সান্ত্বনার পাশে দাঁড়িয়েছেন অনেকেই, তবুও বিশ্বকাপ অনিশ্চিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে যেতে সান্ত্বনার পাশে দাঁড়িয়েছেন অনেকেই।  ছবি: প্রথম আলো
বিশ্বকাপে যেতে সান্ত্বনার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ছবি: প্রথম আলো

১৫ থেকে ২১ সেপ্টেম্বর উত্তর কোরিয়ার পিয়ংইয়ংয়ে ২০তম তায়কোয়ান্দো বিশ্বকাপ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণের আমন্ত্রণ পেয়েছেন লালমনিরহাটের আদিতমারীর সারপুকুর ইউনিয়নের হরিদাস গ্রামের কৃষক পরিবারের কন্যা সান্ত্বনা রানী রায়। কিন্তু উত্তর কোরিয়া যাওয়ার বিমানভাড়া, অংশগ্রহণ ফি ও পোশাক-পরিচ্ছদের জন্য প্রয়োজনীয় অর্থ জোগাড় না হওয়ায় বিপাকে পড়েছেন তিনি।
৭ সেপ্টেম্বর প্রথম আলোর অনলাইন সংস্করণে ‘বিশ্বকাপে যেতে পারবেন সান্ত্বনারা?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হলে তায়কোয়ন্দো বিশ্বকাপে যেতে সান্ত্বনার পাশে দাঁড়িয়েছেন অনেকেই। ৬ সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া তাঁর অনুদান ছিল ৬০ হাজার টাকা। প্রতিশ্রুতি ছিল আরও ১০ হাজার টাকার। সান্ত্বনা আজ শনিবার প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলো অনলাইনে প্রতিবেদনটি প্রকাশের পর চেনা-জানা, অচেনা অনেকেই বিষয়টি নিয়ে আমার সঙ্গে সরাসরি ও মোবাইলে কথা বলেছেন। বর্তমানে আমার হাতে অনুদানের টাকা ৯০ হাজার আর প্রতিশ্রুত অর্থের পরিমাণ আরও ১০ হাজার টাকা। বাকি ৪০ হাজার টাকার জোগাড় হলেই স্বপ্নের বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ হতো।’
লালমনিরহাট সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুদান চন্দ্র রায় বলেন, ‘একজন সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে সান্ত্বনা রানীর ব্যাপারে আমিসহ আরও কয়েকজন স্থানীয় বিত্তশালী ক্রীড়াপ্রেমী ও প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। এখনো তার ৪০ হাজার টাকার প্রয়োজন।’
সান্ত্বনা রায়, অগ্রণী ব্যাংক চিলমারী শাখা, কুড়িগ্রাম, হিসাব নম্বর ১৬৪১৩-এর মাধ্যমে আর্থিক সহায়তা করা যাবে সান্ত্বনাকে। ১১ সেপ্টেম্বর লালমনিরহাট থেকে ঢাকায় যাবেন তিনি। যদি প্রত্যাশিত অর্থের সংস্থান হয়, তাহলে অন্য দুই খেলোয়াড় মোহাম্মদ রহমাতুল্যাহ ও সানজিদা রহমানের সঙ্গে ১৩ সেপ্টেম্বর রাতে উত্তর কোরিয়ায় যাওয়ার কথা তাঁর।