সাফল্যের আলোতেও দাবাড়ুদের দুঃখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সেভ দ্য চিলড্রেন’ নামের বেসরকারি সংস্থায় চাকরি করেন, সেই সুবাদে গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার দুই মাস ধরে আছেন কম্বোডিয়ায়। কবে ফিরবেন ঠিক নেই।
দীর্ঘদিন ঘরোয়া প্রতিযোগিতায় অনুপস্থিত এই গ্র্যান্ডমাস্টারকে ছাড়াই নিয়মিত আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। গত ২৬ মার্চ-২ এপ্রিল নেপালে হওয়া এশিয়ান জোনাল (৩.২ অঞ্চল) দাবাতেও রিফাত ছিলেন না। তবে বাকি চার গ্র্যান্ডমাস্টার ঠিকই খেলেছেন। সেখানে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান সেপ্টেম্বরে খেলবেন আজারবাইজানে অনুষ্ঠেয় বিশ্বকাপে। নেপালে হওয়া জোনালেরই মহিলা বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আন্তর্জাতিক মাস্টার শামীমা আক্তার লিজাও বিশ্ব দাবার সর্বোচ্চ আসরে খেলার যোগ্যতা অর্জন করেছেন।
নেপালে দাবাড়ুদের এই সাফল্য উপলক্ষেই দাবা ফেডারেশন জাতীয় ক্রীড়া পরিষদের মিলনায়তনে আয়োজন করেছিল সংবাদ সম্মেলনের। এই সংবাদ সম্মেলনটা পরিণত হলো দাবাড়ুদের দাবিদাওয়া তোলার মঞ্চ। চিরপুরোনো সব অভিযোগ। ঘরোয়া প্রতিযোগিতা নেই, গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্টের খবর নেই। দায়সারাভাবে হওয়া রেটিং টুর্নামেন্টগুলোর মান প্রশ্নবিদ্ধ। বিদেশে খেলতে যাওয়ার আগে আর্থিক অনিশ্চয়তায় ভুগতে হয়। স্পনসর পাওয়ার নিশ্চয়তা নেই। যদিও এবার ফেডারেশনের নতুন সভাপতি বেনজীর আহমেদের চেষ্টায় নেপালযাত্রার শেষ মুহূর্তে পৃষ্ঠপোষক হয়েছিল প্রিমিয়ার ব্যাংক।
গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের কণ্ঠে ঝরল হতাশা, ‘দাবায় স্পনসরশিপ এমনই দুঃখজনক অবস্থায় পৌঁছেছে, সেটা বিশ্বকাপে খেলতে যাওয়ার আগে বুঝতে পারি। সারাক্ষণ দুশ্চিন্তায় থাকি আদৌ যেতে পারব কি না। আমার মনে হয় আর কোনো খেলায় এ চিন্তা করতে হয় না।’ গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান আরও বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলার সুযোগ চান, ‘বেশি বেশি আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে চাই আমরা। আমি চাই যেন এশিয়ান কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ থেকে বেশি বাংলাদেশি দাবাড়ু বিশ্বকাপে সুযোগ পায়।’ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের প্রশ্ন, ‘কেন জোনাল দাবা আমাদের দেশে আয়োজন করা যাবে না?’
শুধু দাবাড়ুরা নন, কর্মকর্তাদের কেউ কেউ প্রশ্ন তুললেন ফেডারেশনের স্থবিরতা নিয়ে। ফেডারেশনের সহসভাপতি শাহাবুদ্দিন শামীম অবশ্য সব ব্যর্থতার দায়ভার স্বীকার করে আগামী বিশ্বকাপে খেলতে যাওয়া জিয়া ও লিজার পৃষ্ঠপোষক জোগাড় করার নিশ্চয়তা দিলেন, ‘যদি কোনোভাবে স্পনসর না-ই পাওয়া যায় আমিই ওদের বিশ্বকাপে পাঠাব।’