সান্তোসের বিপক্ষেই অভিষেক নেইমারের
সান্তোসের জার্সি গায়ে শেষ ম্যাচটি খেলার পর কেঁদেই ফেলেছিলেন নেইমার। প্রিয় ক্লাবটির স্মৃতি হয়তো এখনো তাড়িয়ে বেড়াচ্ছে ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে। এরই মধ্যে জানা গেল, বার্সেলোনার জার্সি গায়ে নেইমারের অভিষেকটা হতে পারে সান্তোসের বিপক্ষেই। কয়েক দিন আগেও যে দলকে জেতানোর জন্য আপ্রাণ চেষ্টা করতেন, এখন তাদের জালেই বল জড়ানোর পরীক্ষায় নামতে হবে ব্রাজিলের বিস্ময় বালককে।লা লিগার আগামী মৌসুম শুরু হবে ১৭ আগস্ট থেকে। তার আগে বেশ কিছু প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা। ২০ জুলাই পোল্যান্ডের ক্লাব লেচিয়া দানস্কের বিপক্ষে ম্যাচটি দিয়ে শুরু হবে কাতালানদের প্রাক-মৌসুম প্রস্তুতি। কনফেডারেশনস কাপ শেষ করে ছুটি কাটিয়ে নেইমার ন্যু ক্যাম্পে যোগ দেবেন ২৯ জুলাই। সব ঠিক থাকলে ২ আগস্ট পুরোনো ক্লাব সান্তোসের বিপক্ষে ম্যাচটি দিয়েই আনুষ্ঠানিকভাবে বার্সার হয়ে অভিষেক হবে নেইমারের। পরে সান্তোসের মাঠেও একটি ম্যাচ খেলবে বার্সেলোনা।২০০৯ সাল থেকে পাঁচটি মৌসুম সান্তোসের জার্সি গায়ে খেলেছিলেন নেইমার। এ সময় ২২৫টি ম্যাচ খেলে করেছেন ১৩৬ গোল। ২০১১ সালে সান্তোসকে ৪৮ বছর পর কোপা লিবার্তোদোরেস শিরোপা জেতানোর পেছনেও প্রধান ভূমিকা ছিল নেইমারের।