সাফজয়ীদের কারজাইয়ের পুরস্কার
ঘোষণাটা এসেছিল আগেই। কাল সাফের শিরোপাজয়ী আফগান ফুটবলারদের পুরস্কার দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিলেন আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই।
গত বুধবার ফাইনালে ভারতকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। পরদিনই দেশে ফিরে যাওয়া ফুটবলার ভাসছেন শুভেচ্ছা আর অভিনন্দনের জোয়ারে। রাজধানী কাবুলে নিজের বাসভবনে প্রেসিডেন্ট কারজাই শুভেচ্ছা জানিয়েছেন কাল বিজয়ী বীরদের। পুরস্কারের ঘোষণাটিও দিয়েছেন সেখানেই। শিরোপাজয়ী খেলোয়াড়দের প্রত্যেকে পাবেন দুই কক্ষের একটা করে ফ্ল্যাট এবং ১৮০০ ডলার। তবে টুর্নামেন্টজুড়ে অসাধারণ নৈপুণ্য দেখানো গোলরক্ষক মনসুর ফকিরিয়ার পাবেন একটু বেশিই। ফ্ল্যাট তো আছেই, অর্থ পুরস্কার হিসেবে তিনি পাবেন ২০ হাজার ডলার। কারজাই খেলোয়াড়দের ভাসিয়েছেন প্রশংসায়, ‘তোমরা শিরোপা জয়ের পর থেকেই দেশের সব মানুষ, পুরো দেশ জয় উদ্যাপন করছে এবং তারা খুব খুশি। তোমরাই এই আনন্দের কারণ। যুদ্ধবিগ্রহের কারণে বিগত বছরগুলোর দুঃখ-দুর্দশার পর দেশের মানুষকে তোমরা আনন্দিত ও খুশি করেছ।’ এএফপি।