সান্ত্বনার জয় রিয়ালের, এফএ কাপ আর্সেনালের

লা লিগায় আজ এসপানিওলের বিপক্ষে ম্যাচটি রিয়াল মাদ্রিদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না। তবে শেষটা নিশ্চয় খারাপ হোক, এটা নিশ্চয় কেউ চায় না। কার্লো আনচেলত্তির দলও চায়নি। এসপানিওলের বিপক্ষে ৩-১ ব্যবধানের সহজ জয় পেয়েছে রিয়াল। ওদিকে হাল সিটিকে নাটকীয়ভাবে ৩-২ ব্যবধানে হারিয়ে নয় বছর পর এফএ কাপের শিরোপা জিতেছে আর্সেনাল।
তবে আনচেলত্তির জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর চোট। ওয়ার্ম-আপের সময় চোটাক্রান্ত হয়ে ম্যাচেই নামতে পারেননি পর্তুগিজ উইঙ্গার। এর চেয়ে বড় চিন্তা, ২৪ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পুরোপুরো ফিট রোনালদোকে পাবেন তো আনচেলত্তি?
রোনালদোবিহীন রিয়ালকে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৬৪ মিনিট পর্যন্ত। প্রথম গোলটি করেন গ্যারেথ বেল। খেলা জমে ওঠে শেষ কয়েক মিনিটে। ৮৬ মিনিটে এসপানিওলের জালে বল জাড়িয়ে দেন মোরাতা। ৯০ মিনিটে এসপানিওলের পাল্টা আঘাত, পিিসর গোল! তবে অতিরিক্ত সময়ে মোরাতার ফের গোলে চূড়ান্ত স্কোরলাইন: রিয়াল ৩:১ এসপানিওল।
ওদিকে ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে আর্সেনালের বিপক্ষে উত্তেজনাময় ম্যাচটিতে মাত্র ৮ মিনিটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় হাল সিটি। এরপর ১৭ মিনিটে আর্সেনালের গোল ব্যবধান কমান সান্তি কাজোরলা। ৭১ মিনিটে লঁরা কুসিয়েনি সমতায় ফেরান গানারদের।
নির্ধারিত ৯০ মিনিটে স্কোরলাইন ২-২ থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। ১০৯ মিনিটে অ্যারন রামজের গোলে শিরোপার উত্সবের কাছাকাছি পৌঁছে যায় আর্সেনাল। এই গোল অবশ্য শোধ দিতে পারেনি হাল সিটি। এই এফএ কাপেই সর্বশেষ কোনো শিরোপা জিতেছিল আর্সেন ওয়েঙ্গারের দল। ২০০৫ সালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ফাইনালে হারিয়েছিল তারা। নয় বছর পর ফের শিরোপা উত্সবে মাতল গানাররা।