অধিনায়ক নতুন একজন, একাদশে পরিবর্তন পাঁচটি। মাঠে বদল হয়নি অস্ট্রেলিয়ার। চোটের কারণে ক্যারিয়ারে প্রথমবার বাইরে থাকলেন মাইকেল ক্লার্ক, অস্ট্রেলিয়ার ৪৪তম টেস্ট অধিনায়ক শেন ওয়াটসন নামলেন টস করতে। সিরিজে টানা চতুর্থবার টস জিতল দল। কিন্তু যথারীতি বিবর্ণ ব্যাটিং, প্রথম দিনের উইকেটে ভারতীয় স্পিনে নাকাল অস্ট্রেলিয়া। আর লেজের লড়াইয়ে মন্দের ভালো স্কোর।রবীন্দ্র জাদেজা একেকটি ওভার শেষ করেছেন ২ মিনিটে, পাল্লা দিয়েছেন অশ্বিন-ওঝাও। তিন স্পিনার মিলে করেছেন ৭৫ ওভার। ৯০ ওভারের বদলে তাই প্রথম দিনে ৬ ঘণ্টায় হয়ে গেল ৯৮ ওভার। তার পরও অস্ট্রেলিয়া অলআউট নয়! চা-বিরতির আগে গুটিয়ে যাওয়ার শঙ্কাও একসময় ছিল। দ্বিতীয় সেশনের মাঝামাঝি আসতেই হারাল সাত উইকেট। কিন্তু ব্যাটিং দৈন্যের সিরিজে আরেকবার দাঁড়িয়ে গেল অস্ট্রেলিয়ান লোয়ার অর্ডার। প্রথম ৫৪ ওভারে ৭ উইকেট হারানো দল পরের ৪৪ ওভারে হারাল মাত্র একটি উইকেট!লোয়ার অর্ডার ব্যাটসম্যানদের স্বভাবজাত উল্টাপাল্টা ব্যাট চালিয়ে এই উইকেটে পার পাওয়া সম্ভব ছিল না। পিটার সিডলের ১২৫ বল আর জেমস প্যাটিনসনের ৫৭ বল খেলাই জানান দিচ্ছে তাঁদের বীরত্ব। ব্যাট হাতে দুই পেসারের নিবেদন আর উইকেট আঁকড়ে রাখার আকুতি লজ্জা দিয়েছে দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানদের। প্রায় ১৭ ওভার খেলে নবম উইকেটে দুজনের অবিচ্ছিন্ন জুটি ৪২ রানের। এর আগে অষ্টম উইকেটে ২৭ ওভার খেলে স্মিথ-সিডল গড়েছেন ৫৩ রানের জুটি। রঙিন পোশাকের বিশেষজ্ঞ স্মিথ আরেকবার উতরে গেছেন টেস্টের পরীক্ষায়। অভিষিক্ত অজিঙ্কা রাহানের রিফ্লেক্স ক্যাচে স্মিথ ফিরেছেন ৪৬ রানে। তিন রান দূরে থাকা সিডল আজ নামবেন প্রথম ফিফটির আশায়।কোটলার উইকেটে অসংখ্য ফাটল ম্যাচ শুরুর আগেই। এই উইকেটে সকালে দুই পেসারের মুভমেন্ট ও অসমান বাউন্স দেখে ধারাভাষ্য কক্ষ থেকে ভিভিএস লক্ষ্মণের বিস্ময়, ‘এটা কি দিল্লি নাকি হেডিংলি!’ ওই চমক অবশ্য শেষ হয়ে গেছে দ্রুতই। দ্বিতীয় সেশন শুরু হতে হতেই বল ব্যাটে এসেছে ধীরে, স্পিনাররা পেয়েছেন বিশাল টার্ন, অসমান বাউন্স তো ছিলই। মাঝের সেশনটাই সর্বনাশ করেছে অস্ট্রেলিয়ার। প্রথম সেশনে অস্ট্রেলিয়া করেছিল ২ উইকেটে ৯৪, শেষ সেশনে ১ উইকেটে ৭৮। কিন্তু মাঝের সেশনে ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ৫৯! প্রথম সেশনের দুই উইকেট ইশান্তের। বাজে এক শটে ওয়ার্নার স্লিপে ধরা পড়েছেন দিনের দ্বিতীয় ওভারে। টানা ব্যর্থতায় আক্রমণকেই বাঁচার মন্ত্র বানিয়ে ফেলা ফিল হিউজ কালও খেলেছেন দারুণ সব শট। এমনকি স্পিনেও প্রথম ওভারে অশ্বিনকে বেরিয়ে এসে মারলেন দুটো চার। কিন্তু ইশান্তের এক বল হেলমেটের গ্রিলে লাগার পর আরেকটি বল টেনে আনলেন স্টাম্পে। তার পরও ভালোই এগিয়ে যাচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু অশ্বিন-জাদেজার জোড়া আক্রমণে সম্ভাবনাময় ইনিংসটা হঠাৎই বিধ্বস্ত জনপদ, ২ উইকেটে ১০৬ থেকে ৭ উইকেটে ১৩৬! ৪ উইকেট নিয়ে আবারও মূল ঘাতক অশ্বিন। ওয়েবসাইট।