সাফ থেকে বেরিয়ে যাবে আফগানিস্তান?
দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন যাত্রা করেছিল সাতটি সদস্যদেশ নিয়ে। পরে যোগ দেয় আফগানিস্তান। সেই আফগানিস্তান বর্তমানে সাফ ফুটবল চ্যাম্পিয়নও। তবে আফগানিস্তানকে সাফ থেকে বের করে নিতে চায় ইরান। এ ব্যাপারে ইরান প্রস্তাব দিয়েছে সাফকে। ওই প্রস্তাব নিয়ে ৭ মে বাইরাইনে সভায় বসছেন সাফ সদস্যদেশগুলোর সভাপতিরা।
বর্তমানে এশিয়ার ফুটবল চারটি ভাগে বিভক্ত। দক্ষিণ ও মধ্য এশিয়া, পূর্ব, পশ্চিম ও আসিয়ান। দক্ষিণ এশিয়ায় খেলছে বাংলাদেশ, ভারত, নেপাল, শ্রীলঙ্কা, আফগানিস্তানসহ আটটি দেশ। মধ্য এশিয়ায় ইরান, উজবেকিস্তানসহ ছয়টি দল। ইরানের প্রস্তাব হলো, আফগানিস্তানকে সাফ থেকে বের করে মধ্য এশিয়ায় নিয়ে যেতে।
সাফের সভাপতিদের সভায় যোগ দিতে মঙ্গলবার বাইরাইন যাচ্ছেন কাজী সালাউদ্দিন। এ ব্যাপারে কাল বাফুফে সভাপতি জানালেন, ‘আফগানিস্তানকে সাফ থেকে বের করে নিতে ইরানের দেওয়া প্রস্তাব নিয়ে আলোচনা হবে বাইরাইনে। তাতে এএফসির সভাপতিও থাকবেন। প্রস্তাব পাস হলে সেটি বিশ্বকাপের সময় এএফসির কংগ্রেসে অনুমোদনের জন্য তোলা হবে। এএফসি অনুমোদন করলে সাফে থাকবে না আফগানিস্তান।’ আফগানিস্তান কী চায়? সালাউদ্দিন বলছেন, ‘ওদের কোনো বক্তব্য নেই। চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাফ এবং এএফসি।’