সাফ ব্যর্থতার তদন্তে নামছে বাফুফে
সাফ ফুটবলে বাংলাদেশ দলের শোচনীয় ব্যর্থতার কারণ খুঁজে বের করতে চান কাজী সালাউদ্দিন। দু-এক দিনের মধ্যে একটা তদন্ত কমিটি করা হবে বলে কাল জানিয়েছেন বাফুফের সভাপতি, ‘সাফের এই ব্যর্থতা পর্যালোচনা করতে হবে। এ জন্য অবশ্যই তদন্ত কমিটি করতে হবে। এটা আগামীকাল (আজ) অথবা তার পরদিনও হতে পারে। বাংলাদেশের ফুটবলে এর আগেও এমন তদন্ত কমিটি অনেক হয়েছে। ব্যর্থতার কারণ কারোরই অজানা না থাকলেও তদন্ত কমিটি করা রেওয়াজে পরিণত হয়েছে। সালাউদ্দিন বলেছেন, ‘সাফের গ্রুপ পর্ব থেকেই এমন বিদায় মেনে নেওয়া যায় না। কোচ একরকম বলছেন, খেলোয়াড়েরা আরেক রকম। ম্যানেজমেন্টের বক্তব্যও শুনছি। ব্যবস্থাপনা কমিটিকে বলব, সব খতিয়ে দেখে একটা রিপোর্ট দেওয়ার জন্য। দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ কারা যে দোষি সেটিই বড় প্রশ্ন।ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান এরই মধ্যে ‘কোচকে নিয়ে ভাবতে হবে’ বলে অন্য রকম ইঙ্গিত দিয়ে রেখেছেন। বাংলাদেশের ফুটবলে নিকোলা ইলিয়েভস্কি অধ্যায় শেষ হওয়ারই ইঙ্গিত মিলছে এতে। কোচ এত দিনেও একটা একাদশ গড়তে পারেননি এবং নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করে কাঠগড়ায়। তবে বাংলাদেশের ফুটবল যে আগের চেয়েও আরও বেশি মেধাশূন্যতায় ভুগছে, সাফে তিন ম্যাচের দুটিতে হার এবং একটি ড্রয়ে সেটিও পরিষ্কার।