সাফল্যপ্রত্যাশী গার্দিওলাও

কেমন হবে মেসি-নেইমার জুটি? কেউ ভাবছেন, এই জুটি ছিঁড়েখুঁড়ে ফেলবে প্রতিপক্ষের রক্ষণভাগ। আবার কারও ধারণা, এ জুটি মোটেও জমবে না। এক জাহাজে কি দুই ক্যাপ্টেন থাকা সম্ভব? নেইমার চলে আসায় মেসিকে বিক্রি করে দেওয়ার অদ্ভুত প্রস্তাব দিয়ে এই বিতর্কে ঘি ঢেলেছেন বার্সেলোনার আজীবন সদস্য ও সাম্মানিক সভাপতি ইয়োহান ক্রুইফ। তবে ক্রুইফের ‘ড্রিম টিম’-এর সদস্য ও সাবেক বার্সেলোনা কোচ পেপ গার্দিওলা মোটেও একমত নন তাঁর গুরুর সঙ্গে। বরং মেসি-নেইমার নামের দুর্ধর্ষ এক জুটির প্রত্যাশায় থাকছেন তিনি।
আগের দিন মেসিকে বিক্রি করে দেওয়ার চিন্তাটা উড়িয়ে দিয়েছেন বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকে। পরশু স্প্যানিশ দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে পেপ গার্দিওলাও দিয়েছেন অভিন্ন মত, ‘মেসি-নেইমার জুটি কি সফল হবে? ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে দুর্দান্ত আরেকজন। আমি নিশ্চিত, তারা দুজনেই দারুণ সফল হবে।’
কৈশোর-যৌবনের ক্লাব, যেখানে গার্দিওলা ক্যারিয়ারের সবচেয়ে সুবর্ণ সময়টা কাটিয়েছেন। তারপর কোচ হিসেবে সেই ক্লাবের দায়িত্ব নিয়ে এনে দিয়েছেন অকল্পনীয় সাফল্য। দায়িত্ব ছেড়ে দিলেও তাই বার্সেলোনাকে নিয়ে ভাবতেই পারেন গার্দিওলা।

তবে তাঁর মূল ভাবনা এখন বায়ার্ন মিউনিখ নিয়ে। সাবেক কোচ ইয়ুপ হেইঙ্কেসের অধীনে প্রথম জার্মান ক্লাব হিসেবে ত্রিমুকুটজয়ী বায়ার্নের দায়িত্ব নিয়ে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি গার্দিওলা। মৌসুম শুরুর আগে প্রস্তুতি হিসেবে তাঁর দল ক্যাম্প করেছে উত্তর ইতালির লেক গার্দায়। সেখানেই সংবাদমাধ্যমে নতুন বায়ার্ন কোচকে দিতে হচ্ছে হাজারো প্রশ্নের জবাব। তাঁর অধীনে বায়ার্নের খেলার ধরন কেমন হবে, সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন কি না, বায়ার্ন কি বার্সেলোনার মতো ফুটবল খেলবে কি না ইত্যাদি। তাঁর সময়ে বার্সেলোনায় সাধারণত লিওনেল মেসিকে ‘ফলস নাইন’ হিসেবে খেলতে দেখা গেছে। মেসি নিজে ও তাঁর দল ওই কৌশলেই পেয়েছে আকাশচুম্বী সাফল্য। তবে সপ্তাহ খানেক হলো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়া বায়ার্ন কোচ এখনো কৌশল নিয়ে খোলাসা করে কিছু বলছেন না, ‘আমরা একজন স্ট্রাইকার এবং ফলস নাইন নিয়েও খেলতে পারি। ফুটবলারদের শারীরিক অবস্থা বুঝে পরে আমি এ বিষয়ে সিদ্ধান্ত নেব।’ তবে যেভাবেই খেলান বায়ার্নের ফুটবলাররা সাফল্যের সঙ্গেই সেটা আয়ত্ত করবে বলে বিশ্বাস তাঁর, ‘আমি লক্ষ করেছি বায়ার্নের ফুটবলাররা খুবই চটপটে। ওরা চার বছরে তিনবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে পৌঁছেছে। এর বেশি কিছু তো বলার দরকার নেই।’
কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে দল ছাড়তে চাইছেন চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের জয়ের নায়ক আরিয়েন রোবেন ও মারিও গোমেজ। তবে এসব স্রেফ গুঞ্জন হিসেবেই উড়িয়ে দিয়েছেন নতুন বায়ার্ন কোচ। বরং তাঁর কণ্ঠে দুই শিষ্যের জন্যই উচ্ছ্বসিত প্রশংসা, ‘রোবেন আমার জন্য উপহারের মতো। খুব বুদ্ধিমান ফুটবলার। মারিও গোমেজও খুবই পেশাদার।’ এএফপি।