সান্ত্বনা হাতড়ে বেড়াচ্ছেন স্কলারি
খেলা মানেই জয়-পরাজয়। উত্থান-পতন। হাসি-কান্না। জীবনের সঙ্গে খেলার মিলটা এখানেই। কখনো ভালো সময় যাবে, কখনো বা খারাপ। তবুও জীবন চলে যায়, চালিয়ে যেতে হয়। সেমিফাইনালে জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর লুইস ফেলিপে স্কলারিও সান্ত্বনা খুঁজছেন এ দর্শন থেকে। সব ভুলে তাকাতে চাইছেন সামনে।

ব্রাজিল কোচ বললেন, ‘গতকাল কী ঘটে গেল, জানি। জানি এটা কতটা লজ্জার। এটা কখনো ভুলতে পারব না। কিন্তু জীবন চলে যাবে। আমাদের জীবন পরাজয়ের নয়। তবে এটি (জার্মানির বিপক্ষে হার) ছিল সবচেয়ে খারাপ অধ্যায়। জীবন তবুও সুন্দর। এই ম্যাচটির কারণেই সবকিছু শেষ হয়ে যাবে না। আমরা একসঙ্গে জিতি, এক সঙ্গেই হারি। আমাদের যেমন অনেক সুখস্মৃতি রয়েছে, তেমনি কিছু দুঃখের স্মৃতিও আছে।’
বিরাট পরাজয়ের পর গোটা দল তো বটে, স্কলারিকেও ধুয়ে দিচ্ছে ব্রাজিলের গণমাধ্যম। ‘ও দিয়া’ পত্রিকা সরাসরি আক্রমণ করেছে স্কলারিকে। পত্রিকাটির শিরোনাম, ‘স্কলারি গো টু হেল’। সঙ্গে ‘বিগ ফিলে’র একটি ছবি। ছবিতে স্কলারি সাত আঙুল উঁচিয়ে দেখাচ্ছেন—কত গোল খেলেন! রয়টার্স।