সাফ ব্যর্থতার তদন্ত শুরু
বাংলাদেশে তদন্ত কমিটি হওয়া মানেই সত্যকে ধামাচাপা দেওয়ার ঐতিহ্য। অতীতে ফুটবল ব্যর্থতার আসল কারণগুলো হারিয়ে গেছে তদন্তের চোরাগলিতে। এবার অষ্টম সাফে বাংলাদেশ দলের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেওয়ার ক্ষতটা মেরামতে আগ্রহী বাফুফে। সেই লক্ষ্যে গঠিত তিন সদস্যের ‘ফ্যাক্টস ফাইন্ডিং’ কমিটি গতকাল শুরু করেছে কাজ।
হরতালের দিনেও বাফুফে ভবনে ডেকে আনা হয় কোচিং স্টাফে চার ডাচের দুজন গোলরক্ষক কোচ কিস কাল্ক ও ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহাম্মেতকে। সহকারী কোচ গোলাম জিলানী ও দলনেতা শেখ মারুফ হাসানও এদিন তাঁদের বক্তব্য দিয়েছেন।
প্রথম দিনের তদন্তকাজে বড় প্রশ্নটা ছিল, দলে ফিটনেস ট্রেনার থাকার পরও খেলোয়াড়েরা কেন এত চোটে পড়লেন? ইয়ামালি তদন্ত কমিটির কাছে তাঁর মতামত তুলে ধরেছেন।
দলের সবচেয়ে বড় ভরসা অধিনায়ক মামুনুল ইসলাম প্রথম ম্যাচে ছিলেনই না। শেষ দুটি ম্যাচে খেলেছেন শেষের ১০ মিনিট। হাঁটুতে চোট নিয়ে তিনি আসলে ‘দর্শক’ই ছিলেন। কাঠমান্ডুতে টুর্নামেন্ট শুরুর একদিন আগে অন্যতম গোলরক্ষক সোহেল চোট পেয়ে দল থেকে ছিটকে পড়েন। স্ট্রাইকার শাখাওয়াত রনি প্রথম ম্যাচে কয়েক মিনিট খেলেই কুঁচকির ব্যথা বেড়েছে বলে আর মাঠেই নামতে পারেননি। মাঠে নামতে পারেননি, নাকি চোটের অজুহাতে খেলেননি, এসব অপ্রিয় প্রশ্ন কিন্তু উঠছে।
কমিটির প্রধান বাদল রায়ের কথাবার্তায় কিছু ইঙ্গিত পাওয়া গেছে, ‘দলটা তো ফিটই ছিল না। চোট লুকিয়ে যে কেউ কেউ কাঠমান্ডু গেছে, এমন আভাস আমরা পেয়েছি। ইয়ামালি আত্মপক্ষ সমর্থন করেছেন। চোট নিয়ে কে কী করেছে, কেন খেলতে পারেনি, সবই আমরা জেনেছি।’
ইয়ামালি ও কিস কাল্ক দুজনই নাকি তদন্ত কমিটির কাছে বলেছেন, তাঁরা খেলোয়াড়দের মধ্যে নিষ্ঠার অভাব দেখেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত কমিটির এক সদস্য বলছিলেন, ‘কোচরা পেশাদার, টাকা হালাল করেই নেন। সমস্যা আমাদের মধ্যেই। এখনো বিদেশে যাওয়ার সময় ক্লাব তার খেলোয়াড়কে বলে দেয়, যাচ্ছ, যাও। তবে পা বাঁচিয়ে এসো। দলবদল চলছে। কাজেই সাফে খেলোয়াড়দের অনেকেই শতভাগ দেয়নি, এটা বোঝাই যাচ্ছে।’
আজ তদন্ত কমিটি ডেকেছে চার খেলোয়াড় মামুনুল ইসলাম, ওয়ালি ফয়সাল, আতিকুর রহমান মিশু ও জাহিদ হাসান এমিলিকে।