সাফল্য আছে তাঁরও
ক্রিকেট পরিচালনা কমিটির কাছে পাঠানো পদত্যাগপত্রের শেষ দিকে ‘প্রধান কোচের সম্মান’ দেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ
জানিয়েছেন শেন জার্গেনসেন। বিশ্বে মাত্র ১০টি দেশ টেস্ট ক্রিকেট খেলে। একটি টেস্ট খেলুড়ে দেশের প্রধান কোচ তাই অনেক বড়
সম্মানের, সন্দেহ নেই। বিসিবিকে জার্গেনসেন ধন্যবাদ জানিয়েছেন সে কারণেই। বোলিং কোচ হয়ে এসে কিছুদিন ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব
পালন করে দেড় বছরের মধ্যে প্রধান কোচ! গত বছর প্রথম আলোর সঙ্গে এক সাক্ষাৎকারে জার্গেনসেন বলেছিলেন, এত দ্রুত
উত্থানে চমকে গেছেন নিজেও।
গত বছরের ফেব্রুয়ারিতে জার্গেনসেন প্রধান কোচের স্থায়ী দায়িত্ব পান মূলত দুটি পারিপার্শ্বিক বাস্তবতায়। মূল কারণ, উপযুক্ত কোনো
কোচই খুঁজে পাচ্ছিল না বিসিবি। স্টুয়ার্ট ল ‘পারিবারিক’ কারণ দেখিয়ে চলে যাওয়ার পর সাবেক বোর্ড প্রধান আ হ ম মুস্তফা
কামাল অনেকটা ধরে বেঁধেই এনেছিলেন রিচার্ড পাইবাসকে। সেই পাইবাসও চলে গেলেন সাড়ে চার মাসের মধ্যে। এরপর কোচের সন্ধানে
হয়রান বিসিবি। স্বল্প মেয়াদে পরামর্শক বা উপদেষ্টা হতে রাজি অনেকেই, কিন্তু কেউই দীর্ঘদিন থাকতে চান না। পাশ্চাত্যের কোচরা
বাংলাদেশের জীবনযাত্রায় কিছুদিন থাকলেই হাঁপিয়ে ওঠেন (স্টুয়ার্ট ল মূলত এ কারণেই চলে গেছেন বলে শোনা যায়)। এ মানসিক
বাধাকে উপেক্ষা করাতে পারত বড় অঙ্কের পারিশ্রমিক। কিন্তু সেটি গোনার সামর্থ্য নেই বিসিবির। জার্গেনসেনকে তাই বলা চলে ছিলেন
অন্ধের যষ্টি।
দ্বিতীয় কারণটিও তখন তাঁর পক্ষে যুক্তি হিসেবে দাঁড়িয়ে গেল। পাইবাস চলে যাওয়ার পর ভারপ্রাপ্ত কোচের দায়িত্বে জার্গেনসেনের
পারফরম্যান্স! ২০১২ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশে পা রাখার মাত্র দিন দশেক আগে আচমকা দায়িত্ব ছাড়ার ঘোষণা
দিলেন পাইবাস। বোলিং কোচকে দেওয়া হলো আপৎকালীন দায়িত্ব। হঠাৎ পাওয়া দায়িত্বটা দারুণভাবেই সামলালেন জার্গেনসেন। বাংলাদেশ
দল দুই টেস্টে হারলেও একটি সেশন এলোমেলো ব্যাটিং না করলে জিততে পারত প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্টেও সম্ভাবনা জাগিয়েছিল ড্র
করার। এরপর ওয়ানডে সিরিজে তো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে আসা দলটাকে হারিয়েই দিল দারুণভাবে।
এর পরও কোচের সন্ধান চালিয়ে গেছে বিসিবি। তার মানে প্রধান কোচ হিসেবে জার্গেনসেনের সামর্থ্য নিয়ে তখনো নিশ্চিত ছিল না বোর্ড।
কিন্তু কাউকে না পেয়ে আর ভারপ্রাপ্ত দায়িত্বে জার্গেনসেনের সাফল্যকে সান্ত্বনা বানিয়ে গত বছরের ফেব্রুয়ারিতে তাঁকেই স্থায়ী দায়িত্ব
দেওয়া হয় ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। আনুষ্ঠানিক দায়িত্বের শুরুটাও ছিল দারুণ আশাজাগানিয়া। শ্রীলঙ্কা সফরে প্রথমবার টেস্ট ড্র করতে
পারল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে প্রথমবারের মতো ম্যাচ জয়ের স্বাদ পেল লঙ্কার মাটিতে। জিম্বাবুয়েতে প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে
দ্বিতীয় টেস্টে দারুণ জয়। ওয়ানডে সিরিজে অবশ্য হারের যন্ত্রণাই সইতে হলো। তবে খুব বেশি দীর্ঘ হয়নি সেই প্রহর। প্রবল প্রত্যাশার চাপ
সামলে নিউজিল্যান্ডকে আরেকবার ধবলধোলাই করা কোচ জার্গেনসেনের বড় সাফল্য। ওয়ানডে সিরিজের আগে দুই টেস্টেই ভালোভাবে ড্র
করাও ছিল কৃতিত্বের। মনে হচ্ছিল বাংলাদেশের জন্য শাপে বর হয়েই এসেছেন জার্গেনসেন।
সব গোলমাল পাকিয়ে গেল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসেই। শ্রীলঙ্কা সিরিজ, এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা ব্যর্থতা।
শ্রীলঙ্কা সফর আর নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য মিলিয়ে গেল আফগানিস্তান-হংকংয়ের কাছে হারের লজ্জায়। পুরো দলই একসঙ্গে বাজে
ফর্মে থাকায় জার্গেনসেনের কাজটা সহজ ছিল না। কিন্তু কোচের আসল প্রয়োজনই তো এসব মুহূর্তে! জার্গেনসেন পারেননি, মেনে নিতেই
হবে। পুরোনো প্রশ্নগুলো তাই আরেকবার উচ্চকিত, টেস্ট দলের কোচ হওয়ার যোগ্যতা কি আসলেই ছিল তাঁর? যে প্রশ্নের জের ধরেই
জার্গেনসেনের অভিমান। সেই অভিমানের তীব্রতা এতটাই যে ‘প্রধান কোচের সম্মানটাও’ ছেড়ে দিলেন অনায়াসে।
মজার ব্যাপার, টেস্ট দলে কোচ হওয়ার যোগ্য বলে আগে যাঁদের আনা হয়েছিল, সাফল্যের পাল্লায় তাঁদের চেয়ে পিছিয়ে নেই
জার্গেনসেন। তার চেয়েও বড় কথা, বিশ্বকাপ পর্যন্ত যখন আস্থা রাখাই হয়েছিল, বিশ্বকাপের আগে এ প্রশ্নগুলো তোলা কি জরুরি ছিল?