সান্ত্বনার জয় পাবে বাংলাদেশ?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এমনিতে ম্যাচটা তাৎপর্যহীন। এ ম্যাচে কে জিতল বা কে হারল, তাতে এশিয়া কাপের কিছুই যায় আসে না। এশিয়া কাপ তার দুই ফাইনালিস্ট পেয়ে গেছে আগেই। ৮ মার্চ ফাইনাল খেলবে পাকিস্তান আর শ্রীলঙ্কা।
আজ লিগ পর্বের শেষ ম্যাচে দুই ফাইনালিস্টের এক ফাইনালিস্ট শ্রীলঙ্কার মুখোমুখি বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য বাস্তবিক অর্থে এশিয়া কাপ থেকে আর চাওয়া-পাওয়ার কিছুই নেই। প্রথম তিন ম্যাচের তিনটিতেই হেরে গতবারের রানার্সআপদের বিদায়ঘণ্টা বেজে গেছে আগেই। অবশ্য শুধু আজকের ম্যাচটিই নয়, এশিয়া কাপ নিষ্প্রাণ গতকালের ম্যাচ থেকে। ওই ম্যাচের দুই দল ভারত-আফগানিস্তানও এশিয়া কাপ থেকে আগেই ছিটকে পড়েছে।
আনুষ্ঠানিকতা রক্ষার ম্যাচ থেকে বাংলাদেশ তাহলে কী চায়? দলের কাউকে জিজ্ঞেস না করেই এক-কথায় দিয়ে দেওয়া যায় এর উত্তর—জয়। ফলাফল শেষ পর্যন্ত যা-ই হোক, প্রথম তিন ম্যাচের মতো এই ম্যাচেও জয় চায় বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা সিরিজ থেকেই একটার পর একটা হারে বিপর্যস্ত দলটা। এক জয়ই পারে তাদের সান্ত্বনা হতে। হতাশা ভুলিয়ে ফিরিয়ে দিতে পারে হারানো আত্মবিশ্বাস। ঘরের মাঠের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বড় জরুরি সেটা।
শেষ ম্যাচের আগের দিনটা বাড়তি কোনো চাপ নেয়নি বাংলাদেশ দল। ছুটির মেজাজে কাটানো দিনে কেবল সুইমিং পুলেই কিছু ব্যস্ততা ছিল। দুপুরে সেটা শেষ হওয়ার পর কেউ গেছে বাসায় ঘুরে আসতে, কেউ হোটেলেই ছিলেন। দুজন গেলেন হাসপাতালে।
সেই দুজনের একজন অধিনায়ক মুশফিকুর রহিম, অন্যজন ইমরুল কায়েস। মুশফিক গেছেন কাঁধের এক্সরে করাতে। আর ইমরুল করালেন কুঁচকির এমআরআই। পরশু ফিল্ডিংয়ের সময় আহমেদ শেহজাদের তোলা একটা ক্যাচ নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়েছিলেন। কুঁচকির ব্যথাটা তার পর থেকেই। তবে সুখবর হলো, কাল করানো স্ক্যানে গুরুতর কোনো সমস্যা ধরা পড়েনি। সব ঠিক থাকলে আজকের ম্যাচটা খেলছেন ইমরুল। এ দলে ম্যাচে দেখা যেতে পারে হাঁটুর চোটের কারণে গত ম্যাচে না খেলা রুবেল হোসেনকেও। কাল সুইমিং পুল থেকে রুমে ফেরার লিফটে ওঠার আগে রুবেল জানিয়েছেন, ‘টেপিং করা আছে হাঁটুটা। তবে ব্যথা এখন অনেক কম।’
খেলোয়াড়দের সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলায় কড়া নিষেধাজ্ঞা আছে টিম ম্যানেজমেন্ট থেকে। তার পরও অনেক বলে-কয়ে এনামুল হককে (বিজয়) আনা গেল সামনে। পাকিস্তানের কাছে পরশুর ম্যাচে হারলেও ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ৩২৬ রান করেছিল বাংলাদেশ দল। সেঞ্চুরি করেছেন এনামুল। ওই ম্যাচের পর শ্রীলঙ্কার বিপক্ষে নিশ্চয়ই আত্মবিশ্বাসী বাংলাদেশকেই দেখা যাবে আজ? এনামুল অবশ্য দুটোকে মেলাতে চাইলেন না, ‘প্রতি ম্যাচেই আমরা জেতার চেষ্টা করি। কোনো দিন সফল হই, কোনো দিন হতে পারি না। পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছি বলে শ্রীলঙ্কার বিপক্ষেও পেয়ে যাব, ব্যাপারটা এমন নয়। প্রতি ম্যাচেই আমরা দেশকে ভালো কিছু দেওয়ার জন্য নামি। কালও (আজ) জয়ের লক্ষেই নামব।’
এশিয়া কাপের ঠিক আগে আগে হওয়া শ্রীলঙ্কা সিরিজটা ভালো যায়নি। চট্টগ্রামে টেস্ট ড্র করলেও দুটি টি-টোয়েন্টিতেই জিততে জিততে হেরে গেছে বাংলাদেশ। ‘লঙ্কাওয়াশ’ ওয়ানডে সিরিজেও। আত্মবিশ্বাস ফিরে পাওয়ার উপলক্ষ্য তো বটেই, সেই হতাশা কাটিয়ে ওঠারও একটা সুযোগ আজকের ম্যাচটা। এনামুল আশাবাদী, ‘ওদের বিপক্ষে সম্প্রতি তিনটি ওয়ানডে খেলেছি, টি-টোয়েন্টিও খেলেছি। আমরা এখন জানি মালিঙ্গা কী করতে পারে, সাঙ্গাকারা কী করতে পারে। ওরা সবদিক থেকে এগিয়ে থাকলেও আমরা আমাদের ভুলগুলো শুধরে নিতে চাই।’
শ্রীলঙ্কা আজ হারলেও ফাইনাল খেলবে। তাই বলে তারাও হালকাভাবে নিচ্ছে না এই ম্যাচটাকে। কাল সকালে অনুশীলন শেষে দলের প্রতিনিধি হিসেবে কথা বলা লাহিরু থিরিমান্নু বলে গেলেন, ‘আমরা ছন্দটা ধরে রাখতে চাই। আমরা চাই সব ম্যাচ জিততে। কাল (আজ) তাই বাংলাদেশকেও হালকাভাবে নেব না।’ পাকিস্তান ম্যাচের প্রসঙ্গ টেনে বাংলাদেশের প্রশংসাও করলেন একটু, ‘কাল (পরশু) খুব ভালো ক্রিকেট খেলেছে বাংলাদেশ। ৩০০-এর বেশি রান করেছে, যেটা নাকি পাকিস্তানের বোলিং আক্রমণের বিপক্ষে খুবই ভালো স্কোর।’
ম্যাচের আগে শ্রীলঙ্কা দলের সমীহ পেল বাংলাদেশ দল। ম্যাচে পাবে তো?