সাফল্য বুভুক্ষু ওজিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ-সেরার ট্রফি একবার জিতেছেন। শুধু তা-ই নয়, পেয়েছিলেন ফাইনালের সেরা খেলোয়াড়ের স্বীকৃতিও। কিন্তু সেই সাফল্য এসেছিল ইউরোর অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপে। যুব পর্যায়ে পাওয়া সেই সাফল্যই এবার জাতীয় দলের হয়ে পুনরাবৃত্তি করতে চান মেসুত ওজিল। রিয়াল মাদ্রিদের হয়ে স্প্যানিশ লিগ জেতার আনন্দের রেশ নিয়েই ইউরোর ক্যাম্পে যোগ দিয়েছেন। যেটি তাঁর ক্যারিয়ারেরই প্রথম কোনো লিগ শিরোপা। জার্মানির মাঝমাঠের কাণ্ডারি জানালেন, এই অর্জন সাফল্য-ক্ষুধা বাড়িয়ে দিয়েছে তাঁর। এবার জাতীয় দলের হয়েও বড় কিছু জিততে চান। এবং সেটা শুরু করতে চান এবারের ইউরো দিয়েই!২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বলেছেন, ‘আমার ক্যারিয়ারে এটাই সেরা মৌসুম। রিয়াল মাদ্রিদের হয়ে শিরোপা জেতার আনন্দ সত্যিই অন্য রকম। তবে মিশন এখনো শেষ হয়নি। এখন আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও জিততে চাই।’ শুধু ওজিল নন, জার্মানির সাফল্য-ক্ষুধাও বাড়ছে। একটি শিরোপার জন্য জার্মানদের অপেক্ষার প্রহর যে ক্রমেই প্রলম্বিত হচ্ছে। সর্বশেষ বড় কোনো শিরোপা তারা জিতেছিল ইউরোতেই, ১৯৯৬ সালে। ওজিলের বয়স তখন মাত্র আট। খেলেন ওয়েস্তফালিয়া জিরোফোরের কিশোর দলে। বড় কোনো শিরোপার জন্য জার্মানদের অপেক্ষা গিয়ে পৌঁছেছে ষোল বছরে। হব-হব করেও যেন হচ্ছে না। গত তিনটি বিশ্বকাপেরই সেমিফাইনালে উঠেছে জার্মানি। গত ইউরোর ফাইনালেও উঠেছিল। ২০০৮ ইউরো আর ২০১০ বিশ্বকাপ—গত দুটি বড় টুর্নামেন্টেই জার্মান-স্বপ্নকে গুঁড়িয়ে দিয়েছে স্পেন। দুবারই পরাজয় মাত্র এক গোলের বলে জ্বালাটা আরও বেশি। এবার তাই শিরোপা জেতা ছাড়া অন্য কিছু ভাবছেন না ওজিলরা। কোনো রাখঢাক, কোনো কূটনৈতিক উত্তর তাই দেননি জার্মানদের লক্ষ্য সম্পর্কে, ‘আমাদের লক্ষ্যই হলো শিরোপা। সেটা না হলে আমরা এখানে খেলতেই আসতাম না। আমাদের প্রস্তুতিটা খুব ভালো হচ্ছে। এই টুর্নামেন্টে আমাদের মনোযোগ পুরোপুরি নিবদ্ধ। ২০০৮-এ আমরা রানার্সআপ হয়েছিলাম। ২০১০-এ তৃতীয়। আমরা তখন নিজেদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছি। এ কারণে এবার দ্বিতীয় হওয়াটাও হবে আমাদের জন্য হতাশার।’গত বিশ্বকাপেই নিজেকে আলাদা করে চিনিয়েছেন ওজিল। ওই বিশ্বকাপের যৌথভাবে সর্বোচ্চ গোলের জোগানদাতা হয়েছিলেন। তার চেয়েও বড় কথা, যান্ত্রিক জার্মানি যে গতবার নিজেদের খোলনলচে পাল্টে ফেলে শিল্পিত হয়ে উঠল, তার পেছনে এই প্লে-মেকারের বড় ভূমিকা। জার্মান মিডফিল্ডে বিরল সৃষ্টিশীলতার জোগানদার এই তরুণ। এবারের ইউরোতেও জার্মানি তাকিয়ে থাকবে ওজিলের দিকে। ইউরো বাছাইপর্বেও তা-ই ছিল, সেই প্রত্যাশা পূরণও করেছেন। গোল করানোই তাঁর মূল দায়িত্ব হলেও নিজে গোল করেছেন ৫টি। বাছাইপর্বে শুধু দুটি দল নিজেদের সবগুলো ম্যাচ জিতেছে। একটি স্পেন, অন্যটি জার্মানি। এক দিক দিয়ে স্পেনের চেয়েও এগিয়ে ছিল জার্মানি। স্পেন বাছাইপর্বে জিতেছে আট ম্যাচের সবগুলো, জার্মানি সেখানে দশে দশ! এবারের টুর্নামেন্টেও সবচেয়ে ফেবারিট মানা হচ্ছে এই দুই দলকেই। এবারও স্পেন-জার্মানি ফাইনাল হওয়ার সম্ভাবনা যথেষ্টই। তা-ই যদি হয়, তাঁর ক্লাব-অধিনায়ক ইকার ক্যাসিয়াসের বিরুদ্ধে প্রতিশোধস্পৃহা নিয়েই ঝাঁপিয়ে পড়বেন ওজিল। ওয়েবসাইট।