দেখতে দেখতে শেষ হয়ে এল ২০১৫। এই বছর কেমন গেছে খেলাধুলার জগৎটা? পেছন ফিরে তাকালে উঠে আসবে প্রাপ্তি-অপ্রাপ্তি-আনন্দ-বেদনার বর্ণিল এক উপাখ্যান। ধারাবাহিক এই বর্ষপরিক্রমায় আজ ক্রিকেট–ফুটবলের বাইরে বাংলাদেশের অন্যান্য খেলা

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) প্রতিবছর ক্রীড়াপঞ্জি তৈরি করে। সারা বছরের সম্ভাব্য প্রতিযোগিতার একটি তালিকা থাকে সেখানে। এটি ভরা তাকে প্রশিক্ষণ ক্যাম্প ও অন্য কর্মসূচিতে। খেলাধুলা থাকে কম। স্বাধীনতা দিবস, বিজয় দিবস আর জাতীয় প্রতিযোগিতা—এগুলোও প্রতিবছর আয়োজন করে না অনেক ফেডারেশন। তবে বিদেশের কোনো টুর্নামেন্টে অংশ নেওয়া থেকে বিরত থাকতে চান না কেউ। সাফল্য আসুক না-আসুক, কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ হলেই হলো! এমনিতেই ক্রিকেট-ফুটবলের বাইরে অন্য খেলাগুলোর বিশ্বটা খুব ছোট। সেখানে টুকটাক সাফল্যের চেয়ে তাই ব্যর্থতাই বেশি। ২০১৫ সালটাও এর ব্যতিক্রম নয়।
বিভিন্ন অ্যাসোসিয়েশন ও ফেডারেশন মিলিয়ে যে ৪৬টি ক্রীড়া সংগঠন রয়েছে সেখানে ক্রিকেট আর ফুটবল ছাড়া অন্যদের সাফল্য অণুবীক্ষণ যন্ত্র দিয়েই খুঁজতে হয়। এদের মধ্যেও অর্জনের আলোয় একটু উজ্জ্বল ভারোত্তোলন এবং আর্চারি ফেডারেশন। ভারতে কমনওয়েলথ ভারোত্তোলনে সোনা জেতেন মাবিয়া আক্তার সীমান্ত। আর্চারিতে সোনার পদক এনেছেন তামিমুল ইসলাম—সামোয়াতে যুব কমনওয়েলথ গেমসে রিকার্ভ বো ইভেন্টে। বছরটা হতে পারত গলফার সিদ্দিকুর রহমানের। পারেননি তিনি। অন্তত তিনটি টুর্নামেন্টে শিরোপার খুব কাছে থেকে ফিরে এসেছেন।
এ বছর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশই নেয়নি কাবাডি। ঘরোয়া বলতে শুধু জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বিজয় দিবস কাবাডি। মেয়েদের কাবাডি লিগ হলেও জাতীয় দলের কেউ খেলেননি।
হকিতে প্রাপ্তির খাতায় বলতে গেলে কিছুই নেই। তবে সুখবর ছিল একটা—হকিতে দীর্ঘদিন ধরে চলে আসা অচলাবস্থার অবসান হয় এই বছরই। খাজা রহমতউল্লাহ পদত্যাগ করেন সাধারণ সম্পাদকের পদ থেকে। মাহবুব হারুনকে আবারও কোচের দায়িত্ব দেওয়া হয়। এরপর বিজয় দিবসের টুর্নামেন্ট দিয়ে প্রায় ২২ মাস পর ঘরোয়া প্রতিযোগিতায় ফেরে হকি। বছরের শুরুতে বিশ্ব হকি লিগের তৃতীয় পর্বে ওঠার সম্ভাবনা নষ্ট হয় বাংলাদেশের। মেক্সিকোর সঙ্গে জিতলেও ওমানের কাছে হারের মাশুল গুনতে হয়েছে।
মালয়েশিয়ায় অনূর্ধ্ব-২১ এশিয়ান জুনিয়র হকিতেও অল্পের জন্য সাফল্য পায়নি বাংলাদেশ। জাপানকে হারাতে পারলে সেমিফাইনাল নিশ্চিত ছিল বাংলাদেশের। যুব বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলারও হাতছানি ছিল। তবে চমক দেখিয়েছে কোরিয়াকে হারিয়ে।

