সাফ ফুটবলের নীরব আবাহন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উ ৎ সব ফুরালেও বিয়েবাড়িতে শুকনো ফুল কিছু থেকে যায়। ঠিক সে রকমই ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের রাস্তার দুই ধারে টাঙানো বিলবোর্ডে শোভা পাচ্ছে—ওয়েলকাম দিল্লি, কমনওয়েলথ গেমস-২০১০। কমনওয়েলথ গেমসের মতো অত বড় মাপের ক্রীড়াযজ্ঞ না হোক, দক্ষিণ এশিয়ার ফুটবল ‘বিশ্বকাপ’ বলে পরিচিত সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের নবম আসর বসছে এই দিল্লিতেই, জওহরলাল নেহরু স্টেডিয়ামে, আজ দুপুরেই। কিন্তু কোথায় উ ৎ সব, কোথায় ফুল!সাফ ফুটবলের ‘এ’ গ্রুপে ভারত, শ্রীলঙ্কা, ভুটান ও আফগানিস্তান। ‘বি’ গ্রুপে বাংলাদেশ, মালদ্বীপ, পাকিস্তান ও নেপাল। দক্ষিণ এশীয় ফুটবল-শ্রেষ্ঠত্বের লড়াইয়ের আগমনী বার্তা জানানো কোনো ব্যানার, ফেস্টুন চোখেই পড়ল না ভারতের রাজধানীতে।শুধু কাল সকালে সাত দলের সাত ফুটবলারকে নিয়ে যাওয়া হলো ‘ইন্ডিয়া গেটে’। আফগানিস্তান দল আজ পৌঁছাবে বলে তাদের কোনো প্রতিনিধি ছিল না। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) পক্ষ থেকে হলো আনুষ্ঠানিক ফটোসেশন। পেছনে সাফ চ্যাম্পিয়নশিপের ব্যানার। ট্রফি হাতে ছবির জন্য পোজ দিলেন বাংলাদেশ ডিফেন্ডার আরিফুল ইসলামসহ অন্যরা। জনাকয়েক নিরাপত্তাকর্মী, স্থানীয় মিডিয়া আর কয়েকজন বিদেশি সাংবাদিক ছাড়া ইন্ডিয়া গেট দেখতে আসা দর্শনার্থীরাও যেন খুব আগ্রহী নন গোটা ব্যাপারটায়।রাস্তার দুই ধারে লাগানো মহেন্দ্র সিং ধোনি আর শচীন টেন্ডুলকারের বাণিজ্যিক পণ্যের বিজ্ঞাপনী বিলবোর্ড জানান দিচ্ছে ভারত আসলেই ‘ক্রিকেট আরাধনার দেশ।’ইন্ডিয়া গেট থেকে ফেরার পর শুরু হলো হোটেল হিলটনে সাত দলের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। সেখানে সবচেয়ে দুর্বল দল ভুটানের জাপানি কোচ হিরোয়াকি মাতসুইয়ামার কণ্ঠেও আশার গান, ‘আমরা ভালো খেলব।’ সর্বাধিক পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের অধিনায়ক ক্লাইমেক্স লরেন্সের প্রত্যাশা ট্রফিটা নিজেদের দেশেই রাখবেন। গত মঙ্গলবার গোয়াতে জাম্বিয়ার কাছে ৫-০ গোলের হার নাকি তাদের মনোবলের দেয়ালে এতটুকু ফাটল ধরাতে পারেনি। নতুন কোচ স্যাভিও মেদিরার কথা, ‘ওটা প্রীতি ম্যাচ। আর জাম্বিয়াও অনেক শক্তিশালী দল।’ মূল দুই স্ট্রাইকার সুনীল ছেত্রী আর জেজে লালপেখুলা গিয়েছিলেন স্কটিশ ক্লাব গ্লাসগো রেঞ্জার্সে ট্রায়াল দিতে। ওই ম্যাচে তাঁরা খেলেননি। তাঁদের ছাড়া দলটা কেমন ভোঁতা সেটা টের পাওয়া গেছে। তবে ভারতের কোচের স্বস্তি হয়ে কাল রাতেই ওদের ফেরার কথা ছিল।দুই বছর আগে ঢাকায় এই ভারতের কাছেই শিরোপা-স্বপ্ন বিসর্জন দিয়ে এসেছিল মালদ্বীপ। মালদ্বীপের কোচ ইস্তভান উরবানির কথায় এবার সেটা পুনরুদ্ধারের মিশন। তবে তিনি এগোতে চান সব ম্যাচকে সমান গুরুত্ব দিয়ে, ‘আমার কাছে প্রতিটি ম্যাচই ফাইনাল।’সংবাদ সম্মেলনে টেবিলের ওপর রাখা ট্রফিটা ছিল উরবানির সামনে। সেটা সরিয়ে নিজের সামনে নিয়ে নিলেন বাংলাদেশের কোচ নিকোলা ইলিয়েভস্কি। বললেন, ‘এটা আমার কাছে থাক।’ ট্রফির আড়ালে মুখ ঢাকা পড়ে যাচ্ছিল বলে কথা বলতে স্বস্তি পাচ্ছিলেন না উরবানি। পাশে বসা ইলিয়েভস্কি এই ফাঁকে একটু রসিকতা করে নিলেন! কিন্তু বাস্তবতা হলো, ট্রফিটা বিমানে চড়ে বাংলাদেশে আসবে, এমন আশাটা লুকিয়ে ওই রসিকতার আড়ালেই।