সান্ত্বনার জয় পুনের
শেষ চারের আশা শেষ হয়ে গেছে অনেক আগে। তবে আইপিএলের এবারের আসরে নিজেদের শেষ ম্যাচে জয় পেল পুনে ওয়ারিয়র্স।
আজ রোববার দিল্লি ডেয়ারডেভিলসকে ৩৮ রানে হারিয়েছে পুনে। সান্ত্বনার জয়ের সঙ্গে একটা লজ্জাও এড়াল অ্যারোন ফিঞ্চের দল। গ্রুপ পর্বের পয়েন্ট তালিকায় পুনে এখন আর সবার তলানিতে নয়, সবার নিচে দিল্লি। ১৬ ম্যাচে পুনের অর্জন ৮ পয়েন্ট। সমানসংখ্যক ম্যাচে দিল্লির অর্জন ৬ পয়েন্ট।
এ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ১৭২ রান তোলে পুনে। দলীয় সর্বোচ্চ ৫২ রান করেন ফিঞ্চ। লুক রাইট ও রবিন উথাপ্পার সংগ্রহ যথাক্রমে ৪৪ ও ২৪ রান। অ্যাঞ্জেলো ম্যাথুস ৩০ রান নিয়ে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে দুটি উইকেট নেন সিদ্ধার্থ কাওল।
১৭৩ রানের লক্ষ্যে খেলতে নামা দিল্লির হয়ে কিছুটা সফলতা পেয়েছেন কেবল ইরফান পাঠান ও মুরালিধারেন গৌতম। পাঠান করেন ২৪ রান। গৌতমের সংগ্রহ ৩০ রান। শেষ পর্যন্ত দিল্লির সংগ্রহ দাঁড়ায় ৯ উইকেটে ১৩৪ রান। পুনের হয়ে আলী মুর্তজা ও অ্যাঞ্জেলো ম্যাথুস প্রত্যেকে তিনটি করে উইকেট নেন। সূত্র: ক্রিকইনফো।