সান্ত্বনা নয় গোল্ডেন বলও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিওনেল মেসি
লিওনেল মেসি

মুখর মারাকানার মঞ্চের দিকে এগোতে থাকলেন ধীর পায়ে। ফরসা মুখে জমে আছে রাজ্যের বিষাদ। বোঝাই যাচ্ছিল, ইচ্ছার বিরুদ্ধে একরকম জোর করে টেনে নিয়ে যেতে হচ্ছে পা জোড়াকে। পুরস্কারটা যখন হাতে নিলেন, সৌজন্যসূচক হাসিটাও নেই মুখে। বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের গোল্ডেন বল পেয়েছেন বটে, কিন্তু লিওনেল মেসির অতলান্ত বিষাদ তাতে চাপা থাকে না। তাঁর জন্য এটা তো একরকম সান্ত্বনা পুরস্কারই। রাজ্যহারা রাজাকে যদি শুধু রাজপ্রাসাদে থাকতে দেওয়া হয়, রাজগৌরব কি তাতে থাকে?
গোল্ডেন বল পুরস্কারটা পেতে পারেন, সেই ধারণা আগেই পাওয়া গিয়েছিল। চার গোল করেছেন, একটি করিয়েছেন; যেকোনো খেলোয়াড়ের জন্য ঈর্ষা করার মতোই পরিসংখ্যান বটে। কিন্তু লিওনেল মেসির জন্য সেটা আফসোস ছাড়া আর কিছু জাগাতে পারছে না। পরে খোলাখুলি জানিয়ে দিয়েছেন, ‘এই মুহূর্তে আমার কাছে গোল্ডেন বলের তেমন কোনো মূল্য নেই। এটা এখন বেদনার মতোই।’ চেয়েছিলেন দেশের মানুষকে শিরোপা উপহার দিতে, ‘আমরা খুবই ভালো খেলছিলাম। দেশের সবাই আমাদের খেলা দেখছিল। আমরা ওদের একটা উদ্যাপনের উপলক্ষ এনে দিতে চেয়েছিলাম। আর নিজেদের জন্য তো বটেই।’
সেটা না পারার পেছনে মেসি আক্রমণকেই দায় দিচ্ছেন, ‘আমাদের স্ট্রাইকাররা সুযোগগুলো ঠিকমতো কাজে লাগাতে পারেনি। সুযোগ তো পেয়েছিলামই।’ আসলেই, হিগুয়েইন নয়্যারকে একা পেয়েও যেভাবে বাইরে মারলেন, তার ব্যাখ্যা কী হতে পারে? বা প্যালাসিও কীভাবে বলটা পোস্টে রাখতে পারলেন না? মেসির বার ঘেঁষে চলে যাওয়া শটটাও তো অন্য যেকোনো দিন গোল হয়!
প্রথম বিশ্বকাপটা বেঞ্চে বসে দেখতে হয়েছিল মেসিকে। পরেরবার চোখের জলে ছাড়তে হলো মাঠ। এবারে সব অতৃপ্তি, সব গ্লানি ভুলিয়ে দেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। সেটা করতে না পারার আফসোস গোপন রইল না, ‘ব্যক্তিগতভাবে জাতীয় দলের হয়ে অনেক দুঃখের সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে আমাকে। সেটা মুছে দেওয়ার সুযোগ ছিল এবার। কাপ না নিয়ে বাড়ি ফেরাটা দুঃখজনক, কিন্তু আমরা মাথা উঁচু করেই মাঠ ছাড়ছি।’
দীর্ঘ ২৪ বছর পর আবার বিশ্বকাপের ফাইনালে খেলল আর্জেন্টিনা। সেই হিসাবে এবারের আসরটাকে তাদের জন্য ব্যর্থ বলা যাবে না। তা মেনেও মেসির কণ্ঠে ‘এত কাছে তবু এত দূরের’ আক্ষেপ, ‘আমার মনে হয়, কোয়ার্টার ফাইনালের বাধা পার না হতে পারার চক্র থেকে আমরা বেরিয়ে আসছি। আর ফাইনালে দারুণ একটা দলের সঙ্গে আমরা আজ যেভাবে খেলেছি, তাতে আরও বেশি কিছু আমাদের প্রাপ্য ছিল। আমি শুধু আর্জেন্টিনার হয়ে ট্রফিটা জিততে চেয়েছিলাম। একটা গোল করলে ফল হয়তো অন্য রকম হতো।’ এএফপি, গোলডটকম।