সান্তোসের ‘প্রথম’ হওয়ার হাতছানি

ইউরোপের দেশগুলো আরও একবার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামার আগে ইউরোর জানা-অজানা নানা গল্প।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্তুগালের কোচ ফার্নান্দো সান্তোস ইউরোর অন্য কোচদের চেয়ে আলাদা।
ছবি: এএফপি

পর্তুগাল কোচ ফার্নান্দো সান্তোস এবারের ইউরোর অন্য কোচদের চেয়ে একটু অন্য রকম। শিরোপার স্বাদটা তাঁর জানা আছে, বাকিদের নেই।

ইউরোর আগের ১৫টি পর্ব জিতেছেন ১৫ জন ভিন্ন ভিন্ন কোচ। সান্তোসের সুযোগের মহিমাটা তো বুঝেছেন! যে শিরোপা কোনো কোচই দুবার জিততে পারেননি, সেটিই দ্বিতীয়বার জেতা প্রথম কোচ হওয়ার সুযোগ তাঁর সামনে। সেই কাজ কত কঠিন, কত কৌশলের, তা জানার লোক যেহেতু নেই; অন্তত রসিকতার ছলে আন্দাজ করতে বলা যেতে পারে ইয়োখিম লুভকে।

১৫ বছর জার্মানির দায়িত্বে থেকে এই ইউরোয় রেকর্ড ছুঁয়ে সরে দাঁড়াবেন লুভ। সুইডিশ কোচ লারস লেগারব্যাকের সর্বোচ্চ চারটি টুর্নামেন্টে থাকার রেকর্ড আছে। এই এক যুগের বেশি সময়ে তিনটি ইউরো মিলিয়ে লুভের দখলে সর্বোচ্চ ম্যাচ (১৭) ও জয়ের রেকর্ড (১১), কিন্তু কখনো শিরোপা ছুঁতে পারেননি। তবে কথায় আছে, মানুষ তাঁর স্বপ্নের সমান বড়। ৬০ পেরিয়ে যাওয়া লুভ চাইলে লুইস আরাগোনাসের কাছ থেকে প্রেরণা নিয়ে অন্য দলের হয়ে ইউরোর সন্ধান চালিয়ে যেতে পারেন।

লুইস আরাগোনাসের কাছ থেকে নেওয়া সেই প্রেরণা ৬৯ বছর ৩৩৬ দিন বয়সে ইউরো জয়ের। ১৩ বছর আগে স্প্যানিশ ফুটবলের সোনালি সময় শুরুর কুশীলব ও ভিসেন্তে দেল বস্কের চোখে ‘জনক’ এই আরাগোনাস সবচেয়ে বেশি বয়সে ইউরোজয়ী কোচ। সবচেয়ে কম বয়সে ইউরোজয়ী কোচও কিন্তু স্পেনেরই।

১৯৬৪ ইউরোয় হোসে ভিয়ালোঙ্গার হাত ধরে প্রথম বড় শিরোপা জেতে স্পেন। ভিয়ালোঙ্গার বয়স তখন ৪৪ বছর ১৯২ দিন। তিনিই এখনো ইউরোজয়ী সর্বকনিষ্ঠ কোচ। মজাটা দেখুন, ফাইনালে ভিয়ালোঙ্গার কাছে হার মানা সোভিয়েত কোচ কনস্তান্তিন বেশকভ আবার ইউরোর ফাইনালে ওঠা সর্বকনিষ্ঠ কোচ (৪৩ বছর ২১৫ দিন)।

ভিয়ালোঙ্গার কীর্তি আছে আরও। ইউরোপিয়ান ক্লাব ফুটবলে শীর্ষ টুর্নামেন্টজয়ী সর্বকনিষ্ঠ কোচও তিনি, রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছেন ৩৬ বছর বয়সে। একটি কাকতালও আছে। সর্বকনিষ্ঠ কোচ হিসেবে ভিয়ালোঙ্গা প্রথম বড় শিরোপা এনে দেওয়ার পর স্পেন দ্বিতীয়টির দেখা পায় সবচেয়ে বেশি বয়সে জয়ী কোচ আরাগোনাসের হাত ধরে। আর এর মাঝে সময়ের ব্যবধান—সর্বকনিষ্ঠ হিসেবে ভিয়ালোঙ্গার ইউরো জয়ের বয়স, ৪৪ বছর!

