেছিলেন। কিন্তু এখনকার বাস্তবতা ভিন্ন। সান্তোসেরই এ যুগের কান্ডারি নেইমার শেষ পর্যন্ত ‘পেলে’ হতে পারবেন না। ইউরোপে যেতেই হবে। নেইমার যেতে রাজিও। কিন্তু তিনিও বলছেন, এখনই ব্রাজিল ছেড়ে যাওয়া তাঁর জন্য সঠিক সময় নয়।‘আমি ব্রাজিলে, সান্তোসে সুখেই আছি। ইউরোপে খেলার স্বপ্ন আমিও দেখি। কিন্তু এটা সঠিক সময় নয়’—রয়টার্সকে বলেছেন ২০ বছর বয়সী এই বিস্ময় প্রতিভা।বয়স যত কমই হোক, সান্তোসের সঙ্গে চতুর্থ মৌসুম পার করছেন এই ফরোয়ার্ড। সান্তোস এবং ব্রাজিল—দুই দলেরই এখন মূল ভরসা তিনি। ব্রাজিল দলের হয়ে সেই আস্থার প্রতিদান দিয়ে চলেছেন। সান্তোসের প্রাপ্তির পাল্লাটা তো আরও অনেক ভারী। পেলে-যুগের পর প্রথম দক্ষিণ আমেরিকান ক্লাব শ্রেষ্ঠত্বের ট্রফি কোপা লিবার্তাদোরেস জিতিয়েছেন গত বছর। স্বাভাবিকভাবেই নেইমারের ওপর চোখ ইউরোপের বড় ক্লাবগুলোর। নেইমারের ইউরোপের নামী ক্লাবগুলোয় যাওয়া উচিত কি না—এটা নিয়েও পক্ষে-বিপক্ষে হররোজ কথা শোনা যায়। দুই পক্ষই দলে যথেষ্ট ভারী। গত বছর সান্তোসের সঙ্গে নতুন করে চুক্তি করে নেইমার তাঁর জবাবটাও দিয়ে দিয়েছেন। নতুন এই চুক্তির মেয়াদ ২০১৫ পর্যন্ত। অবশ্য ২০১৪-এর পরেও নেইমার চাইলে সান্তোস ছাড়তে পারবেন বলে মন্তব্য করেছিলেন তাঁর এজেন্ট। নেইমারের এখনই ইউরোপে যাওয়ার বিপক্ষে মত দেনেওয়ালাদের মধ্যে আছেন কিংবদন্তি পেলেও। তাঁর যুক্তি, ইউরোপে খেলার জন্য নেইমার শারীরিকভাবে এখনো যথেষ্ট শক্তপোক্ত নন। ব্রাজিল থেকে এর আগেও অনেক বিস্ময়কর প্রতিভা ইউরোপের বড় ক্লাবগুলোয় একদম কম বয়সে গেছে। এদের অনেকেই মানিয়ে নিতে না পেরে শেষ পর্যন্ত জায়গা পেয়েছে বড় দলের রিজার্ভ বেঞ্চে। সম্ভাবনার ফুল শুকিয়ে ক্যারিয়ার ঠেকে গেছে তলানিতে।নেইমার নিজেও এখনো তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় দুই ম্যাচে শক্ত স্নায়ুর প্রমাণ দিতে পারেননি। ক্লাব বিশ্বকাপের ফাইনালে লিওনেল মেসির বার্সেলোনার কাছে সান্তোস হেরেছে ৪-০ গোলে। অলিম্পিক ফুটবলের ফাইনালেও ২-১ গোলে মেক্সিকোর কাছে হেরেছে ব্রাজিল। গত কোপা আমেরিকার অভিজ্ঞতাটাও তাঁর জন্য সুখকর হয়নি। নেইমার অবশ্য এসব ব্যর্থতা মন থেকে মুছে ফেলেছেন বলেই দাবি করলেন, ‘কোপা আমেরিকায় আমরা খুবই হতাশ হয়েছি। অলিম্পিকেও আমাদের নিয়ে অনেকে হতাশ হয়েছে, তবে আমরা নিজেরাই হতাশ হয়েছি সবচেয়ে বেশি। আমি অবশ্য অলিম্পিকে অংশ নিতে পেরে, একটি পদক (রুপা) জিততে পেরে খুবই গর্বিত।’ইউরোপে নেইমারের যাওয়ার তাগিদ না থাকার বড় কারণ দুটি। ইউরোপে খেলোয়াড়েরা যান অর্থ ও খ্যাতির লোভে। ব্রাজিলে ঘরে বসেই তা পেয়ে যাচ্ছেন তিনি। প্রতি মাসে তাঁর বেতন আনুমানিক ১২ লাখ ইউরো। এ ছাড়া ১১টি স্পনসরশিপ চুক্তি আছে। তাঁর নামে নামাঙ্কিত একটি দোকান মাউস প্যাড থেকে শুরু করে কুশন, এমনকি খেলনাও বিক্রি করে। আর খ্যাতি? সারা বিশ্বে এ মুহূর্তে সম্ভবত ব্রাজিলের সবচেয়ে পরিচিত মুখ তিনিই।খ্যাতির সঙ্গে সঙ্গে আসে দায়িত্বও। নেইমার জানেন, তাই বিচিত্র চুলের স্টাইল হু হু করে ছড়িয়ে পড়ছে। শিশুরা নকল করছে সেই ‘মহিকান হেয়ার স্টাইল’। ছোটদের কাছে ‘রোল মডেল’ হওয়ার তাগিদও আছে তাঁর মধ্যে, ‘আমি জানি তারা আমার চুলের ধরন নকল করে, আমি যা যা করি তার প্রায় সবই। কিন্তু নিজেকে আমার পপ তারকা মনে হয় না। আমার প্রতি তাদের এই আকর্ষণ দেখে আমি খুশি। কারণ আমি নিজেও একসময় কারও না-কারও ভক্ত ছিলাম, এখনো আছি। আমি জানি, একজন আইডল থাকার মানে কার কাছে কেমন।’মাত্র ১৮ বছর বয়সেই সান্তোসের তখনকার কোচের চাকরি খেয়ে ফেলা নেইমারকে মাথা ঠান্ডা রাখা আর মাটিতে পা রাখা—দুটিই শিখতে হচ্ছে। নেইমার ভালো করেই জানেন, সাফল্যের জন্য এই দুটি মন্ত্র খুবই জরুরি। তা ছাড়া ২০১৪ বিশ্বকাপও তো এখন উঁকি মেরে দেখার দূরত্বে। রয়টার্স।