গলফার সিদ্দিকুর এ বছরই নতুন জীবনে পা রাখেন, বিয়ে করেন গলফার সামাউন আঞ্জুম অরনিকে। সিদ্দিকুরের শিরোপা স্বপ্ন প্রথম হোঁচট খেয়েছে দিল্লিতে হিরো ইন্ডিয়ান ওপেনে। চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত হন সপ্তম। ঢাকায় গলফ ফেডারেশন আয়োজিত এশিয়ান ট্যুরে সিদ্দিকুর হন ৩৮তম। থাইল্যান্ডে কুইনস কাপে শিরোপা স্বপ্ন দেখিয়েও হয়েছেন তৃতীয়, তাইওয়ানে মারকারিস মাস্টার্সে দারুণ শুরু করেও শেষ পর্যন্ত সপ্তম। সিঙ্গাপুরে ওয়ার্ল্ড ক্লাসিক চ্যাম্পিয়নশিপে তৃতীয় দিন পর্যন্ত যুগ্মভাবে শীর্ষে থেকে শেষ দিনে জঘন্য খেলে ৩০তম হলেন! দিল্লি গলফ কোর্সে প্যানাসনিক ওপেনে যুগ্মভাবে দ্বিতীয় হন।
প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্ব মহিলা দাবায় অংশ নেন আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজা। নেপালে এশিয়ান জোনাল দাবায় উন্মুক্ত ও মহিলা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ। দিল্লিতে কমনওয়েলথ দাবায় বয়সভিত্তিক জুনিয়র বিভাগে ব্রোঞ্জ জেতে ফাহাদ রহমান, ৬০-ঊর্ধ্ব সিনিয়র বিভাগে সোনা রানী হামিদের। সাব-জুনিয়র দাবায় চ্যাম্পিয়ন ফাহাদ রহমান। জাতীয় দাবার চূড়ান্ত পর্বেও খেলার যোগ্যতা অর্জন করে গ্র্যান্ডমাস্টার জিয়াউরকে হারিয়ে চমক দেখায়। জাতীয় দাবায় চ্যাম্পিয়ন মিনহাজউদ্দিন আহমেদ, মহিলা দাবায় চ্যাম্পিয়ন শামীমা আক্তার লিজা। প্রথমবারের মতো প্রিমিয়ার দাবা লিগে খেলতে এসেই চ্যাম্পিয়ন শেখ রাসেল স্মৃতি স্পোর্টিং ক্লাব। তবে সব ছাপিয়ে এ বছর দাবায় আলোচিত ঘটনা ছিল—দাবা ফেডারেশনে পুকুরচুরি।
শ্যুটিংয়ে গত বছর কমনওয়েলথ গেমসে রুপা জিতে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন আবদুল্লাহ হেল বাকি। অথচ এবার শ্যুটিংয়ের কোনো সাফল্যই নেই।
রাশিয়ার কাজানে বিশ্ব সাঁতারে যাওয়া বাংলাদেশি সাঁতারুরা পড়ে ছিলেন তলানিতে। জাতীয় সাঁতার এ বছর আয়োজনই করেনি ফেডারেশন! বয়সভিত্তিক সাঁতারে সেরা আরিফুল ইসলাম ও সোনিয়া খাতুন। মুর্শিদাবাদে দূরপাল্লার সাঁতারে ৮১ কিলোমিটারে সোনা জেতে আশিকুর রহমান।
অ্যাথলেটিকসের অবস্থাও বিবর্ণ। জাতীয় অ্যাথলেটিকসে চেনামুখেরই জয়—দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ, মানবী শিরিন আক্তার। ফিলিপাইনে আমন্ত্রণমূলক আন্তর্জাতিক অ্যাথলেটিকসে বিকেএসপির তামান্না আক্তার ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতেন, ১০০ মিটারে সোনা জেতেন আইরিন আক্তার। তবে অ্যাথলেটিকসের আলোচিত ঘটনা ইতালিতে আট বছর পলাতক থাকা সাফ গেমসের সোনাজয়ী অ্যাথলেট হার্ডলার মাহফুজুর রহমান মিঠুর দেশে ফিরে কারাবাস। কারাতে দিল্লিতে কমনওয়েলথ কারাতেতে দলগত রুপা জেতে। মেয়েদের কুমিতে সোনা জেতেন মাউন জেরা বর্ণা। এ বছর এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ হয়েছে ঢাকায়। গ্রুপ পর্বেই বিদায় বাংলাদেশের।
ঢাকায় হয়েছে বাংলাদেশ ওপেন আন্তর্জাতিক ব্যাডমিন্টন, সেখানেও আলো ছড়াতে পারেননি দেশি শাটলাররা।
বছরটা ছিল হারানোরও। লোকান্তরিত হন জাতীয় হকি দলের সাবেক তারকা খেলোয়াড় জুম্মন লুসাই ও মির্জা ফরিদ আহমেদ মিলু। জাতীয় দলের সাবেক ভলিবল খেলোয়াড় নজরুল ইসলামও চলে গেছেন না-ফেরার দেশে।