সাপোর্টারের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গোলমুখে জটলা’ নয়, গলিমুখে জটলা। মানে, আমার পাড়ার গলি। গোলমুখে নয় বটে কিন্তু ‘গোল’-সম্পর্কিতই। বিশ্বকাপ ফুটবলকেন্দ্রিকই। রিকশাভ্যানে করে বিভিন্ন দেশের পতাকা বিক্রি হচ্ছে। তাই তো এই জটলা।রিকশায় বসে ভিড়ের মাথা গলিয়ে উঁকি দিতেই দেখলাম বিক্রেতাটি মহাব্যস্ত হয়ে পতাকা ভাঁজ করে করে ক্রেতাদের হাতে ধরিয়ে দিচ্ছে আর সঙ্গের সহযোগী পিচ্চি একটি চিৎকার করে বলে যাচ্ছে, ‘আয়েন-আয়েন বড় নিলে ষাইট। একদাম একদাম। আজ্জেনটিনা-বেরাজিল—ষাইট ট্যাকা-ষাইট ট্যাকা। নিয়া যান নিয়া যান।’আমার রিকশাওয়ালা মাঝবয়সী। আপন মনেই হয়তো হবে, বলল, ‘কামাইয়া লও, কামাইয়া লও। দিন আসছে তোমাগো মাইনষেগো ফুর্তির লগে লগে।’জিজ্ঞেস করলাম, ‘তুমি পতাকা কিন নাই?’‘কিনছি। এই তো রিকশার হাতলে লাগাইয়া রাখছি।’ বলল রিকশাচালক। আগে লক্ষ করিনি। এবার সেদিকে তাকাতেই চোখে পড়ল দুটি ছোট্ট পতাকা, হাতলের দুদিকে কাঠিতে সাঁটা। জিজ্ঞেস করলাম, ‘তুমি তো দেখি আর্জেন্টিনা আর ব্রাজিল দুইটাই রাখছ। তোমার পছন্দের দল কোনটা?’রিকশাওয়ালা উত্তর দিল, ‘দুই দ্যাশেরই রাখছি। পাসিঞ্জারগো খুশি করনের লাইগ্যা। সব রকমের মানুষই তো ওঠে। আর আমার দল স্যার “বেরাজিল”। স্যারের কুন দল?’খাবি খেতে হলো এই প্রশ্নে। আমি যে কোন দলের সাপোর্টার, তা আমি নিজেও বুঝি না। তবে কথার হাবভাব দেখে অনেকে ধরে নেয় যে ব্রাজিলের প্রতিই সমর্থন রয়েছে। আসলে কোনোটাই নিজ দেশ নয় বলে এই বিপত্তি। (আহা রে, কোনো দিন যদি তেমন হতো যে এক দিনের জন্য হলেও এবং ডজন গোল খেয়ে হেরে ভূত হলেও বিশ্বকাপে আমাদের ছেলেরা খেলত) যাই হোক, রিকশাওয়ালাকে বললাম, ‘দেখি! কারা ভালো খেলে খেলে ওপরে উঠতে থাকে!’ এ কথা শুনে অবাকই হলো সে। স্বগতোক্তির মতো করে বলল, ‘হায় হায়, এই স্যারে কয় কী!’ আমার মতো সাপোর্টার কারও কাছে কোনোভাবেই ধর্তব্যের নয়। এ কথা আমারও জানা। আসল ফুটবলপ্রেমী যারা, যারা খেলার খবরাখবর ঠোঁটস্থ রাখে, তাদের সাপোর্টটা একরোখা হয়ে মনের ভেতর থেকেই আসে। দানাবেঁধে থাকে। তাদের আনন্দ উপভোগও অতএব অকৃত্রিম। খেলা দেখতে বসার নানা আয়োজন, ছাদে পতাকা টাঙানো, টিভির সামনে বসে হৈহল্লায় মেতে থাকা, তর্কে-বিতর্কে আসর গরম করে রাখা ইত্যাদির মধ্য দিয়ে টানাপোড়েনের দিনকাল ভুলে কয়েক দিন নির্ভেজাল আনন্দ উপভোগকে আমার দারুণ লাগে। পছন্দের দলকে নিয়ে মিছিলে-স্লোগানে পাড়া মাতিয়ে রাখার যে আনন্দ, তার মেয়াদকাল হয়তো মাত্র মাসখানেকের। কিন্তু রেশটুকু রয়ে যায় মনে। এবং লক্ষণীয়, যে যে দলের সমর্থক, তার সমর্থন চিরকালেরই সেই দিকের। একেবারে নট নড়ন-নট চড়ন। সরে যাওয়ার দৃষ্টান্ত চোখে পড়ে না। ‘একেবারে হার্ডকোর সাপোর্টার’ বোধহয় এটাকেই বলে। আমাদের এই ফুটবলপ্রেমীদের উদ্দীপনা রীতিমতো আন্তর্জাতিক মানের এ কথা স্বীকার করতেই হবে। দেশের ফুটবলের প্ল্যান ‘এখন-তখন’ হলে কী হবে, পাবলিকের ফুটবল-প্রীতি অতুলনীয়ভাবে অটুট।যাই হোক, এবারের খেলার চেহারাটি ধীরে ধীরে পাল্টাচ্ছে। পাল্টে গেছে ধরনও। সবাই যেন একই স্কিল নিয়ে খেলছে। নিয়মও এক। সমান-সমান শক্তির যেন। ছোট-বড় বোঝা ভার। বিশেষ করে ব্রাজিলকে যেভাবে যুঝল উত্তর কোরিয়া আর ইতালির ঘাম ঝরাল প্যারাগুয়ে, তা দেখে তা-ই মনে হলো। মাইকনের অবিশ্বাস্য গোলটি না হলে ব্রাজিলের খবর ছিল। ইতালির চিরাচরিত মেরে খেলার ধরনটি দেখলাম এবারেও সঞ্চারিত আছে খেলোয়াড়দের মজ্জায়। ব্যাপারটি চ্যাম্পিয়নদের মানায় না। শেষ কথা এই যে খেলা জমে উঠেছে।