স্পেন ইউরোকে সর্বকনিষ্ঠ ও সবচেয়ে বেশি বয়সী কোচ উপহার দিলেও জার্মানির অবস্থান এক জায়গায় অন্য রকম। জয়ী কোচদের মধ্যে সর্বোচ্চ চারজনই যে জাতীয়তায় জার্মান! এর মধ্য একজন আছেন, ইউরোর ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র কোচ হিসেবে যিনি শিরোপা জিতিয়েছেন অন্য দলকে—অটো রেহাগেল। ২০০৪ পর্তুগাল পর্বে গ্রিস যে অবিস্মরণীয় রূপকথা গড়ল, সেই দলের কোচ ছিলেন রেহাগেল।

লুইস আরাগোনেস: সবচেয়ে বেশি বয়সে স্পেনকে ২০০৮ সালে ইউরোর শিরোপা জিতিয়েছিলেন।
ছবি: এএফপি

অবশ্য জার্মানদের মধ্যে শুধু তাঁকেই ‘অনন্য’ বলার উপায় নেই। ইউরোর অন্য এক পাতায় একমাত্র হিসেবে আছেন আরও এক জার্মান। বিয়েরহফ-ক্লিন্সমানদের কোচ হিসেবে ১৯৯৬ ইউরোজয়ী বার্টি ফোটস ১৯৭২ ইউরোয় মাঠে না নামলেও জার্মানি (তখন পশ্চিম জার্মানি) দলে ছিলেন। ফোর্টস ছাড়া আর কোনো খেলোয়াড় ও কোচ হিসেবে ইউরো জয়ের স্বাদ পাননি।

৪৪ বছর বয়সেই দেশকে ইউরো জিতিয়েছিলেন হোসে ভিয়ালোঙ্গা।
ছবি: টুইটার

ইউরোয় স্বাদের কথা উঠলে ‘শ্যাম্পেন’–এর কথা আসবেই। আরও আসবেন মিশেল হিদালগো। ১৯৭৬ সালে ফ্রান্স কোচের দায়িত্ব নেওয়ার আগে কোনো দলের মূল কোচ হিসেবে কাজের অভিজ্ঞতা ছিল না হিদালগোর। তখন বড় টুর্নামেন্টে আরও বড় সমস্যার মধ্য দিয়ে যাচ্ছিল ফরাসি ফুটবল। ইউরোয় আগের তিনটি আসরে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি ফ্রান্স। হিদালগো ’৮০-র ইউরোতেও পারলেন না। তবে এর মধ্যেই মিশেল প্লাতিনি, জ্যাঁ তিগানা, লুই ফার্নান্দেজদের নিয়ে ফরাসি ফুটবলের সৌরভ ও তেজ বাড়ানোর কাজ করে গেছেন তিনি। ’৮২ বিশ্বকাপের সেমিফাইনাল খেললেও ফ্রান্স আসল ফল পায় ’৮৪-র ইউরোয়, কোচ হিদালগোর প্রথম মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে।

হিদালগো সেই লড়াইয়ে ‘ম্যাজিক স্কয়ার’ (চারজনের মিডফিল্ড) বানিয়ে ‘শ্যাম্পেন’খ্যাত ফুটবলের মোহ ছড়িয়ে ফ্রান্সকে জেতালেন প্রথম বড় শিরোপা। অর্থাৎ প্রথম ইউরোতেই বাজিমাত, মূল কোচ হিসেবে যাঁর আগে কোনো অভিজ্ঞতাই ছিল না। হিদালগোও এখন নেই। গত বছর পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে।