সাফ চ্যাম্পিয়নস লিগের অভিষেক ঢাকায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী সেপ্টেম্বর বা তার আগে-পরে ঢাকায় হচ্ছে সাফ চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগের আদলে এই লিগ করার পরিকল্পনা থাকলেও প্রথমবার হোম অ্যান্ড অ্যাওয়ে ম্যাচ হবে না।এএফসি সভাপতি মোহাম্মদ বিন হাম্মামের উপস্থিতিতে পরশু কলম্বোয় সাফের সভায় ঠিক হয়েছে বাংলাদেশ-ভারতের দুটি করে দল আর নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ থেকে একটি করে দল খেলবে প্রথম সাফ চ্যাম্পিয়নস লিগে। ভুটান-আফগানিস্তানের দল খেলবে কি না, নিশ্চিত হয়নি। পাশাপাশি সাফ অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট আয়োজনেরও সিদ্ধান্ত হয়েছে। সময় অবশ্য ঠিক হয়নি। এ আয়োজনগুলো এগিয়ে নিতে সাফের প্রয়োজন প্রচুর অর্থ। সাফকে আর্থিকভাবে সহযোগিতা করতে এএফসি তৈরি, সভায় বলেছেন হাম্মাম।কলম্বো থেকে ফিরে সাফ সভাপতি কাজী সালাউদ্দিন কাল জানিয়েছেন, ‘সব দেশের ঘরোয়া সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে চ্যাম্পিয়নস লিগের সময়সূচি ঠিক করতে হবে। সেপ্টেম্বর মাসকে ধরে আমরা এগোচ্ছি। আগামী তিন-চার সপ্তাহের মধ্যে সময় চূড়ান্ত হয়ে যাবে।’এএফসি চ্যাম্পিয়নস লিগ হচ্ছে, এটা দেশের ক্লাব ফুটবলের জন্য ভালো খবর। তবে এর আড়ালে রয়েছে অন্য রকম তথ্য। ‘সালাউদ্দিন জমানা’য় ফুটবলে গতি এলেও নিচের দিকে লিগগুলো বরাবরের মতোই বাক্সবন্দী। পাইওনিয়ার, তৃতীয়, দ্বিতীয়, প্রথম বিভাগ ফুটবল লিগ নেই। প্রায় দুই বছর হতে চলল এগুলো বন্ধ হয়ে আছে!লিগ কমিটির নেতৃত্ব নিয়ে গোলমাল দীর্ঘদিনের। মূলত এই কারণে খেলা হয়নি এত দিন! সালাউদ্দিন বললেন, ‘মাঠ সমস্যা ছিল। কমিটি নিয়েও সমস্যা ছিল। তবে এই লিগগুলো শুরুর করার ব্যাপারে আগামী ১০ দিনের মধ্যে সব ঠিক করে ফেলব। হারুনুর রশিদকে সভাপতি, বাদল রায় আর গোলাম রব্বানীকে (হেলাল) কো-চেয়ারম্যান করে নতুন কমিটি করেছি।’কমিটি হলেও কমিটির কার্যক্রম কিন্তু চোখে পড়েনি এখনো।