সাফ-শ্রেষ্ঠত্বের সন্ধানে

বাফুফে ভবনে গিজগিজে ভিড়। সাফ ফুটবলের বাংলাদেশ দলের ফটোসেশনই এই ভিড়ের উৎস। সব আলোকচিত্রী এক স্বপ্নযাত্রার আগে উজ্জীবিত বাংলাদেশ দলকে করলেন ফ্রেমবন্দী।
‘স্বপ্নযাত্রা’ শব্দটিকে এখনো বাড়াবাড়ি মনে হতে পারে। সাফ টুর্নামেন্ট যে আজও বাংলাদেশের জন্য স্বপ্নের ঘোরে জেগে ওঠার টুর্নামেন্টই হয়ে রইল! সেই ২০০৩ সালে ঢাকায় তৃতীয় সাফ ফুটবলে শ্রেষ্ঠত্বের পতাকা উড়িয়েছিল লাল-সবুজের দল। পরেরবারই সেই শ্রেষ্ঠত্ব কেড়ে নিয়েছে প্রতিপক্ষ। গতবার তো বিদায় হতে হয়েছে গ্রুপ পর্বেই। তাই আজ সকালে জাতীয় দলের কাঠমান্ডু-যাত্রায় লক্ষ্য থাকছে একটাই—প্রায় ভুলে যাওয়া শিরোপার স্বাদ পুনরুদ্ধার।
এটা অসম্ভব নয়। তবে কঠিন তো বটেই। ৩১ আগস্ট প্রথম ম্যাচেই স্বগাতিক নেপাল। স্টেডিয়ামভর্তি ২০ হাজার দর্শকও দাঁড়িয়ে যাবে প্রতিপক্ষ হয়ে। তারপর ভারত ও পাকিস্তান। সেমিফাইনালে ওঠাই প্রথম কাজ। তারপর চ্যাম্পিয়ন হওয়ার ভাবনা। এই বাংলাদেশ দলের পক্ষে দক্ষিণ এশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরার আকাঙ্ক্ষা কতটা বাস্তবভিত্তিক?
কাল দলের প্রস্তুতি নিয়ে শেষবেলার সংবাদ সম্মেলনে উঠল প্রশ্নটা। যদিও সাফে বাংলাদেশ বরাবরই অন্যতম ফেবারিট থাকে। এটা জানা আছে বলেই হয়তো কোচ লোডভিক ডি ক্রুইফ উত্তর দিলেন, ‘এটা নিয়ে কথা বলা বোকামি।’
পরোক্ষে ডি ক্রুইফ বোঝালেন একটা লক্ষ্য তো নিশ্চয়ই আছে। সেটি অবশ্য ডাচ কোচের মুখ দিয়ে বের করানো গেল না, ‘দেখুন, আমরা সেমিফাইনাল, ফাইনাল খেলব এসব আমি এখনই বলতে চাই না। তবে একটা জায়গায় তো আমরা অবশ্যই চোখ স্থির রেখেছি। আমাদের লক্ষ্য হচ্ছে ম্যাচ জেতা। আমরা কাউকে হতাশ করতে চাই না।’
সেই হতাশাকে দূরে রাখার মূল কাজটা খেলোয়াড়দেরই। মাঠের বাইরে থাকবেন ডি ক্রুইফ। সঙ্গে সহকারী রেনে কোস্টার, ফিটনেস ট্রেনার ইয়ামালি, গোলরক্ষক কোচ কিস কাল্ক। এই চার ডাচকে দলের সঙ্গে জুড়ে এই প্রথম সর্বাত্মক একটা প্রস্তুতি নিয়ে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে এত নিবিড় ও কার্যকর প্রস্তুতি কখনোই নেওয়া যায়নি। সেদিক থেকে এবার প্রত্যাশার পারদ উঁচুতেই থাকে।
সুখবর অবশ্যই, অধিনায়ক মামুনুল ইসলামের হাঁটুর চোট অনেকটাই সেরে ওঠার পথে। কাল তাঁর এমআরআই এবং সিটি স্ক্যানে বড় কোনো সমস্যা ধরা পড়েনি। একটু ব্যথা আছে এই যা। তাই মূল প্লে-মেকারকে হারাচ্ছে না দল।
কিন্তু আসল পরীক্ষার মঞ্চে খেলতে পারবেন তো? মামুনুলের আশা, ‘সাফে প্রথম ম্যাচ থেকেই খেলার চেষ্টা করব।’ সংবাদ সম্মেলনে মামুনুলের পাশে বসে চিকিৎসক আলী ইমরানও শোনালেন প্রত্যাশার বাণী, ‘এমআরআই ও সিটি স্ক্যান করানোর পর মামুনুলকে নিয়ে দুশ্চিন্তা কেটে গেছে। সাফ টুর্নামেন্টে খেলতে না-পারার বড় কোনো কারণ নেই।’
মামুনুলকে পাওয়া যাচ্ছে, এটা ইতিবাচক। কিন্তু কিছু নেতিবাচক দিকও আছে। থাইল্যান্ডে দুটি অনুশীলন ম্যাচ ছাড়া বিদেশি দলের বিপক্ষে আর কোনো প্রস্তুতি ম্যাচ খেলা হয়নি। এমনি যাওয়া-আসায় সময় নষ্ট হবে ভেবে মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলতেও রাজি হননি ডি ক্রুইফ। কারণ খেলোয়াড়দের একটু ‘বিশ্রাম’ দেওয়ার দরকার মনে করেছেন কোচ। তাঁর ভাষায়, ‘আমরা সাত-আট সপ্তাহ টানা প্রস্তুতি নিয়েছি। খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করেছে। এখন খেলোয়াড়দের মানসিক ও শারীরিক অবস্থা ভালো।’
কিন্তু মজার তথ্য, গতকাল বিকেল পর্যন্ত ডি ক্রুইফ তাঁর ২০ জনের স্কোয়াড চূড়ান্ত করতে পারেননি। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের দেওয়া তালিকায় ছিল ২২ জন খেলোয়াড়ের নাম। অধিনায়ক মামুনুল পুরো ফিট না হওয়ায় অতিরিক্ত হিসেবে নেওয়া হচ্ছে মিডফিল্ডার মোনায়েম খানকে (রাজু)। কালই শেষবেলায় বাফুফে একাদশের সঙ্গে জাতীয় দলের অনুশীলন ম্যাচের পর রাতে বাদ দেওয়া হয়েছে ডিফেন্ডার রেজাউলকে। মানে নেপাল যাবেন ২১ জন খেলোয়াড়।
কিছু অতৃপ্তি থাকলেও ক্রুইফ ব্রিগেড প্রস্তুত। বাফুফে এবার চেষ্টার কমতি খুব একটা রাখেনি। দেখা যাক, ঢাকায় ফেরে কি না সাফ-মুকুট!
বাংলাদেশের সাফ রেকর্ড
সাল অবস্থান
১৯৯৭ গ্রুপ পর্ব
১৯৯৯ রানার্সআপ
২০০৩ চ্যাম্পিয়ন
২০০৫ রানার্সআপ
২০০৮ গ্রুপ পর্ব
২০০৯ সেমিফাইনাল
২০১১ গ্রুপ পর্ব