সাফ প্রস্তুতিতে হতাশার সন্ধ্যা

ম্যাচের পর বারবার অনুরোধ করলেও কোচ লোডভিক ডি ক্রুইফ মুখ বন্ধই রাখলেন। কোনো কথা না বলেই ছাড়লেন বঙ্গবন্ধু স্টেডিয়াম। সহকারী রেনে কোস্টারের কাছেও সাংবাদিকদের পক্ষে বাফুফের মিডিয়া ম্যানেজারের অনুরোধ উপেক্ষিত। অধিনায়ক মামুনুল ইসলাম তো ততক্ষণে স্টেডিয়াম ছেড়ে গেছেন। মানে কথা না বলতে পারলেই যেন সবাই বাঁচেন!
কিন্তু সাফে এই ফুটবল খেললে তো বাঁচার পথ নেই। সেখানে ৩১ আগস্ট প্রথম ম্যাচেই স্বাগতিক নেপালের বিপক্ষে কঠিন ম্যাচ। পরের দুই ম্যাচে প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এত সব বাধায় না বাংলাদেশ দল আটকে যায়—সেই শঙ্কাটা কাল জোরালো করে দিল অনুশীলন ম্যাচে ডি ক্রুইফের দলের ছন্নছাড়া ফুটবল।
থাইল্যান্ডে নয় দিন ক্যাম্প, দুটি অনুশীলন ম্যাচ খেলার কোনো ছাপই পাওয়া গেল না বাফুফে একাদশের বিপক্ষে কালকের ম্যাচে। দুটি পেনাল্টি গোলে জাতীয় দল জিতলেও (২-১) দলের গাঁথুনিটাকে পুরোপুরিই আলগা লাগল।
ডি ক্রুইফের ‘বিল্ডআপ’ ফুটবল উধাও। প্রেসিং নেই। ছন্দ খুঁজতে যাওয়া তো বোকামি। প্রতিপক্ষ স্থানীয় খেলোয়াড় ও কয়েকজন আফ্রিকানকে নিয়ে মিশ্র দল। এই দলের বিপক্ষে জাতীয় দলের খেলা গতিহীন। পরিকল্পনার অভাব পরিষ্কার। এলোমেলো পাস। ব্যক্তিগত নৈপুণ্য তো নেই-ই।
বরং বাফুফে একাদশের ফরোয়ার্ড সজীব ভালো খেললেন। ম্যাচটা ১-১ করেছেন তিনিই। সিফাত, তপুরাও নজর কেড়েছেন। অন্যদিকে জাতীয় দলের মহাতারকা নিষপ্রভ। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দুদিন আগে রসিকতা করে বলছিলেন, ‘আমি যেদিনই মাঠে জাহিদের খেলা দেখতে যাই, সেদিনই দেখি সে মাঠের বাইরে। চোট নিয়ে বসে থাকে। ও খেলে কখন?’
চোট কাটিয়ে ফেরা জাহিদ কাল খেললেন ৩৬ মিনিট। তারপর বিরক্ত হয়ে তাঁকে তুলে নিয়েছেন কোচ। পেনাল্টিতে দলের প্রথম গোলটি করেছেন বটে, এটুকু বাদ দিলে উদ্দেশ্যহীন দৌড়াদৌড়ি ছাড়া তাঁর পায়ে আর কিছু ছিল না।
স্ট্রাইকার এমিলি একবার চোখে পড়েছেন, তা-ও সেটি বল বাইরে মেরে! আরেক স্ট্রাইকার তকলিচ গোলরক্ষককে একা পেয়েও বল তাঁর গায়ে মেরেছেন। মোবারক বদলি হিসেবে নেমে ডান দিক দিয়ে বার দুয়েক ঢুকেছেন। ওয়ালির করা দলের দ্বিতীয় পেনাল্টি গোলটার উৎস তাঁরই আদায় করা পেনাল্টি। তার পরও মোবারককে চেনা যায়নি। হঠাৎ তারকা হয়ে যাওয়া ফরোয়ার্ড ওয়াহেদ একবার দুজন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকেছেন প্রতিপক্ষের বক্সে। কিন্তু ঠিকভাবে পাসই দিতে পারেননি, গোল আদায় করা তো দূরের কথা।
গোটা দলটাই হতাশ করেছে। এ কারণেই হয়তোবা ডি ক্রুইফ মিডিয়ার সামনে আসতে চাননি। সাত দিন ছুটি কাটিয়ে গতকালই ঢাকা ফিরেছেন ডি ক্রুইফ। স্ত্রী-সন্তানদের গতকালই আনার কথা ছিল, কিন্তু আনেননি। আজ রেনে কোস্টার হল্যান্ড যাচ্ছেন, নিজের ও ডি ক্রুইফের পরিবারকে আনতে যাওয়াই তাঁর উদ্দেশ্য।
বিরতির সময় ডি ক্রুইফ দলকে ব্রিফ করলেন। বাকি সময়টা থাকলেন প্রেসবক্সে কাগজ-কলম নিয়ে। পাশে গোলরক্ষক কোচ কিস কাল্ক। ফিটনেস ট্রেনার ইয়ামালিসহ কালই প্রথম বাংলাদেশ শিবিরে চার ডাচকে একসঙ্গে পাওয়া গেল। আর এটি ছিল স্থানীয় দলের বিপক্ষে জাতীয় দলের ষষ্ঠ অনুশীলন ম্যাচ। সব কটিতেই জাতীয় দল জিতলেও দল নিয়ে আরও অনেক কাজ করার আছে, তা ভালোই বুঝেছেন কোচ ডি ক্রুইফ।
মালয়েশিয়ার অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে ২৩ আগস্ট প্রীতি ম্যাচ খেলতে ২০ আগস্ট কুয়ালালামপুর যাওয়ার কথা জাতীয় দলের। সেখান থেকেই কাঠমান্ডু যাত্রা, তার আগেই ফাঁকফোকর মেরামত করার বড় চ্যালেঞ্জ এখন ডি ক্রুইফের সামনে।