সাফ ব্যর্থতার পর সালাউদ্দিন
সাফের ব্যর্থতা নিয়ে এখনই কিছু বলতে রাজি নন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। গ্রুপ পর্ব থেকেই বাংলাদেশের বিদায়ে সবার মতো হতাশ তিনিও। তবে এ নিয়ে এখনি বিশদ বলতে চান না সালাউদ্দিন, ‘কোচ এবং দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে সভা ছাড়া এ মুহূর্তে কোনো মন্তব্য করা উচিত হবে না।’ কোচ লোডভিক ডি ক্রুইফ এবং দল ব্যবস্থাপনা কমিটির সঙ্গে কাল পর্যন্ত কোনো কথা বলেননি। কোচকে নাকি আপাতত এড়িয়েই চলছেন।
সাফের প্রস্তুতির জন্য কোচের কোনো চাওয়াই অপূর্ণ রাখেনি বাফুফে। ফিজিও থেকে শুরু করে গোলরক্ষক কোচ আনা হয়েছে ডি ক্রুইফের পছন্দে। অথচ নেপালের বিপক্ষে প্রথমার্ধের খেলা দেখে বাফুফে সভাপতি ভয় পেয়েছিলেন যে দলটা না গোহারা হেরে আসে। ভারতের সঙ্গে ম্যাচ দেখার পর সেটা অবশ্য কেটে যায়। খেলোয়াড়দের পারফরম্যান্স তাঁকে খুব একটা হতাশ করেনি বলেই মনে হলো, ‘এই দলে দু-তিনটি নতুন মুখ ঢুকিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে। কয়েকটি পজিশনে খেলোয়াড় বদলানো প্রয়োজন।’ শেষ মুহূর্তে গোল খাওয়া বাংলাদেশের একটা বড় সমস্যা বলে মনে করছেন তিনিও, ‘মাত্র দেড় মিনিট বাজে খেলে হেরেছি আমরা। এই দেড় মিনিটই আমাদের ডুবিয়েছে।’ ভারতের বিপক্ষে যোগ করা সময়ে গোল খেয়ে ড্র করেছে বাংলাদেশ। আর ৩০ সেকেন্ড আগে গোল খেয়ে পাকিস্তানের কাছে হেরে বিদায়।
সাফের বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে আজ নেপাল যাচ্ছেন সালাউদ্দিন। সাফের সভাপতি পদে আগামী চার বছরের জন্য আবারও দেখা যেতে পারে তাঁকে। এখন পর্যন্ত আর কোনো প্রার্থী না থাকায় তাঁর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি। সালাউদ্দিনের স্বপ্ন, সাফের সভাপতি হিসেবে নিজের দলের হাতে চ্যাম্পিয়নের ট্রফিটা তুলে দেবেন। সেটা এবার হলো না। তবে স্বপ্নটাকে তিনি ধরে রাখছেন, ‘আমি চাইব, সাফে বাংলাদেশ আবারও ফাইনালে খেলবে। সাফের সভাপতি হিসেবে বাংলাদেশের হাতে ট্রফি তুলে দেওয়ার মতো গর্বের আর কিছুই নেই।’