সাফল্যে বিস্মিত ফার্গি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে নতুন একটি রেকর্ড গড়া থেকে মাত্র তিন ম্যাচ দূরে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবারের শিরোপাটা জিততে পারলে প্রিমিয়ার লিগের একমাত্র দল হিসেবে তাদের ট্রফি কেসে জমবে ১৯টি লিগ শিরোপা। এর আগে ১৮টি শিরোপা জয়ের রেকর্ডটা তাদের ভাগাভাগি করতে হতো লিভারপুলের সঙ্গে। ম্যান ইউকে অন্য উচ্চতায় নিয়ে যাওয়া কোচ অ্যালেক্স ফার্গুসনও এ সাফল্যে রীতিমতো বিস্ময় প্রকাশ করেছেন। ১৯টা শিরোপা কখনো জিততে পারবেন, এটা নাকি স্বপ্নেও ভাবেননি ৬৯ বছর বয়সী এই কোচ।১৯৮৬ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়েছিলেন ফার্গুসন। সে সময় প্রিমিয়ার লিগে লিভারপুলের ছিল মোটামুটি একাধিপত্য। আর ম্যান ইউয়ের দখলে ছিল মাত্র সাতটি শিরোপা। তখন লিভারপুলের সমকক্ষ হওয়াই তাঁর প্রধান লক্ষ্য ছিল বলে খোলাখুলিই স্বীকার করেছেন ফার্গুসন। বলেছেন, ‘সে সময় লক্ষ্যটা ছিল লিভারপুলের কাছাকাছি যাওয়া এবং সফল হওয়া। এই লক্ষ্য নিয়েই আমি যাত্রা শুরু করেছিলাম। শিরোপা জয়ের স্বপ্ন নিয়েই আমি এখানে এসেছিলাম। তখনও আমরা কতগুলো শিরোপা জিততে পারব সেটা নিয়ে মোটেও ভাবিনি। প্রথম শিরোপাটা হাতে তোলাই ছিল প্রধান ব্যাপার। আর সেটা আমরা ভালো মতোই পেরেছিলাম।’লিভারপুলকে সত্যিই রেকর্ড বুক থেকে সরিয়ে দিতে পারলে ম্যান ইউয়ের কোচ হিসেবে ফার্গুসন যে প্রশংসার বন্যায় ভাসবেন এটা নিশ্চিত করেই বলা যায়। তবে এটাকে মোটেই নিজের ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখতে চাচ্ছেন না ফার্গি। তিনি বলেছেন, ‘এটা ব্যক্তিগতভাবে আমার একটা বিশেষ অর্জন, এমনটা আমি মোটেই ভাবি না। এটা পুরো ক্লাবের জন্য, ক্লাবের ইতিহাসের জন্যই খুব গুরুত্বপূর্ণ।’কাগজে কলমে তিনটা ম্যাচ বাকি থাকলেও আগামীকাল চেলসির বিপক্ষে ম্যাচটা জিততে পারলেই শিরোপা জয় নিশ্চিত হয়ে যাবে ম্যানচেস্টার ইউনাইটেডের। ৭৩ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার শীর্ষে আছে তারা। আর ৭০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গতবারের শিরোপাজয়ী চেলসি। ইএসপিএন।